বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা বনাম ইসলাম

ধরুন, ‘ক’, ‘খ’ ও ‘গ’ তিনজন ব্যক্তি কোনো ব্যাংক অথবা সুদ ব্যবস্থা থেকে ১০ টাকা করে ঋণ নিলো, এই মর্মে যে, ১ বছর পর তারা ১২ টাকা করে ফেরত দেবে। ঐ সমাজব্যবস্থায় ধরে নিচ্ছি, তিনজন লোক-ই আছেন। এখন প্রশ্ন হচ্ছে, মার্কেটে আছে সর্বমোট ৩০ টাকা। বছর শেষে তারা ৩৬ টাকা ব্যাংক-কে ফেরত দিবে কিভাবে? উপায় তিনটা। প্রথম উপায়ঃ ‘ক’, ‘খ’ ও ‘গ’ নিজেদের মধ্যে কম্পিটিশন করবে, ধোকা দিয়ে হোক, প্রতারণা করে হোক অথবা জোরপূর্বক হোক, পরস্পর থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করবে। এতে করে, নিশ্চিতভাবে-ই কমপক্ষে একজন কে পরাজিত হতে হবে।
দ্বিতীয় উপায়ঃ ব্যাংক থেকে পুনরায় অন্য একটি ঋণ নেয়া। যার মাধ্যমে আগের ঋণ পরিশোধ করবে এবং বাকিটা পরের বছরের জন্যে ঋণ হিসেবে জমা থাকবে। তৃতীয় উপায়ঃ ঋণ পরিশোধ করতে না পারা। এতে করে, ব্যাংক তার সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবে। তাহলে গোটা সিস্টেম-টা তে যে যে সমস্যা দেখা দিচ্ছেঃ প্রথমতঃ ‘ক’, ‘খ’ ও ‘গ’ কে নিজেদের পরস্পর প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিচ্ছে, যার প্রভাব হিসেবে সমাজে অস্থিরতা, প্রতারণা, অবৈধ পন্থা সহ অন্যান্য সমস্যা সৃষ্টি করছে। দ্বিতীয়তঃ মার্কেটে আছে ৩০ টাকা, অথচ ব্যাংকের হিসেবে অর্থ ৩৬ টাকা। বাকি ৬ টাকা ঘাটতি থেকেই যাচ্ছে মার্কেটে। তৃতীয়তঃ কেউ না কেউ সহায় সম্বল হারানো নিশ্চিত। অর্থাৎ, তার আর্থিক অবস্থা খারাপ থেকে খারাপতর হবে। চতুর্থতঃ পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলা অথবা টাকার জন্যে ছুটে চলা শুধুমাত্র ‘ক’, ‘খ’ ও ‘গ’ ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ। অন্যদিকে, যে ব্যাংক ব্যাবস্থা পরিচালনা করছে, সে বিনা পরিশ্রমে-ই আরো টাকার মালিক হয়ে গেলো। এবং চক্রবৃদ্ধি হারে তার টাকা বাড়তেই থাকবে। অন্যদিকে, সাধারণ মানুষ কেউ না কেউ হারাতেই থাকবে।
প্রত্যক্ষ প্রভাব ছাড়াও আরো অনেক মারাত্মক পরোক্ষ প্রভাব রয়েছে। যেমনঃ অর্থ-কে এক অদৃশ্য প্রভু হিসেবে স্বীকার করে নেয়া। অর্থ যাদের কাছে কেন্দ্রীভূত, তারা-ই ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে যাবে। পৃথিবী আরো বেশি পুজিবাদী ধারণার দিকে এগিয়ে যাবে। নব্য উপনিবেশবাদ এর অনুকূল পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। যেমনঃ চীন শ্রীলঙ্কা-কে প্রচুর অর্থ ঋণ দিয়েছিল, যার বিনিময়ে হাম্বান্টোটা বন্দর প্রায় ১০০ বছরের জন্যে লীজ নিয়ে নেয়। আবার, ইসরায়েল প্রচুর অর্থনৈতিক সাহায্য সহযোগিতার নামে মরক্কো সহ আরো অনেক দেশের মুখ বন্ধ করে রেখেছে, তারা এখন চাইলেও ইসরায়েল এর বিরুদ্ধে কথা বলতে ভয় পাবে। তার মানে, যতদিন এই ব্যবস্থা টিকে থাকবে, ততদিন অর্থ-ই হবে পৃথিবীর রুলার। সে-ই ফেডেরাল রিজার্ভ এর মালিক বিহাইন্ড দ্য সিন থেকেই অর্থের উপর অর্থ বানাতেই থাকবে, যাদের কে কেউ আসলে চিনবেও না। অথচ, মানুষ তাদের পাপেট হয়ে থাকবে।
এখন প্রশ্ন আসতেই পারে, তারা এতো অর্থ জমিয়ে করবে কি? হোয়াট নেক্সট? অর্থ থাকলেই তার পাওয়ার আছে? উত্তর হলোঃ হ্যা, বর্তমান ব্যবস্থায় আছে। ঐ অর্থ দিয়ে তারা নিজেদের মিডিয়া সৃষ্টি করবে, নিজেদের ডিফেন্স ব্যবস্থা তৈরি করবে, নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করবে, নিজেদের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে। ক্রমশ, সকল জায়গায় নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে নিবে। তার মানে, পৃথিবী আসলে ভারসাম্য থেকে ধীরে ধীরে দূরে সরে যাবে।
এক্ষেত্রেও প্রশ্ন আসতে পারে, অর্থ থাকলেই কি তারা সব নিয়ন্ত্রণ নিয়ে নিতে সক্ষম হবে? একটা উদাহরণ দেয়া যাকঃ ধরুন, আপনি কোমল পানীয় কিনতে গেলেন, দোকানে একটা বিদেশী জনপ্রিয় ব্র্যান্ড এবং একটি দেশি ব্র্যান্ড, সমান দামে বিক্রি করছে। আপনি কোনটা কিনবেন? ৯০ শতাংশ মানুষ, বিদেশী জনপ্রিয় ব্র্যান্ডটা-ই কিনবে। পুজিবাদী অর্থ ব্যবস্থায়, বড় মাছ ছোট মাছ কে গিলে খাবে, এটাই বাস্তবতা। ফলে, লোকাল ব্র্যান্ডটা-র রেভিনিউ কম হবে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট-এ বাজেট কম হবে, মান উন্নয়ন কম হবে, অধিক দক্ষ জনবল নিয়োগ করতে পারবে না। ক্রমশ, সে মার্কেট থেকে বিদায় হয়ে যাবে। মার্কেট বিদেশী ব্র্যান্ড এর দখলে চলে যাবে। আবার, বিপরীত দিক থেকে চিন্তা করা যাক, একজন দক্ষ লোক চাকুরির ক্ষেত্রে বিদেশী কোম্পানি তে চাকুরি করা কেই বেশি প্রেফারেবল হিসেবে মনে করবে। যার কারনে, প্রতিযোগিতার মাধ্যমে, দক্ষ লোকবল বিদেশী কোম্পানিটির অংশ হয়ে যাবে। ফলে, দেশি ব্যবসা প্রতিষ্ঠান দাড়াতেই পারবে না।
আরেকটা উদাহরণ দেয়া যেতে পারে, ফেসবুক এর পাশাপাশি যখন ইন্সটাগ্রাম এবং হোয়াটসএপ জনপ্রিয় হয়ে ওঠে, মার্ক জাকারবার্গ দুটো কোম্পানিই কিনে নেন, যেনো মার্কেটে নতুন কোনো কম্পিটিটর ঢুকতে না করে। সোশ্যাল মিডিয়া ইউনিপোলার-ই থেকে যায়। ফেসবুক মাদার কোম্পানি-ই সর্বেসর্বা হিসেবে প্রতিষ্ঠিত থেকে যায়।
অর্থাৎ, পুজিপতিরা সমাজে দৃশ্যমান এবং অদৃশ্যমান প্রভাব সৃষ্টি করবে। সাধারণ মানুষ তাদের মেধা এবং পরিশ্রম ব্যয় করে পুজিপতিদের হয়ে কাজ করবে, বিনিময়ে অর্থ পাবে। আবার, তাদের পন্য ক্রয় করবে এবং তাদের অর্থ তাদের কাছেই ফেরত আসবে। এই চক্রে তারা কিছু আধুনিক দাস সৃষ্টি করবে, যারা আয় ও ব্যায়ের চক্রে ঘুরতেই থাকবে। কখনোই পুজিপতি হতে পারবে না। অন্যদিকে, পুজিপতিদের অর্থ বাড়তেই থাকবে।
তাহলে, সুদ ব্যবস্থা গোটা সিস্টেমটাকে-ই নেতিবাচকভাবে প্রভাবিত করছে। আরো সমস্যার জন্ম দিচ্ছে এবং কিছু এলিট দের অধীন বানিয়ে দিচ্ছে বিশ্বকে। আবার প্রথম উদাহরণ-এ ফেরত আসা যাকঃ মার্কেটে আছে ৩০ টাকা, ব্যাংক এর হিসেবে আছে ৩৬ টাকা। এখন অতিরিক্ত কিছু টাকা মার্কেটে ছাড়লেই তো সমস্যা সমাধান হয়ে যায়, নাকি?
আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি মার্কেটে বর্তমানে মোট টাকার পরিমান আছে ১০ টাকা এবং সম্পদ আছে ১০ টি ক্যান্ডি। তাহলে, এক টাকার বিনিময়ে একটি ক্যান্ডি পাওয়া যাবে। এখন, মার্কেটে নতুন করে অতিরিক্ত ১০ টাকা ইনজেক্ট করা হলে, মোট টাকার পরিমাণ দাঁড়াবে ২০ টাকা, কিন্তু সম্পদের পরিমাণ আগের মতোই থাকবে, ১০ টি ক্যান্ডি। তাহলে, প্রতিটি ক্যান্ডির বর্তমান মূল্য গিয়ে দাঁড়াবে ২টা টাকা। অর্থাৎ, বাজারে নতুন টাকা ছাড়া কোনো ইফেক্টিভ সল্যুশন এনে দিবে না, বরং ইনফ্লেশন, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, মানি কনসেন্ট্রেশন ইত্যাদি আরো অনেক সমস্যা সৃষ্টি হবে।
এবার তাহলে ইসলাম কি সল্যুশন দেয়, সেখানে আসি। আগের উদাহরণ টা আবারো টানা যাক। ‘ক’, ‘খ’ ও ‘গ’ ইসলামী ব্যবস্থায় ১০ টাকা করে ধার নিলো। এই ব্যবস্থায়, দাতার সাথে গ্রহীতার প্রভু-ভৃত্যের সম্পর্ক হবে না। বরং, সম্পর্ক হবে সহযোগী। যদি, গ্রহীতা লাভবান হয়, তাহলে দু পক্ষই সমান লাভ ভাগাভাগি করবে। যদি ক্ষতির সম্মুখীন হয়, তাও উভয় পক্ষ ভাগাভাগি করে নিবে। ধরা যাকঃ পরিশ্রম এবং সম্পদ কাজে লাগিয়ে বছর শেষে ‘ক’ ১৪ টাকা অর্জন করলো, ‘খ’ ১০ টাকা অর্জন করলো, ‘গ’ ৮ টাকা অর্জন করলো। তাহলে, ‘ক’ ১০ টাকা পুজি পরিশোধ করবে এবং লাভের পঞ্চাশ শতাংশ হিসেবে অতিরিক্ত ২ টাকা পরিশোধ করবে। ‘খ’ যেহেতু কোনো টাকাই লাভ অথবা লোকসান করেনি, সে পুরো টাকাই ফেরত দিবে। ‘গ’ তার ৮ টাকা পরিশোধ করবে এবং বাকি লোকসান দুপক্ষ ভাগাভাগি করে নিবে এবং ভবিষ্যতে পরিশোধ করে দিবে।
এই ব্যবস্থায় যদি কেউ তার পুজি পরিশোধ করার মতো অর্থ যদি কখনোই সঞ্চয় করতে না পারে, তাহলে সমাধান কি আছে? হ্যা, আছে। যাকাত ব্যবস্থার মাধ্যমে ধনী-রা ঋণগ্রস্থকে তাদের উদ্ভুত অর্থ নির্দিষ্ট পরিমাণে দেয়ার মাধ্যমে তাদের দায়িত্ব পালন করবে এবং তাকে ঋণ থেকে মুক্ত করবে। ফলে, সমাজের ধনী গরীব পার্থক্য ক্রমশ কমে আসবে। শান্তিপূর্ন সহাবস্থান সৃষ্টি হবে এবং অল্পসংখ্যক কিছু ধনীদের দাসে পরিনত হবেনা।
এবার চিন্তা করুন, শুধু সুদ কে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা গেলে-ই পৃথিবীর অর্থেক সমস্যা সমাধান করা কঠিন কিছু কীনা? আল্লাহ কি তাহলে নিরর্থক ভাবে, সুদ কে আল্লাহর সাথে যুদ্ধ করার সামিল বলেছেন?
> • “হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যে সমস্ত বকেয়া আছে, তা পরিত্যাগ কর, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। অতঃপর যদি তোমরা পরিত্যাগ না করো, তবে আল্লাহ ও তাঁর রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। কিন্তু যদি তোমরা তওবা করো, তবে তোমরা নিজেদের মূলধন পেয়ে যাবে। তোমরা কারো প্রতি অত্যাচার করো না এবং কেউ তোমাদের প্রতি অত্যাচার করবে না”। (সূরা-বাকারা, আয়াতঃ ২৭৮)
> • ‘সুদের অর্থ দিয়ে যা-ই বৃদ্ধি করুক না কেন অল্পই কিন্তু তার শেষ পরিণাম।’ (ইবনে মাজাহ, ২২৭৯)
> • আবু হুরায়রা হতে বর্ণিত হয়েছে যে — রাসূল মুহাম্মাদ বলেন, “ছয়টি ধ্বংসাত্মক পাপ (কবিরা গুনাহ) থেকে বেঁচে থাকো।” সাহাবারা জিজ্ঞেস করলো, “হে আল্লাহর রাসুল ! কী সেগুলো?” তিনি বললেন, “আল্লাহর সাথে অন্য কাউকে ইবাদতে শরিক করা, জাদুবিদ্যার চর্চা করা, (ইসলামী আইন অনুযায়ী) সৎ কারণ ব্যতিরেকে কাউকে হত্যা করা, সুদ খাওয়া, এতিমের সম্পদ খাওয়া, যুদ্ধের ময়দানে লড়াইয়ের সময় শত্রুর কাছ থেকে পিঠ দেখিয়ে পলায়ন করা, সতী-সাধ্বী নারী ― যারা কখনো অশ্লীল কোনো কিছু চিন্তাও করে না এবং উত্তম মুমিনদের বিরুদ্ধে অভিযোগ আনয়ন করা।"
> • সুনান ইবনে মাজাহ অনুযায়ী, ইসলামের রাসূল মুহাম্মাদ রিবাকে নিজ মায়ের সাথে ব্যভিচার করার চেয়েও নিকৃষ্ট বলে ঘোষণা করেন। উক্ত হাদিসে তিনি বলেন, রিবার ৭০ টি পাপ। তন্মধ্যে ন্যূনতম পাপ হল নিজ মায়ের সাথে ব্যভিচার করা আর নিকৃষ্টতম রিবা হল কোন মুসলিমের সম্মান নষ্ট করা। আরেক হাদিসে মুহাম্মদ জেনেশুনে এক দিরহাম সুদ খাওয়াকে ৩৬ বার ব্যভিচার করার সমতুল্য বলেন।