← All writing

অসহায়ত্ব কি জীবনেরই অংশ?

Personal3 min read2026-11-26 · Hasibul Islam

অসহায়ত্ব কি জীবনেরই অংশ?

> আব্বুর ক্যান্সার তখন সম্ভবত থার্ড স্টেজে। এর মধ্যেও হয়তো আমার বাবা স্বপ্ন দেখছেন, ভালো হয়ে যাবেন। তীব্র ব্যাথা সহ্য করতে না পেরে ডাক্তারের কাছে গেলেন, আমাকে নিয়ে। আমাদের সিরিয়াল আসার অপেক্ষায় বসে আছি। অথচ, আমাদের পরে এসে অনেকে হসপিটালের পরিচিত লোকদের ধরে, আগেই ডাক্তার দেখায়ে আসলো। আব্বু বলতেছিলো, আমি অনেক অসুস্থ, আমার সিরিয়ালটা একটু আগে দিয়ে দেন। তাও কাজ হলো না। আমি অসহায় দৃষ্টিতে আব্বুর দিকে তাকিয়ে আছি। মনের মধ্যে ঐ ক্ষোভটা এখনো রয়ে গেছে ডাক্তারের এসিট্যান্টের প্রতি। পরেও অনেকবার তাকে দেখেছি, কিন্তু ঘৃণার দৃষ্টিতে।

> আব্বু মারা যাওয়ার পর আমার মায়ের উপর পাহাড়সম চাপ, নানামুখী বাধা সামলাতে হচ্ছে। কলেজে ঢাকা পড়াকালীন এক বন্ধে বাসায় আসলাম। এক দূর আত্মীয়ের কাছে কিছু টাকা পেতেন আম্মু। সে বার ঘুরাচ্ছিলো আম্মুকে। আমার মা একদিন ফোন দিয়ে কেঁদে দিলেন, আমার ছেলেরা ঠিক মতো খেতে পায় না। আমার টাকা গুলা দরকার, একটু ব্যবস্থা করে দাও। আমি ছেলে হয়ে সেই দৃশ্য নিজের চোখে দেখলাম। আমার মনে হচ্ছিলো, এর চেয়ে বেশি অসহায়ত্বের আর কি হতে পারে আমার জন্যে? এর চেয়ে দূরে দূরে থাকাই ভালো, অন্তত নিজের চোখে এই দৃশ্য দেখা লাগবে না।

> কলেজে থাকাকালীন আব্বুর বন্ধুর বাসায় থাকতাম। একবার তারা সবাই কোথায় যেন ঘুরতে গেলো। আমাকে বলেও যায়নি, চাবি দিয়ে যায়নি। আমি বাইরে থেকে এসে দেখি বাসায় তালা দেয়া। ফোন দেয়ার পর আন্টি বললেন, আমরা তো বাইরে আসছি, বাসায় আসতে সময় লাগবে। আমি বাসার নিচে দাড়ায়ে দাড়ায়ে কাঁদছিলাম। পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছিলো নিজেকে। আশে পাশে মানুষ আমার দিকে তাকাচ্ছিল, কি ভেবেছিলো, জানিনা।

> কলেজে থাকাকালীন একবার আন্টিদের বাসায় মেহমান আসলো। বাসায় সকাল বেলা ভালো রান্না বান্না হলো। তাও খেয়াল করলাম ১১টার পরে আমাকে ডাকা হচ্ছেনা। পরে পাশের রুমের ফিসফিসানি শুনতে পাচ্ছিলাম, নাস্তা তো শেষ। সবাই নাস্তা পেলো, একজন পেলো না। সেটা ছিলাম – আমি। মনে মনে নিজেকে জিজ্ঞেস করলাম, আমিই কি তাহলে এই বাসার সবচেয়ে গুরুত্বহীন মানুষ?

> বিশ্ববিদ্যালয়ের হলে নতুন উঠেছি। আমার জন্মদিন, ঐদিন রাত ১২:৩০ এর দিকে কমন রুমে র‍্যাগিং এর উদ্দেশ্যে ডাক পড়লো। ইচ্ছা করেই আমার উপর বেশি টার্গেট করা হলো। রাত ২;৩০ বা ৩ টায় সবাই ছাড়া পেলো। বাকিসময় আর আমার ঘুম আসেনি। তিতুমীর হলের দোতলার কোণায় দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ। মনে হচ্ছিলো, আমাকে দুর্বল ভাবে, আমাকে ডিফেন্ড করার কেউ নেই দেখেই আমার উপর বেশি অবিচার হচ্ছে। ভোর পর্যন্ত অপেক্ষা করলাম। ফজরের আজানের পর আম্মু কে কল দিলাম, নিজেকে শান্ত করার জন্যে।

> আমার মেঝো ভাইয়ের নটর ডেম কলেজের ভাইভা। সবাইকে সিরিয়ালে দাঁড়িয়ে ছিল। সবাই ফর্মাল ড্রেসে, একজন ছাড়া। সেটা আমার ভাই। একটা ফর্মাল ড্রেস পর্যন্ত নাই, এই দৃশ্য দেখে নিজে নিজে অনেক অসহায়বোধ করছিলাম। তবু আল্লাহ সহায় হলেন, সে চান্স পেয়ে গিয়েছিলো।

> বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হলাম। চোখের সামনে দুইটা রাস্তাঃ হয় বিদেশ, নাহয় দেশে বিসিএস। বাইরে এপ্লাই করতে হলেও আমার হাতে কিছু টাকা পয়সা দরকার। আইইএলটিএস, জিআরই এর ফি সহ আর অনেক খরচ। অন্যদিকে, বিসিএস এর দিকে গেলে পড়াশুনা করা লাগবে অনেক, নিজেকে সময় দিতে হবে। আমি বোধ করলাম, আমি এক লুপে আবদ্ধ হয়ে গিয়েছি, এই লুপ থেকে বের হতে পারছিলাম না। যদি আমি পড়াশুনায় ফোকাস করি ও সময় দেই, তাহলে আমার টিউশনি ছাড়তে হবে। টিউশনি ছেড়ে দিলে আমি খরচ জোগান দিতে পারবো না। আবার, খরচ জোগান না দিতে পারলে বিসিএস এর প্রস্তুতি ক্ষতিগ্রস্থ হবে। নিজে নিজে অসহায় বোধ করছিলাম। আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আল্লাহ! তুমি আমার পথ কে সহজ করো। আল্লাহ সহজ করে দিলেন। প্রথম বারেই সুপারিশপ্রাপ্ত হয়ে গেলাম। তাও চাকরিরত অবস্থায় লিখিত প্রিপারেশন নিয়েছিলাম, সারাদিন খাটা খাটনি করে, মাত্র ৬০ দিনের রিটেন প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলাম।