বুয়েট জীবন - স্মৃতিচারণ

অক্টোবর ২০১৮ তে এডমিশন টেস্ট সব-ই মোটামুটি শেষ। এরপরের সময়টা মোটামুটি ভালোই যায়। নিজে না খুজতেই কয়েকটা টিউশন পেয়ে যাই। ঢাকায় বসে বসে টিউশন করছি, আর নিজের ইংরেজির দক্ষতা নিয়ে দুঃখ করছি। এতোদিন তো সব বাংলায় পড়াশুনা ছিলো। এবার তো ইংরেজি, রক্ষা নাই ভালো না পারলে।
ভর্তিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হতে হতে অনেক সময় লাগলো। ক্লাস শুরুর নোটিশ আসলো ২৯ এপ্রিল ২০১৯ থেকে। তার ঠিক আগের দিন আমার বাবা-র মৃত্যুবার্ষিকী। বললাম না, আমার জীবনে সব ভালো খবরের সাথে সাথে একটা করে খারাপ খবরও আসে, প্রত্যেকবার। এবারো তাই হলো। যাই হোক, ২৮ এপ্রিল তারিখে আমি হলে উঠলাম। তিতুমীর হল।
আমাকে হল অফিস থেকে যে রুম বরাদ্দ করলো, ঐরুমে গিয়ে কথা বললাম। সিনিয়র ভাই বললো – রুম তো খালি নাই, তুমি ঊঠবা কিভাবে? মানে, সহজ ভাষায় বললো যে, ঐরুমে উঠা যাবেনা। মানে, আমার জীবনে দুর্দশার সবে শুরু, এখনো সামনে অনেক কিছু বাকি আছে।
সবাই নিজ নিজ এলাকা কিংবা পরিচিত ভাইয়ের ধরে রুম ম্যানেজ করে ফেলছে। আমি না খুজে পেলাম এলাকার কাউকে, না পেলাম পরিচিত কাউকে। নিজের ভেতরে অসহায়ত্ববোধ ক্রমেই গাঢ় হচ্ছে। প্রায় সন্ধ্যার দিকে, এক সিনিয়র ভাই একটা রুম ম্যানেজ করে দিলো। কিন্তু, দুঃখজনকভাবে নিচে ফ্লোরিং করতে হবে। তাও আমি এটা নিয়েই সন্তুষ্ট ছিলাম। পুরোদিনে কোনো খাওয়া-দাওয়া, গোসল কিছুই ঠিক ছিলো না। পরেরদিন এই ভঙ্গুর অবস্থা নিয়ে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাস শুরু করলাম। মোটামুটিভাবে প্রথম দিনের ক্লাস চলে গেলো, পরিচয়পর্ব চললো প্রথম ক্লাসে। ঐদিন বিকেলে এবং সন্ধ্যায় প্রথম বর্ষের ছাত্রদের আলাদা রুমের ব্যবস্থা করে দেয়, একই রুমে আট-নয়জন করে, আমিও অন্য রুমে চলে যাই।
এরপর সময়ের সাথে সাথে অন্য রুম খালি হয়, কেউ কেউ অন্য রুমে চলে যায়। চারজনের রুমে, বেশ শান্তিপূর্ন অবস্থা। আমিও আমার ব্যাচের আরো দুইজনসহ পাচজনের এক রুমে চলে যাই। প্রথম বর্ষের সকল ছাত্রদের মধ্যে দহরম মহরম বন্ধুত্ব শুরু হয়ে গেছে। আর আমি তখনো সবার সাথে কানেক্ট করতেই পারছিলাম না। আমার স্বভাবসুলভ – আগে পরিস্থিতি বুঝতে সময় নেই, তারপর আস্তে আস্তে কমফোর্টজোন তৈরি হলে তারপর ভালোভাবে মিশি। তাই কারণে প্রথমদিকে আমি কাউকেই ভালো বন্ধু বানাতে পারিনি।
এরমধ্যেই শুরু হয়ে গেলো ইমিডিয়েট সিনিয়রদের র্যাগিং পর্ব। একদিন মেকানিক্যালের নতুন ছাত্রদের আগের ব্যাচের ছাত্ররা ডাকে দেখা করা এবং পরিচিত হওয়ার জন্যে। মূলত হালকা পাতলা র্যাগ দেয়া আরকি। আমার এক ব্যাচমেট আমাকে মেসেজ দিলো ঐ ব্যাপারে, আমি তখনো তাকে ভালো করে চিনিও না। আমি রেসপন্স করিনি দেখে, সে গালি দিয়ে আবার মেসেজ দিলো, আমার তো মেজাজ-ই খারাপ হয়ে গেলো এসব দেখে। আমি ব্লক করে দেই। সে ছেলে গিয়ে সিনিয়রদের কাছে আমার নামে কমপ্লেইন দেয়, আমাকে তাদের সাথে দেখা করার ব্যাপারে জানানো হয়েছে, আমি উত্তরে ব্লক করে দিয়েছি। লাগলো এক ঝামেলা। তারা জানে এখানে ভুল বুঝাবুঝি ছিলো, তাও আমাকে যতভাবে প্যাঁচে ফেলা যায় আরকি।
আরেকদিন সবাইকে ডাকলো সিনিয়ররা। আমি ততদিনে পাচ তলা থেকে নেমে দুইতলায় চলে এসেছি। যেহেতু এখনো কোনো ঘনিষ্ঠ বন্ধু হয়নি, তাই আমার কাছে সব আপডেট আসেও দেরি করে। সবাইকে কমন রুমে ডাকা হয়েছে, আমি জানতাম না। আমি আসিনি দেখে আমাকে খোজার জন্যে একজন কে ডাকা হলো। ঐদিন র্যাগারদের কাছে আমি মার্কড হয়ে গিয়েছি। একই ঘটনা ঘটে ২৯ জুনেও। আমার জন্মদিন, সবাই ফেসবুকে উইশ করছে, আমি রিপ্লাই দিচ্ছি। ১২ঃ৪০ এর দিকে হুট করেই এক ব্যাচমেট এসে ডেকে নিয়ে গেলো, সিনিয়র ভাইরা ডাকতেছে। গেলাম। ২০ মিনিট ধরে আমার কৈফিয়ত দিতে হলো, আমার দেরি কেনো? আমি জানিনা কেনো, তার চেয়ে ভয়ানক প্রশ্ন। মানে যাই বলি, তারা আমাকে ছাড়বে না। ঐদিন প্রায় রাত ২/৩ টা পর্যন্ত সবার উপর একটা মানসিক নির্যাতন চলেছিল। যার বেশিরভাগটা-ই গিয়েছে আমার উপর দিয়ে।
তারা মিছিলের জন্যে ডাক দেয়, আন্দোলনের জন্যে ডাক দেয়। আর এসব আমার খুবই বিরক্তিকর লাগতো, আমি যেতে চাইতাম না। বাধ্য হয়ে সবার শেষে যেতাম। এসব কারণেই দুই/তিনজনের সাথে সম্পর্ক খুব-ই তিক্ত অবস্থায় পৌঁছায়। অবশেষে এমন অবস্থায় পৌঁছায় যে, আমি বুঝতে পারছিলাম, আমার পক্ষে আর টিকে থাকা সম্ভব নয়। তারপর সিন্ধান্ত নিলাম, হল ছেড়ে দিবো। একদিন র্যাগ খাওয়ার পর পরেরদিন সকালে ভোরে আমার জিনিসপত্র নিয়ে আমি খালার বাসায় চলে আসি। আমিও মনে মনে ওদের উপর খুব ক্ষিপ্ত ছিলাম। ভাবলাম, আমি যেহেতু হলেই থাকবো না, তাহলে আর এদের ভয় পেয়ে লাভ নেই। এদেরকেও আমি দেখে নিতে চাই।
আমার ডিপার্টমেন্ট হেড স্যারের কাছে মেইল করলাম, প্রথম থেকেই সব ঘটনা লিখে। ভাবলাম, স্যার হয়তো দেখবেও না। কিন্তু পরের দিন সকাল বেলা উঠেই দেখলাম, স্যার মেইলের রিপ্লাই দিয়েছেন। স্যারের সাথে দুপুর ১২ টায় দেখা করতে বলেছেন। আমি আর এক বন্ধু মিলে স্যারের কাছে গেলাম। সব ঘটনা বললাম, বলতে গিয়ে চোখে পানি চলে এসেছে দেখে স্যারও একটু সহানুভূতিশীল হলেন। আমার পাঠানো মেইল ডিএসডব্লিউ (ছাত্রকল্যান পরিচালক) -এর কাছে ফরোয়ার্ড করলেন। আপাতত কিছুদিন হল-এ না থাকার জন্যে বললেন।
ততদিনে আমি জিগাতলায় একটা রুম নিলাম, সেখান থেকেই ক্লাস করি। সম্ভবত ঈদের বন্ধ পড়ে যায়। আমিও বাড়িতে চলে যাই। বন্ধের পর বাড়ি থেকে ঢাকা আসার পথে খবর পেলাম, বুয়েটের এক ছাত্র র্যাগিং এর স্বীকার হয়ে মারা যায়। আবরার ফাহাদ, ১৭ ব্যাচ, ইইই, শেরে-এ বাংলা হল। পুরো বুয়েট স্তব্ধ রীতিমতো। এতোদিন স্যাররা র্যাগিং এর তীব্রতা অনুভব করতে পারছিলো না, এখন তাদের বোধগম্য হলো ভিতরে ভিতরে কি চলছে।
এই হত্যাকান্ডের পরেই র্যাগিং এর ঘটনাগুলোর তদন্ত শুরু হয়। আমি যেহেতু আগেই অভিযোগ করে রেখেছিলাম, আমার অভিযোগটাই বিশেষ প্রাধান্য পায়। আমাকে অনেকবার ডাকা হয়, লিখিত নেয়া হয়, মৌখিকভাবেও অনেক প্রশ্ন করা হয়। অভিযুক্ত এবং প্রত্যক্ষদর্শীসহ সবার সাথে কথা বলে অবশেষে আমার হল থেকে ২২ জন কে হল থেকে বহিষ্কার করা হয়, ৪ জনকে টার্ম সাসপেন্ড করা হয়। আমি কিন্তু অভিযোগ করেছিলাম ৪ জনের নামে, কিন্তু তদন্তে সেটা অনেক দূর গিয়ে গড়ালো। পুরো পরিস্থিতি ১৮০ ডিগ্রী ঘুরে গেলো। এতোদিন আমি হলের আশেপাশে ভিড়তে পারছিলাম না তাদের ভয়ে। এখন সহকারী প্রভোস্ট স্যার নিজে গিয়ে আমাকে রুমে উঠিয়ে দিলেন। আমি হলে ঢুকলাম, তারা হল ছাড়লো। এটাই আল্লাহ-র বিচার। মজলুমের প্রতি অন্যায়ের শাস্তি। এসব কিছুই প্রথম সেমিস্টারের ঘটনা।
এরপর আমি তিতুমীর হলের ৫০৪ নং রুমে উঠি এবং এই রুম থেকেই আমার বুয়েট জীবন শেষ করি। এতোসব জটিলতা এবং মানসিক অবস্থার কারণে প্রথম সেমিস্টারে পড়াশুনার অবস্থা একেবারেই যা-তা ছিলো। এরপর নিজেকে নিয়ে একটু সিরিয়াস হলাম, জীবনে কি কি করতে চাই, চার বছর পর কেমন অবস্থা দেখতে চাই, ইত্যাদি ভেবে কিছু সিদ্ধান্ত নিলাম। একটা আইটি সেন্টারে পাইথন প্রোগ্রামিং শেখা শুরু করলাম। এভাবেই জীবন যাচ্ছিলো। কিন্তু তাও জীবনে সইলো না। করোনা-র তীব্রতা শুরু হয়ে যায়। হল, ক্যাম্পাস সব বন্ধ হয়ে যায়। আমিও বাসায় চলে যাই। প্রায় ৩/৪ মাস বেকার বসে ছিলাম বাসায়। এরপর বুয়েট সিদ্ধান্ত নেয়, আমাদের অনলাইনে ক্লাস নিবে। দ্বিতীয় সেমিস্টারটা অনলাইনেই চললো, পরীক্ষাও অনলাইনেই হলো। কিন্তু বুয়েট বলে কথা, তারা কোনো রকম কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করতে রাজি নয়। গ্রেড সিস্টেম হবে – পাস অথবা ফেইল। কোনো সিজিপিএ দেয়া হবেনা। থার্ড সেমিস্টারও অনলাইনে হলো, কিন্তু পরীক্ষায় এবার গ্রেড দেয়ার ঘোষনা আসলো। যতরকম পরীক্ষার ফেয়ারনেস বজায় রাখা দরকার, সর্বোচ্চ চেষ্টা চালালো বুয়েট কর্তৃপক্ষ।
করোনার প্রভাব শেষে যখন ক্যাম্পাস খুললো, ততদিনে আমরা চতুর্থ সেমিস্টারে উঠে গেছি। জীবন পালটে গেছে, বাস্তবতা ইতোমধ্যে তার কঠোরতা দেখাতে শুরু করে দিয়েছে। আস্তে আস্তে ক্লাসমেটদের সাথে বন্ধুত্ব বাড়ে। হল জীবনও উপভোগ করা শুরু করি। গভীররাতেও বাইরে ঘুরা যায়, পুরান ঢাকায় গিয়ে খাওয়া যায়, কেউ কিছু নিয়ে ঘাটায় না, টিউশনও চলছে। এর চেয়ে শান্তিপূর্ণ জীবন আর কি হতে পারে।
পড়াশুনার পাশাপাশি প্রথম সেমিস্টারে পাইথন শিখেছিলাম। দ্বিতীয় সেমিস্টারে বাসায় বসে বসে “ওয়ার্ডপ্রেস” দিয়ে ওয়েবসাইট ডিজাইন শিখেছিলাম। একই সাথে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট সহ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের জন্যে সব শিখে ফেলেছিলাম। ততদিনে তৃতীয় সেমিস্টার শেষ। ঢাকায় চলে এসেছি। এরপর একটা নিউজ প্রেজেন্টেশন কোর্সে ভর্তি হই। উদ্দেশ্য আসলে নিজেকে চ্যালেঞ্জ করা, কমফোর্ট জোন থেকে বের হওয়া, নতুন মানুষদের সাথে মেশা এবং যা কিছু শিখতে পারি, তা বোনাস। এভাবেই প্রথম চার সেমিস্টার শেষ।
পঞ্ছম সেমিস্টারে উঠে চোখে মুখে শর্সে ফুল দেখার মতো অবস্থা। পড়াশুনার চাপ, প্রজেক্টের কাজ, টিউশন চলছে, ঐদিকে কম্পিউটার সাইন্স ফান্ডামেন্টাল একটা কোর্স করছি অনলাইনে। সি, সি প্লাস প্লাস, পাইথন, ডাটা স্ট্রাকচার ও এলগরিদম, মাই-এসকিউএল, জ্যাঙ্গো ইত্যাদি শিখছিলাম। ঐদিকে মেকাফেস্ট সহ অন্যান্য ফ্ল্যাশ মব কিংবা অনুষ্ঠানেও অংশগ্রহণের চেষ্টা করছি। মার্শাল আর্টও শিখছি। আমি একাই আয়রন ম্যান হয়ে গেলাম, সব সামলাচ্ছি একসাথে।
এতোদিন ইঞ্জিনিয়ারিং ক্লাস গুলো ইঞ্জয় করছিলাম না। কিন্তু আস্তে আস্তে ক্লাসমেটদের সাথে ক্লাস ইঞ্জয় করা শুরু করেছি। ষষ্ঠ সেমিস্টারে উঠে ডাটা সাইন্স ও মেশিন লার্ণিং কোর্স করছি, মার্শাল আর্টস চালিয়ে যাচ্ছি, টিউশন চালিয়ে যাচ্ছি। আর বিরক্তিকর ক্লাস এবং ল্যাবও চালিয়ে যাচ্ছি। অনেক বন্ধু বান্ধবরা রিসার্চ গ্রুপে যুক্ত হয়ে কাজ শুরু করা শুরু করে দিয়েছে। আমি তখনো দ্বিধাদ্বন্দ্বে আছি। একটু দেরি করেই সুমন স্যারের গ্রুপে জামির সাথে যুক্ত হয়ে গেলাম। ষষ্ঠ সেমিস্টারের শেষ দিকে একটা রিসার্চ পেপার লিখার জন্যে উঠে পড়ে লাগলাম। স্যারকে যখন তখন বিরক্ত করি, জামিকেও বিরক্ত করি। সব লিখা, সিমুলেশন এবং অন্যান্য ঝামেলা শেষ করে পেপার পাবলিশ হয়ে সময় লাগলো ছয় মাসের বেশি। পেপার পাবলিশ হবার মতো মানসিক শান্তি অন্য কিছুতে পাওয়া যায় না।
ফাইনাল ইয়ারে থিসিসের প্যারা শুরু হয়ে গেলো। সুপারভাইজার ডঃ মামুন স্যার। খুব ইচ্ছা ছিলো মেশিন লার্নিং কিংবা নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করবো। আমার টিমমেট নোমান বার-বার সাবধান করার পরেও আমি আমার সিদ্ধান্তে অনড়। টপিক পছন্দ করলাম, মেশিন লার্নিং দিয়ে টু-ডি ফ্লুইডের সিমুলেশন। যত দিন যায়, দিন দিন কনফিডেন্স নষ্ট হচ্ছে, মিলাতে পারছিলাম না কিছুই। ঐদিকে ফ্ল্যাশ মব, কালচারাল প্রোগ্রাম, মার্শাল আর্ট এসবে সময় দিয়েও কুল পাচ্ছি না। একদিন স্যার রীতিমতো থ্রেট দিয়ে বসলো, ঈদের দুই সপ্তাহ বন্ধের মধ্যে যদি কাজের অগ্রগতি না দেখাতে পারো, তাহলে গ্রেডের উপর প্রভাব পড়বে। বাড়িতে গিয়ে এটা নিয়ে উঠে পড়ে লাগলাম। নোমান তো পারে না, তাকে দোষও দেয়া যায় না। কারণ, কাজটা তো আমিই জোর করে নিয়েছিলাম। অবশেষে শেষ পর্যন্ত সিমুলেশন মিলায়ে স্যারের কাছে গেলাম ঈদের পর। স্যার কিছুটা খুশি, আবার কিছুটা আমতা আমতা করছে। কোনো ভ্যালিডেশন নাই।
এর মধ্যে থিসিস প্রি-ডিফেন্স চলে আসছে। ঐদিকে ব্যাচ র্যাগ মব নাচানাচির দিনও একই তারিখে। দুপুর বেলায় ফ্ল্যাশমবে নাচানাচি করে বিকেলে থিসিস প্রি-ডিফেন্স দিলাম। স্যাররা এতোটা স্যাটিসফাইড না হলেও ডিফেন্সের জন্যে আশাবাদী ছিলো। খুব একটা ঝাড়ি দেয় নাই।
আবারো আরেকটা থ্রেট দিলো, ভ্যালিডেট করে তারপর নিয়ে আসো। সাথে সুসংবাদও দিলো, যদি সেটা করো তাহলে তোমাদের এ+ দিবো, কথা দিচ্ছি। অনেক খোজাখুজি করে দুইটা রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট এর সাথে আমাদের সিমুলেশনকে ভ্যালিডেট করে স্যারকে দেখালাম। স্যার যা যা চাইলো, তার চেয়ে বেশি সিমুলেট করে প্রেজেন্ট করলাম আমরা। এবার স্যার পুরোপুরি সন্তুষ্ট। থিসিস ডিফেন্সও মোটামুটি ভালোই গিয়েছে। শেষ পর্যন্ত থিসিসে আমাদের এ+ দেয়া হলো।
ফাইনাল সেমিস্টারে অন্য কোর্সের চাপ তুলনামূলক কম ছিলো। বলতে গেলে সবচেয়ে রিলাক্সিং সেমিস্টার ছিলো শেষ সেমিস্টার। পরীক্ষা দিলাম বুয়েট জীবনের শেষ সেমিস্টার ফাইনাল। মস্তিষ্ক আর নিতে পারছে না, কোনোভাবে পরিত্রাণ চায় এসব ভয়ংকর পরীক্ষা থেকে। অনেক কষ্টে সবগুলো পরীক্ষা শেষ করলাম। ফলাফল প্রকাশ হলো এবং আমাদের হল-এ থাকার বৈধতা আনুষ্ঠানিকভাবে শেষ। ২ জুলাই ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে হল থেকে বিদায় নিলাম। বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
বিশ্ববিদ্যালয় স্নাতক জীবনের এই সময়টাতে অনেক প্রাপ্তি আছে, অনেক অপ্রাপ্তি আছে। অনেক ভালো স্মৃতি আছে, অনেক খারাপ স্মৃতি আছে। নিজের শক্তিকে চিনতে সহযোগিতা করেছে, নিজের সীমাবদ্ধতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমার অস্তিত্বের সাথে জড়িয়ে আছে আমার বিশ্ববিদ্যালয়ের নাম, যে পরিচয় আমাকে বাকিজীবন বহন করতে হবে। এবং আমি তার জন্যে গর্বিত।