← All writing

শেষ পাতার আগে (২য় খন্ড)

Fiction15 min read2025-06-07 · Hasibul Islam

শেষ পাতার আগে (২য় খন্ড)

আজ লাইব্রেরিতে ঢোকার সময় মনে হলো, দরজার খোলা শব্দটাও যেন আলাদা। ছায়া ঘন, বাতাস কিছুটা আর্দ্র। প্রথমেই গেলাম ‘ইতিহাস’ বিভাগে—সেই ধাঁধার সূত্র ধরে। “যেখানে ইতিহাস হয়ে ওঠে ব্যক্তিগত”—এমন বাক্য তো কোনো সাধারণ পাঠকের লেখা নয়। সেই তাকের নিচের সারিতে, যেখানে বেশিরভাগ পুরনো বই থাকে, আমি খুঁজতে শুরু করলাম। চোখ আটকালো একটি বইয়ে—“স্মৃতির দিনগুলি”। মোটা কভারের বই, লেখকের নাম জানা নেই, কিন্তু ভেতরের পাতাগুলো খুলতেই স্পষ্ট অনুভব করলাম, কারো হাত এখানে কিছু রেখে গেছে। ১৭৬ নম্বর পৃষ্ঠায় ভাঁজ করে রাখা একটি সাদা কাগজ, তাতে ছাপা অক্ষরে নয়—হাতের লেখায় লেখা:

> “একটা গল্প বলি?

একটা মেয়ের, যে নিজের চারপাশে দেয়াল তুলে রাখে,

কিন্তু ভিতরে সে একা নয়—তার ভেতরে এক আকাশ কথা থাকে।

সে কথা বলে শব্দে নয়, সংকেতে, ছায়ায়, ছেঁড়া পাতায়।

তুমি কি শুনতে পারো সেই নীরবতা?”

এই লেখা পড়ে আমার দম বন্ধ হয়ে এলো। কারণ এই প্রথম সে নিজেকে সরাসরি আংশিকভাবে উন্মুক্ত করলো। প্রথমবার সে গল্প বললো নিজের। আগে প্রতিটি ক্লু ছিল কবিতার ছায়ায় ঢাকা, ধাঁধার মোড়কে রক্ষিত, কিন্তু এইবার সে যেন নিজেকে গল্পের চরিত্রে রূপান্তর করলো। এমন স্বীকারোক্তি কি ইঙ্গিত দিচ্ছে তার গভীর একাকীত্বের? নাকি সে চাচ্ছে আমি তাকে হৃদয় দিয়ে বুঝি, কেবল বুদ্ধি দিয়ে নয়?

কাগজটার পেছনে লেখা ছিল আরেকটি ইঙ্গিত—

> “কখনও ‘কালো’ মানেই অন্ধকার নয়। কখনও তা হয়ে ওঠে প্রকাশের ভাষা।

সেখানে খুঁজো, যেখানে কালো অক্ষরের ফাঁকে নীল কালি কাঁদে।”

এইবার আমি বুঝে গেলাম—পরবর্তী ক্লু হয়তো সেইসব বইয়ের দিকে যাবে, যেগুলোতে কেউ হয়তো নীল কালি দিয়ে মন্তব্য করে গেছে। কিংবা হয়তো পেন্সিল দিয়ে দাগ কেটে রেখেছে। আমি ফিরে গেলাম সাহিত্য বিভাগের দিকে, যেখানে পাঠকদের লেখা, নোট অথবা আঁচড় প্রায়শই দেখা যায়।

‘আত্মজীবনী’ অংশে গিয়ে হাতে নিলাম জীবনানন্দ দাশের রচনাবলী। উল্টোতে গিয়ে দেখি, একটি পাতায় নীল কালিতে লেখা—

> “আমি কোথাও যেতে চাই না,

কেবল চাই কেউ আমার চিঠিগুলো পড়ে,

না পড়ে ফেলে না দেয়।”

আমি বুঝলাম, এটি তার লেখা। এবং এইবার, আমার হৃদয়ের কোথাও কিছু কেঁপে উঠলো। হয়তো কারণ এইবার সে শুধু আমাকে নতুন ক্লু দিচ্ছে না, বরং নিজের অসহায়তা, একাকীত্ব আর চাওয়ার কথাও জানাচ্ছে।

আমি বইয়ের একটি খালি জায়গায় লিখে এলাম—

> “তোমার চিঠিগুলো আমি ফেলিনি,

বরং বুকের গহীনে রেখেছি।

তুমি শব্দে না বললেও, আমি তোমার ছায়াকে স্পর্শ করতে শিখে যাচ্ছি ধীরে ধীরে।”

লাইব্রেরি থেকে বেরিয়ে আসার সময় মনে হলো, আমরা দুইজন যেন কোনো চুপচাপ সময়ের করিডোরে পাশাপাশি হেঁটে যাচ্ছি—কেউ কারো দিকে চায় না, অথচ প্রতিটি কদমে একে অপরের নিকটে আসছি। আমাদের যোগাযোগ এখন কেবল খোঁজার নয়—এটা হয়ে উঠেছে এক রকমের বোঝাপড়ার অধ্যায়। যেমন কনফুসিয়াস বলেছিলেন—"The silent understanding between two minds is more profound than words."

এখন আমি অপেক্ষায় আছি তার পরবর্তী সংকেতের। এই সম্পর্ক আর শুধু কৌতূহলের নয়—এটা এক আত্মিক যাত্রা, যেখানে প্রতিটি ক্লু হয়ে উঠছে একটি সেতু, আর প্রতিটি বাক্য হয়ে উঠছে একটি দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি।

সেই দিনটা ছিল মেঘলা, যেন আকাশ নিজেও কিছু বলতে চায় কিন্তু শব্দ খুঁজে পায় না। সকাল থেকেই মনে হচ্ছিল কেমন এক শূন্যতা আমায় ধীরে ধীরে গ্রাস করছে। কিন্তু এই শূন্যতার মাঝেও আমি জানতাম, আজকে আমি আবার কিছু খুঁজতে যাব। লাইব্রেরির পথ যেন আগের চেয়েও পরিচিত, কিন্তু প্রতিবার নতুন একটা অজানা আশঙ্কা নিয়ে পা ফেলি। আজকের খোঁজ শুরু করবো জীবনানন্দের সেই পাতার পাশে থাকা আরেকটি বই দিয়ে—‘নীল অপরাধ’। কারণ আগের চিরকুটে যে "নীল কালি কাঁদে" কথাটা ছিল, তার রেশ এখনো রয়ে গেছে মাথায়।

‘নীল অপরাধ’ বইটি ছিল ধুলোয় ঢাকা। বাইরের কভারে ছোপ ছোপ দাগ, হয়তো কোনো ভিজে হাতের ছাপ। পাতা উল্টাতে উল্টাতে আমি পৌঁছালাম ৬১তম পৃষ্ঠায়। ঠিক সেইখানেই পাতার কোণায় একখানা পাতলা কাগজ, যেন হাওয়ায় উড়ে যেতে চেয়েছিল, কিন্তু কারো অপেক্ষায় আটকে গেছে।

লেখা ছিল:

> "আমি শব্দে কিছু বলি না, তবু তুমি পড়ে ফেলো,

এই যে খেলা—তুমি চাইলে থামাও,

আমি থেমে যাব, কাগজ আর কালি ফুরোলে,

কিন্তু আমার দেখাও না চাইবে তুমি একদিন।

তুমি কি প্রস্তুত?"

আমি স্থির হয়ে বসে রইলাম কিছুক্ষণ। বুঝলাম, এইবার সে আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছে। এই মায়াবী সংযোগ—যার মাঝে রয়েছে কেবল কাগজ আর ছেঁড়া বাক্য—তার ভেতরেও সে স্পষ্ট করতে চাইছে, আমি যেন বুঝি, সে কোনো ছেলেমানুষি খেলায় নেই। এই যোগাযোগ তার কাছে মনের এক বিস্ময়কর পলায়ন, আর আমি হয়তো সেই জানালার একমাত্র পাঠক।

কিন্তু তার প্রশ্নটা আমাকে দ্বিধায় ফেলে দিলো—“তুমি কি প্রস্তুত?” প্রস্তুত কীসের জন্য? কোনো দৃশ্যমান সম্পর্কের জন্য নয়, নিশ্চয়ই নয়। তাহলে কি প্রস্তুত তার অস্তিত্বের গভীরে যাওয়ার জন্য?

বইটির শেষ পৃষ্ঠায় ছোট করে একটি ইঙ্গিত ছিল:

> “ছায়া যেখানে আলো ছুঁয়ে ফিরে আসে, সেখানে দেখো—কোনো এক মূক কণ্ঠ কাঁদে।”

আমি অনেক ভেবেও বুঝে উঠতে পারছিলাম না, ইঙ্গিতটা ঠিক কোথায় নিয়ে যেতে চায়। তবে মনে পড়লো, লাইব্রেরির উত্তর প্রান্তে একটি জানালার পাশে পুরনো এক চেয়ার আছে, যেটা আলো ও ছায়ার খেলা তৈরি করে বিকেলে। সেইখানে বসা একজন বৃদ্ধকে প্রায়শই দেখি, যিনি পত্রিকা পড়েন না, বই পড়েন না, শুধু বসে থাকেন—চুপচাপ। সেই চেয়ারটার নিচেই খুঁজে পেলাম পরবর্তী চিহ্ন—একটি সাদা খাম, যার মধ্যে ভাঁজ করা কাগজে লেখা ছিল,

> “যেখানে কেউ পড়ে না, সেখানেই রেখে গেলাম সবচেয়ে পড়ার মত কথা।”

এবার আমি নিশ্চিত হলাম—আমরা কেবল ক্লু বিনিময় করছি না, আমাদের মধ্যে একধরনের মানসিক খেলা চলছে। আমি যতটা জানার চেষ্টা করছি, সে ঠিক ততটাই আমাকে না জানিয়ে সামনে টেনে নিচ্ছে।

আমি একটি বই বেছে নিলাম—‘তিতাস একটি নদীর নাম’। আমি চেয়ারটির নিচে ঐ খামের উপরেই সংকেত লিখে দিলাম “তিতাস একটি নদীর নাম”, যেনো সে সহজেই খুজে পায়। বইয়ের ভেতরে একটি সাদা পৃষ্ঠা খুলে আমি লিখলাম—

> "তুমি থেমে যাবে বললে, আমি থামবো না।

কারণ থেমে গেলে, এই পথ হারিয়ে যাবে।

তুমি দেখাও না চাইলে, তবু আমি দেখবো—

তোমার রেখে যাওয়া ছায়ায়, শব্দের নিচে, ধাঁধার ফাঁকে।"

চিরকুটটা সেই পাতার মাঝখানে রেখে, ধীরে বেরিয়ে এলাম লাইব্রেরি থেকে। বাইরে তখন বৃষ্টি নেমেছে, শব্দহীন। সেই মুহূর্তে মনে হলো, এই অদৃশ্য যোগাযোগ—এটা একপ্রকারের প্রতিক্রিয়া, ঠিক নিউটনের তৃতীয় সূত্রের মতো, যেখানে প্রতিটি বোধ, প্রতিটি কবিতা এক সমতুল্য আবেগের জন্ম দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো—এই প্রতিক্রিয়ার শেষ কোথায়?

দিনগুলি যেন ধীরে ধীরে রঙ হারাতে শুরু করেছে। কিংবা আমিই এখন কেবল একটিমাত্র রঙ খুঁজি—সেই অদেখা মেয়েটির রেখে যাওয়া কালি, তার ছুঁড়ে দেওয়া ধাঁধা, তার চোখে না দেখা অথচ অনুভবে প্রতিধ্বনিত হয়ে থাকা আত্মার এক ছায়া। আজকাল পৃথিবীর বাকিটুকু যেন কুয়াশার ভেতর চলে গেছে, শুধু লাইব্রেরি আর বইয়ের পাতা আমার সামনে স্পষ্ট। বাবা-মায়ের কণ্ঠস্বর, পাশের বাড়ির কাকিমার গলা, বন্ধু সেলিমের গল্প—সব এখন পেছনে পড়ে থাকা এক ঝাপসা ব্যাকগ্রাউন্ড। আমি যেন একা এক যুদ্ধে নেমেছি, অথচ অস্ত্র আমার হাতে নেই—শুধু শব্দের উপর ভরসা, অনুভূতির মর্মে বিশ্বাস।

সেদিন বিকেলে, ঝিরঝিরে বাতাসে ছায়াপথ ভেসে বেড়াচ্ছিল ঘুড়ির মতো। আমি লাইব্রেরিতে প্রবেশ করলাম একটু বেশি উদ্দীপ্ত মন নিয়ে। গতবার ‘তিতাস একটি নদীর নাম’ বইয়ের ভেতর আমি রেখে এসেছিলাম আমার চিঠি, কিন্তু কে জানে সে পেয়েছে কিনা! সংশয়ের মধ্যেই আমি লাইব্রেরিয়ান দুলাল কাকুর টেবিলের কাছে গিয়েই থমকে দাঁড়ালাম—তার পেছনের শেলফে দেখা গেল ‘তিতাস’ বইটি নেই। দুলাল কাকু চোখ তুলে বললেন, “আজ সকালে কে যেন নিয়ে গেছে বইটা, ছেলের মতো না, হাতে ছিল সাদা ওড়না।” আমি চমকে উঠলাম—এত তাড়াতাড়ি! তাহলে সে এসেছিলো।

মনের মধ্যে হালকা আলো জ্বলে উঠলো। এই যে দু’জন মানুষ, পরস্পরকে না চিনেই এমন একটি খেলা খেলছে, যেখানে শুধু বইয়ের পাতা, কবিতা, ধাঁধা আর নীরব চিঠি—এইটাই আমাদের পরিচয়। আমি ভেবেই নিতে পারি, আজও সে কিছু রেখে যাবে আমার জন্য।

অনুমান করলাম টেবিলের ওপর রাখা কোনো বইতেই সে হয়তো কোনো সংকেত রেখে গিয়েছে। লাইব্রেরির পশ্চিম কোণার ছোট টেবিলটির ওপর রাখা ছিল “নৈঃশব্দ্যের শব্দ” নামক একটি বই। সে বইটা আগে চোখে পড়েনি কখনও। পৃষ্ঠাগুলো উল্টাতে উল্টাতে ৩৯ নম্বর পৃষ্ঠায় এসে থমকে গেলাম। পাতার মাঝখানে গোল করে একটি শব্দ দাগানো—“অস্তিত্ব”, এবং তার নিচেই পাতার এক কোণে পেন্সিলে লেখা ছিল—

> "যে আমাকে খুঁজে পায়, সে আমাকে হারায় না।

তবে জানো কি, মানুষ তার প্রতিচ্ছবিকে কখনো স্পর্শ করতে পারে না।

তুমি কি জানো আমি কে?

তুমি কি জানো আমি কোথায়?"

সাথে ছিল আরেকটি শব্দ—“অরণ্যদিনের অরুণ আলো”।

প্রথমে বুঝতে পারিনি ওটা কিসের সংকেত। অনেকক্ষণ মাথা চুলকে মনে পড়লো—‘অরণ্যদিনের অরুণ আলো’ নামে একটি ক্ষীণ প্রবন্ধ ছিল জীবনানন্দ দাশের লেখার মধ্যে, যেটি স্থানীয় কলেজ লাইব্রেরির পত্রিকায় একবার পড়েছিলাম। দ্রুত ছুটে গিয়ে পুরনো সাহিত্য সাময়িকীর সংগ্রহের দিকে গেলাম। সেখানে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম—একটি বিশেষ সংখ্যার ভাঁজের ফাঁকে ছিল কাগজের টুকরো, তাতে লেখা ছিল:

> "তুমি যদি ছায়ার পেছনে দৌড়াও, আলো তোমার সামনে থাকবে না।

আমি ছায়া, তুমি আলো—তুমি পেছনে ঘুরলে আমি সামনে হারিয়ে যাই।

তুমি যদি থেমে যাও, আমি খুঁজে নিতে পারি ঠিকানা।

তুমি কি থামতে পারো?"

আমার ভেতরটা হিম হয়ে গেল। এই মেয়েটি কেবল একটি ক্লু দিচ্ছে না, বরং আমার মানসিকতা নিয়ে খেলছে। যেন পরীক্ষা নিচ্ছে—আমি কতোটা মনোযোগী, কতোটা ধৈর্যশীল, আর কতোটা দূর আগাতে প্রস্তুত।

আমি আর দেরি করলাম না। ফিরে এলাম “নৈঃশব্দ্যের শব্দ” বইয়ের কাছে। শেষ পৃষ্ঠায় একটি ফাঁকা জায়গা ছিল। আমি লিখলাম—

> "তুমি ছায়া হতে চাও বলেই হয়তো আলোর মতো আমাকে দেখে যাও

আর আমি আলো হতে পারি না বলেই, ছায়ায় তোমাকে খুঁজি।

তুমি যদি না বলো, আমি শুনবো না—তবে লিখে যাও, আমি পড়তে শিখেছি।

আমি এখন থামছি না। তুমি চাইলে থামাতে পারো।"

চিরকুট রেখে যখন বই বন্ধ করলাম, জানালার বাইরে সূর্য ডুবে গেছে, কিন্তু আলো এখনো রয়ে গেছে মনের মধ্যে। হয়তো সেই আলোই আমাকে পথ দেখাবে, একদিন, যখন আমি জানতে পারবো তার নাম, তার মুখ, তার সবকিছু।

কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে—সে কি আমাকে তার কাছে যেতে দেবে?

প্রত্যাশা অনেক সময় নিজেই নিজের ভারে ভেঙে পড়ে। লাইব্রেরির প্রতিটি করিডোর, প্রতিটি তাক, প্রতিটি বইয়ের পাতায় আমি তার ফেরার আভাস খুঁজেছি—যেমনভাবে সমুদ্রের ঢেউ চায় ফিরে আসুক কূলভাঙা জোয়ার। অথচ আজ দশ দিন হয়ে গেল, সে নেই। ‘নৈঃশব্দ্যের শব্দ’ বইয়ের শেষ পাতায় আমি যে চিরকুট রেখে এসেছিলাম, তার পর আর কোনো প্রতিক্রিয়া এল না।

প্রথম দু’দিন ভাবলাম, হয়তো ব্যস্ত, কিংবা ইচ্ছে করে দেরি করছে—আমার ধৈর্য পরীক্ষা নিতে। তৃতীয় দিন ভেবেছিলাম, হয়তো ভুল বইয়ে রেখে এসেছে উত্তর, খুঁজতে পারিনি। পঞ্চম দিনে মনে হলো—হয়তো অন্য লাইব্রেরিতে গেছে। সপ্তম দিনে সমস্ত সম্ভাবনার দরজা বন্ধ হয়ে গেল। আজ দশম দিন। আজ আমি বই পড়ছি না, খুঁজছি। যেন শব্দগুলো আমার চোখে জ্বলছে, প্রতিটি বইয়ের ভাঁজে আমি তার আঙুলের ছোঁয়া খুঁজি, কালি দিয়ে আঁকা কোনো গোপন সংকেত, কিংবা অচেনা হাতের লেখার একটুকরো রেশ।

কিন্তু কিছুই নেই।

এই অনুভূতি একেবারে নতুন নয়, তবুও এবার বেশি সত্য, বেশি প্রগাঢ়। কারণ আমি জানি, সে এসেছে। একসময় সে এখানে এসেছিল। আমি অনুভব করতে পারি, লাইব্রেরির ওই ছোট জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে ছিল বাইরের মহীরূহের দিকে, হয়তো আমার অপেক্ষাতেই ছিল, কিংবা আমাকে অবজ্ঞা করেই চলে গিয়েছিল। কে জানে? অচেনা মানুষের আচরণ কখনো কখনো পরিচিতজনের চেয়ে বেশি ধাঁধাজনক হয়ে ওঠে।

সেদিন সন্ধ্যেয়, লাইব্রেরি থেকে ফেরার পথে খুব মন্থর পায়ে হেঁটে ফিরছিলাম। হাওয়ার গতি থেমে গিয়েছিল, রাস্তার ধুলোও আজ নির্জন। ‘কেন সে আর আসছে না?’—এই প্রশ্ন আমাকে ছায়ার মতো অনুসরণ করছিল। চিরন্তন উত্তরহীনতার মতো, বারবার নিজেকে প্রশ্ন করেছি, আমি কি কোনো ভুল করেছি? ‘তুমি যদি থেমে যাও, আমি খুঁজে নিতে পারি ঠিকানা’—এই লাইন তো সে-ই লিখেছিল। তবে এখন যখন আমি তার জন্য স্থির হয়ে দাঁড়িয়ে আছি, সে তাহলে সরে গেল কেন?

এই সময়েই আমার মধ্যে এক নতুন উপলব্ধি জন্ম নিল। বইয়ের পাতায় শব্দের যে প্রেম জন্ম নিয়েছে, তা কেবল রহস্য নয়, দায়বদ্ধতাও। আমি কেবল ধাঁধা সমাধান করিনি, আমি তাকে উপলব্ধি করার চেষ্টা করেছি। আমি চেয়েছি তাকে জানাতে, বুঝতে, তার ছায়ার মুখোমুখি হতে। অথচ এখন সে নেই। কেবল নিঃশব্দতা, আর বইয়ের তাকের ধুলো জমে থাকা কিছু স্মৃতি।

কিন্তু আমি হাল ছাড়ব না।

এখন আমি বই খুঁজি না কেবল—আমি তাকে খুঁজি।

আজ রাতে ঠিক করলাম, আগামীকাল থেকে আমি তার অস্তিত্বের ছাপ খুঁজে বের করবো বইয়ের বাইরেও। হয়তো কোনো সহপাঠী, কোনো বান্ধবী, কিংবা লাইব্রেরিয়ান দুলাল কাকুর অসাবধানী কথা আমাকে কোনো দিক দেখিয়ে দিতে পারে। যদি কেউ একবারও তাকে দেখে থাকে বইয়ের সামনে দাঁড়িয়ে, যদি কারও মনে পড়ে যায় একটি মেয়ে, যার পরনে ছিল সাদা ওড়না আর চোখে ছিল এক অনন্ত প্রশ্ন—তাহলেই আমি শুরু করতে পারি।

সে যে কে, আমি জানি না। কিন্তু আমি জানি, সে আছে।

তাকে খুঁজে পাওয়ার ইচ্ছাটা আর কৌতূহল নয়, এখন যেন এটা হয়ে উঠেছে আমার জীবনের এক অনিবার্য প্রয়াস—যেন অনন্ত জটিল এক অঙ্কের সমাধান, যার শূন্যে পৌঁছানো মানেই আত্মপরিচয়ের মুক্তি। বইয়ের পাতা বন্ধ হয়ে গেছে, কোনো নতুন সংকেত আসছে না, অথচ আমি জানি—সেই নামহীন, চঞ্চল মেয়েটি ছিল, এবং সে এখনও কোথাও আছে। এই বিশ্বাস নিয়েই আমি আজ লাইব্রেরির বাইরেও চোখ বাড়ালাম। লাইব্রেরিয়ান দুলাল কাকুর কাছে গিয়ে কিছু না-জানার অভিনয় করে জিজ্ঞেস করলাম, "কাকা, গত কিছুদিন ধরে এখানে কেউ কি রোজ নিয়মিত আসছিল, বিশেষ করে কোনো মেয়ে?" কাকার চোখে একটু বিস্ময়, তারপর তাকে ভুলিয়ে ভালিয়ে মুখ থেকে স্বীকারোক্তি নিলাম, “সাদা ওড়নার এক মেয়ে মাঝেমধ্যে এসেছিল, ছিমছাম, চোখে চশমা... কিন্তু বেশ কিছুদিন হলো আর আসে না।” আমার হৃদপিণ্ড কেমন জানি থেমে যেতে চাইল এক মুহূর্তের জন্য। আমি আর কিছু বলিনি, শুধু ধন্যবাদ দিয়ে ফিরে এলাম।

এরপর প্রতিটি সম্ভাব্য সূত্রে ঝুঁকে পড়লাম। সেদিন এক পুরনো সহপাঠী, মাহিনকে জিজ্ঞেস করলাম—“তোর পরিচিত কারও মধ্যে কি কেউ এই লাইব্রেরিতে নিয়মিত আসে?” মাহিন একটু ভেবে বলল, “ইশরাত নামের একটা মেয়ে ছিল, উঁচু ক্লাসের, খুব বই পড়ে, কিছুদিন আগে পর্যন্ত লাইব্রেরির আশপাশেই দেখা যেত।” নামটা মনের ভেতরে ঢেউ তুলল, কিন্তু নিশ্চিত হতে পারলাম না।

পরের দিন দুপুরে, শহরের যে কটি মেয়ে-বিদ্যালয় আছে, তার সামনে দিয়ে একটু একটু করে হেঁটে যাই, যেন কল্পনার জাল ফেলে বাস্তবকে ধরে ফেলতে চাই। বিদ্যালয়ের ইউনিফর্ম, ব্যাগ, চোখের দিকে তাকিয়ে কারও মুখে সেই পরিচিত রহস্যের ছায়া খুঁজে বেড়াই। একজনকে দেখে একটু থমকে যাই—কিন্তু তার চোখে ছিল না সেই গভীরতা, সেই বিদ্রুপ, সেই হেয়ালিপূর্ণ সংকেত যা আমাকে ধাঁধার ভেতর রাখত। আমি হতাশ হই না, বরং আরও জেদ পেয়ে বসে।

সন্ধ্যায় লাইব্রেরির পুরনো রেজিস্ট্রার খাতা ঘাঁটতে ঘাঁটতে দেখলাম একটা পৃষ্ঠা, যেখানে পেন্সিলে লেখা নাম প্রায় মুছে গেছে, কিন্তু শেষের দিকের কয়েকটি অক্ষর টিকে আছে—“...aat” কী হতে পারে নামটা? ইশরাত? নাকি অন্য কিছু? বারবার মিলিয়ে দেখি, সেই হাতের লেখার শৈলীতে মিল আছে, অদ্ভুতভাবে পরিচিত লাগে। ঠিক তখনই মনে পড়ল, সে একবার একটি চিরকুটে লিখেছিল: “নামে নয়, ছায়ায় চেনো আমাকে।”

তাহলে কি সে কখনোই পুরোপুরি সামনে আসতে চায়নি?

এতদিন শুধু বইয়ের পৃষ্ঠায় খেলা করেছে সে—আলোর মতন উজ্জ্বল অথচ ধরাছোঁয়ার বাইরের এক অস্তিত্ব। আমি তাকে দেখিনি, জানি না তার উচ্চতা কত, চুলের রঙ কেমন, এমনকি মুখের রেখাও নয়। কিন্তু তার চিন্তার গভীরতা, লেখার ধার, প্রশ্ন করার ধরণ, আর সংকেত রাখার মেধা—এসব তো আমি জানি! যে কোনো সত্যিকারের পরিচয়ের চেয়ে অনেক বেশি গভীর সে।

এখন, আমার সামনে আছে কিছু অস্পষ্ট সূত্র, কিছু ভেঙে পড়া ছায়া, আর এক বিশ্বাস—সে আবার ফিরে আসবে। অথবা আমি তাকে খুঁজে পাব, কারণ এখন আমি তাকে শুধু ভালোবাসি না, বুঝতেও চাই।

আর একদিন, আমি তার সামনে গিয়ে বলব—“তুমি যেখানেই লুকাও, আমি তোমার গল্পের সব অধ্যায় পড়ে ফেলেছি।”

সময়ের নদী স্রোতের বিপরীতে খুব কম কিছুই টিকে থাকে। স্মৃতি হয়তো তার এক ব্যতিক্রম—অন্তত আমার কাছে তো তাই। সময় পেরিয়ে গেছে, লাইব্রেরির কাঠের গন্ধ, পুরনো বইয়ের পাতায় জমে থাকা ধুলোর ঘ্রাণ আর সেই সংকেতপূর্ণ চিরকুটগুলো এখন অতীতের অংশ। অথচ তারা কোথাও এখনো আমার সাথে রয়েছে, অক্ষর হয়ে নয়, অনুভব হয়ে। প্রকৃতির নিয়মে বিষাদ ধীরে ধীরে কমে যায়। আমিও সে নিয়ম মেনেই নিজেকে মানিয়ে নিয়েছিলাম।

অনেকদিন পর হঠাৎ কেনো যেনো সে-সময়কার কথা মনে পড়ে গেলো। মনে প্রশ্ন আসলো, সে কি আসলেই আমার শেষ চিরকুট পেয়েছিল? নাকি আমার চিরকুট পায়নি বলেই আমাদের নীরব কথোপকথনের ইতি ঘটলো? যদি সত্যিই না পেয়ে থাকে, তাহলে তো সে অন্য কোনোভাবে যোগাযোগের চেষ্টা করবে। আমি হলে কি করতাম! যে বইয়ের মাধ্যমে আমাদের প্রথম কথা হয়, সেখান থেকেই হয়তো আবার শুরু করতাম। আমার তীব্র কৌতুহল হলো, সে কি “শেষ বসন্ত” এর মাধ্যমে পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করেছে। নিজেকে স্থীর রাখতে পারছিলাম না, ঐদিন রাতেই বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেই, নিজের কৌতুহল মেটানোর জন্যে। লাইব্রেরি তে গিয়ে “শেষ বসন্ত” বই খোজ করলাম। সেই পুরাতন বইটি খুজে পেলাম। খুজে পেলাম তার ভিন্ন ভিন্ন সময়ের তিনখানা চিরকুট।

প্রথম চিরকুটঃ

> “পাতার কোণে লুকানো ভাষা, কার যেন চেনা শ্বাস,

কেউ কি আমায় ডাকছে দূর থেকে—শুধুই ছায়া পাশে পাশ?

আমি খুঁজি, আমি থামি না, যতবার বইয়ের পাতা উল্টাই,

কে জানে, হয়তো কোনো এক শেষ লাইনে—তুমিই থাকো চুপচাপ!”

আরেকটিঃ

> “আমি লিখি, তুমি কেন পড়ো না—নাকি আর ভালো লাগে না?

উত্তর নেই, অথচ বইয়ের পাতায় এখনো রেখে যাই ভাষা।

কিছুটা অভিমান, কিছুটা খেলা, তুমি কী বুঝতে চাও?

তুমি তো সেই পাঠক, যে শুধু পড়ে... লেখে না”।

শেষটিঃ

> “আজ বইয়ের পাতায় রেখেছি না কোনো শব্দ, না সংকেত,

আজ থেমে যাক আমাদের ছায়া-পথে চলা কথার রথ।

যতটুকু ছিল, ততটুকুই থাক, বাকি আর কিছু নয়,

তুমি ছিলে, থাকবে... কিন্তু এখন থেকে, একা একা পথ”।

সেও হয়তো আমাকে খুজেছে, তার মনেও আমার মতো অনেক অভীমান জমা ছিল। কিন্তু কারো ছন্দ কাউকে আর স্পর্শ করতে পারেনি। মাঝে পার হয়ে গিয়েছে সাতটি বছর। জানিনা সে এখন কোথায় আছে, কেমন আছে, আমাকে মনে রেখেছে কিনা? নাকি আমি তার জীবনে কেবলই কিছু খারাপ স্মৃতি? অথচ আমিও তো খুব করে চেয়েছিলাম, তাকে একবার দেখতে, আরো কাছ থেকে জানতে।

আজও আমি মাঝে মাঝে সেই লাইব্রেরিতে যাই, হাত ধরে তাকিয়ে থাকি সেই কর্নারের দিকে—যেখানে প্রথম ক্লু লুকানো হয়েছিল, যেখানে প্রেমের বীজ বোনা হয়েছিল এক নীরব কবিতার মধ্য দিয়ে।

প্রত্যেক ভালোবাসারই থাকে এক শেষ পৃষ্ঠা, আর সেই শেষ পৃষ্ঠায় লেখা থাকে একেকজনের একেক উপসংহার।