← All writing

Whsiper of The Hearts

Fiction8 min read2024-02-11 · Hasibul Islam

Whsiper of The Hearts

ফারিহার সাথে তাহেরের পরিচয় বিশ্ববিদ্যালয়ে ওঠার পর। দুজনেই একই ডিপার্টমেন্ট এর শিক্ষার্থী। যদিও প্রথম কথা হয় ক্লাস শুরুর প্রায় তিন মাস পর। একদিন হঠাৎ ফারিহা এসে তাহের কে বললো, তুমি কি ক্যান্টিনে যাবা? গেলে আমার জন্যে কিছু খাবার নিয়ে এসো। আমার নামতে ইচ্ছে করছে না। এই বলে হাতে ৫০ টাকা দিয়ে দিলো। তাহের উত্তর দিলোঃ আচ্ছা। কিন্তু কোন খাবার আনতে হবে, সে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছে। সে তার পছন্দ মতো পয়ত্রিশ টাকার খাবার কিনে এনে বাকি টাকা ফারিহা কে ফেরত দেয়। এভাবেই তাদের কথা বলা শুরু হয়।

ফারিহা নামের মেয়েরা সুন্দরী হয়। এই মেয়েটিও তার ব্যতিক্রম নয়। বরং একটু বেশিই রূপবতী, যার দিকে তাকানো যায় না। তাকালেই মনে হয় চোখ ঝলসে যাচ্ছে। তাহেরের সাথে ফারিহার টুকটাক কথাবার্তা বাড়ে, বন্ধুত্ব হয়, ঘনিষ্ঠতা বাড়ে। সম্পর্ক ‘তুমি’ থেকে ‘তুই’ তে নেমে আসে।

এভাবে প্রায় দেড় বছর কাটে। ফারিহার কিছু বৈশিষ্ট্য তাহেরের অনেক পছন্দ। যেমন – তার মধ্যে কিছু নাটকীয়তা আছে। সব কিছু কেমন যেনো নাটকীয় ভাবে প্রকাশ করে। আরেকটা বৈশিষ্ট্য হলো, স্পষ্টবাদিতা। নিঃসঙ্কোচে মনের কথা বলে ফেলা। ফারিহা কে ধীরে ধীরে তাহেরের পছন্দ হয়ে যায়।

একটা সময় এমন দাঁড়ায় যে, দুজনই দুজন কে পছন্দ করছে, তা ভালোবাসা পর্যায়ে চলে গেছে, দুজনেই তা বুঝতে পারছে, তাও বন্ধু হিসেবেই সম্পর্ক এগিয়ে যাচ্ছে। স্বভাবগতভাবে তাহের কিছুটা ভীতু প্রকৃতির, সেটা ফারিহা ভালো করেই জানতো। তাই সে নিজেই স্বীদ্ধান্ত নিলো, যা করার সে নিজে করবে।

একদিন ক্লাস শেষে গল্প করতে করতে হুট করেই ফারিহা তাহের কে একটা ভাঁজ করা টিস্যু দেয়। বললোঃ “সাবধান! এটা কোনোভাবে নষ্ট করবি না। এর মধ্যে অনেক কিছু আছে। আমার সামনে খুলবি না। আমি যাওয়ার পর খুলবি”। সে দিনের মতো ফারিহা চলে আসলো।

পথে আসতে আসতে তাহের টিস্যু টা খুললো। টিস্যু পেপারের মধ্যে সুন্দর করে ফারিহা একটা ছোট চিঠি লিখেছে। মেয়েটা যেমন মিষ্টি, তার হাতের লিখাটাও মিষ্টি, তাহের মনে মনে ভাবলো। চিঠি তে লিখাঃ “আমি সবসময় ভাবতাম, অনেক সাহসী এবং বুদ্ধিমান কাউকে জীবনে পছন্দ করবো। কিন্তু কখনো তোর মতো ভীতু আর বোকা কাউকে পছন্দ করে ফেলবো, ভাবিনি। আমি জানি, তুইও আমাকে পছন্দ করিস। মেয়েদের চোখ দুটো হলেও, ঐ দুটা চোখ দশটা চোখের সমান। তাদের চোখ ফাকি দেয়া অসম্ভব। তাও তোর উত্তরের অপেক্ষায় থাকলাম”।

তাহেরের ঐ মুহুর্তের অনুভূতি কেমন, সে নিজেও বুঝতে পারছে না। ভাবছে, এই মেয়ে এতো নাটকীয় কেনো? অবশ্য তার নাটকীয়তাই তার বেশি পছন্দ। না, তার সব কিছুই আসলে পছন্দ, কোনো কিছুই অপছন্দের না। পরের দিন সে ক্লাসে যাবে কিনা, এটা নিয়ে দ্বিধায় ভুগছে। ফারিহার মুখোমুখি হতে কেমন যেনো সঙ্কোচ কাজ করছে। কিভাবে উত্তর দিবে এই চিঠির, সে বুঝে উঠতে পারছে না। প্রত্যেকবার কোনো কনফিউজিং পরিস্থিতির স্বীকার হলে ফারিহার পরামর্শ নিতো। এবার সে সুযোগটাও নেই।

শেষে স্বীদ্ধান্ত নিলো, একটা গোলাপ উপহার দিয়ে উত্তর দেবে। কিন্তু সমস্যা তো অন্য জায়গায়, সহপাঠীরা ফুল দিতে দেখলে সর্বনাশ। অবশ্য সহপাঠীরা কি ভাবলো, সেটা ফারিহা তোয়াক্কা করে না। ফারিহার দিক থেকে সমস্যা না হলেও তাহেরের দিক থেকে সেটা সমস্যা।

পরের দিন ক্লাসে দেখা হলো দুজনের। দুজন দুই বেঞ্চে। আজকে কারো সাথে কারো কোনো কথা নেই। ফারিহা অপেক্ষা করছে তাহের এসে কথা বলবে। অপরদিকে, তাহের বুঝতে পারছে না, কিভাবে কি বলবে। ফারিহার মোবাইলে একটা টেক্সট পাঠালো, ক্লাস শেষে নিচে অপেক্ষা করিস। ফারিহা উত্তর দিলো, ওকে। ক্লাস শেষে দুজনের দেখা হলো। স্বাভাবিক কথা বার্তা বলতে বলতে ক্যাম্পাস থেকে বের হলো। ক্যাম্পাস থেকে বের হবার পর, তাহের ব্যাগ থেকে গোলাপের তোড়া বের করে ফারিহার হাতে দিলো। ফারিহা হাসিমুখে ফুলগুলো নিলো। এই হাসির কাছে পৃথিবীর সমস্ত হাসি হার মানবে। কিন্তু পরক্ষণে যা বললো, তা শুনে তাহের বিরক্ত। ফারিহা বলে ঊঠলোঃ “বাবাহ! আমার বন্ধুটা এতো রোমান্টিক, জানতাম না তো। আবার লজ্জাও পায়!” এভাবে লজ্জা না দিলে কি হতো না! লজ্জায় কিছুই বললো না তাহের। শুরু হয় তাদের নতুন অধ্যায়। ফারিহা এখন আর ‘তুই’ শুনতে চায় না তাহেরের মুখে। তাদের সম্পর্ক আবারো ‘তুই’ থেকে 'তুমি’ তে নেমে আসে।

তাহের জিজ্ঞেস করেছিল ফারিহা কে, এতোকিছু থাকতে কেনো টিস্যু পেপারে বলতে হলো? ফারিহা উত্তর দিলো – আমার সব কাজেরই অর্থ থাকে, আমি ভেবে চিন্তেই করি সব। টিস্যু পেপারে লিখারও অর্থ আছে। আমি আমার প্রিয় মানুষদের সাথেই এভাবে কমিউনিকেট করি। এটার আরেকটা অর্থও আছে। টিস্যু পেপার অল্পেই নষ্ট হয়ে যায়, তাই একে যত্ন করে রাখতে হয়। আমি যাকে চিঠি দিচ্ছি, সে আমাকে কতটা গুরুত্ব দিচ্ছে, সে বোঝার একটা প্যারামিটার হচ্ছে এটা। যদি সে আমাকে গুরুত্ব দেয়, তাহলে সে আমার চিঠিগুলো যত্ন করে রাখবে, নষ্ট হতে দিবেনা। আর যদি গুরুত্ব না দেয়, তাহলে সহজেই নষ্ট করে ফেলবে।

এভাবে তিন বছর পার হয় প্রেমের সম্পর্কের। গত তিন বছরে তাহেরের হাতে টিস্যু পেপারে লিখা চিঠি এসে জমা হয়েছে প্রায় তিনশোর মতো। প্রত্যেকটা চিঠি তে উল্লেখ করা থাকে, কত নং চিঠি। তাহের মাঝে মাঝে অবাক হয়, এই মেয়ে এতো গোছানো কেনো? শুধু কাজের ক্ষেত্রেই গোছানো নয়, কথা বলায়ও গোছানো। যাকে যুক্তি তর্ক দিয়ে হারানো যায় না। মাঝে মাঝে তার নিজেকেই ফারিহার অযোগ্য মনে হয়। তাদের বিয়ের কথা বার্তা শুরু হয়। কিছুদিনের মধ্যে বিয়ে হয়েও যায়।

আরো দুই বছর পার হয়। তাদের বিয়ের দুই বছর পূর্ন হতে আর অল্প কিছুদিন। বিয়ের পর দেখা গেলো, দুজন দুজনের যে বৈশিষ্ট্য গুলো পছন্দ করতো, ঐ একই বৈশিষ্ট্য গুলোই দুজনের অপছন্দ। তাহেরের অভিযোগ – সংসার জীবনে সিরিয়াস হতে হয়। ছোট ছোট বিষয়ে নাটকীয়তা না করলে হয় না? সংসারে সবার সাথে চলার জন্যে কিছু সময় মুখ বন্ধ রাখতে হয়, সহ্য করে নিতে হয়। কিন্তু ফারিহা তো তা নয়। তার মাথায় যেটা চলছে, সে তা-ই বলে দেয়। মাঝে মাঝে সমস্যাও বাড়ায় এসব।

অপরদিকে ফারিহার অভিযোগ – পুরুষ মানুষদের হতে হয় দায়িত্বশীল, চোখ কান খোলা। যেটা তাহের এর মধ্যে একদমই নেই। মনে হচ্ছে, তাহের ঘরের কর্তা না, বরং সে নিজেই কর্তা। সব কিছু তার নিজের সামলানো লাগে। মাঝে মাঝে মানসিক শক্তি জোগানোর জন্যে হলেও পুরুষ মানুষকে স্ত্রী কে উৎসাহ দিতে হয়, তার মধ্যে এসব কিছুই নেই। এমন অনুভূতিহীন মানুষ দিয়ে জীবন চলা কঠিন।

ছোট খাটো বিষয় নিয়ে তাদের মনোমালিন্য হয়। এসব মাঝে মাঝে অসহ্য লাগে ফারিহার। তার চেয়ে অসহ্য লাগে তার শাশুড়ির কথা। যখনই তাদের জামাই-বউ এর ঝগড়া লাগে, তার শাশুড়ি তখন তীর্যক বাক্য ছোড়ে – এই কারণেই আমি নিষেধ করেছিলাম, সমবয়সী বিয়ে করতে না। আমার কথা তো তখন শুনে নাই। তাইতো এখন এই অবস্থা।

আগামীকাল তাদের বিয়ের দুই বছর পূর্ণ হবে, অথচ তাহেরের সেদিকে কোনো খেয়ালই নেই। ফারিহাও এবার ইচ্ছা করে জানায়নি। সেও দেখতে চায়, তার গুরুত্ব এখনো আছে কিনা তাহেরের কাছে। রাত বারো টা বাজলেই তাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী। তাহের বাসায় আসলো রাত সাড়ে নয় টায়। ফারিহা বুঝার চেষ্টা করলো, তাহেরের কিছু মনে আছে কিনা! কিন্তু কোনো লক্ষণ না দেখে সে হতাশ।

তাহের এসে বলছে, কালকে অনেক কাজের চাপ। তাড়াতাড়ি ঘুমাতে হবে। তার কথা শুনে ফারিহার গা জ্বলে যাওয়ার মতো অবস্থা। তাও কিছু বললো না। রাত সাড়ে দশটায় সে ঘুমিয়ে গেলো। ফারিহা রাগে বিড়বিড় করতে লাগলো, এর সাথে সংসার করা অসম্ভব। হতাশ ও বিরক্ত হয়ে সেও ঘুমিয়ে গেলো।

ফোন কলের যন্ত্রনায় ফারিহা ঘুম থেকে ঊঠলো রাত দেড় টায়। এই সময় কল দেয় কে! ঊঠে দেখে তাহেরের কল। সে গেলো কই? ফোন কল ধরলো ফারিহা, অপর পাশ থেকে তাহের বললো – ড্রেসিং টেবিলের ওপর তোমার জন্যে একটা জিনিস আছে, দেখো! এক্ষুণি দেখো!

ফারিহা উঠে গিয়ে দেখলো, একটা লাল গোলাপ , তার নিচে একটা টিস্যু পেপার। সেখানো লিখা – দ্রুত ছাদে আসো। আমি অপেক্ষা করছি। এই লিখা দেখে দ্রুত দৌড়ে ছাদে গেলো ফারিহা। ছাদে গিয়ে হতবাক সে। ফানুস, কেইক আর গিফট বক্স প্রস্তুত করে রেখেছে তাহের। সাথে সারা ছাদ জুড়ে মোমবাতি সাজানো। ম্যাজিকের মতো মন ভালো হয়ে গেলো ফারিহার। অপদার্থ টা তাহলে পুরোপুরি অপদার্থ না, কিছুটা পদার্থও আছে তার মধ্যে। তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী সেলেব্রেশন শেষ করে বাসায় ফেরত আসলো দুজনে।

তাহের ঘুমিয়ে গিয়েছে। কিন্তু অধিক খুশিতে ফারিহার ঘুম চলে গিয়েছে। হঠাৎ মনে পড়লো, গিফটটা তো খোলা হলো না, কি আছে এতে? খোলার পর দেখতে পেলো – একটা ডায়েরি। প্রথম থেকে শেষ পর্যন্ত ফারিহার দেয়া সব চিঠি স্বচ্ছ ট্যাপ দিয়ে লাগানো, যেনো চিঠিগুলো নষ্ট না হয়, আবার ভালোভাবে লিখাগুলো পড়াও যায়। এই মুহুর্তে ফারিহার মনে হচ্ছে, সোনা বা হিরার কোনো গয়না উপহার পেলে যতটা না খুশি হতো, তার চেয়ে সে বেশি খুশি হয়েছে। সারা রাত ধরে সে নিজের লিখা চিঠিগুলো পড়েই কাটিয়ে দিলো। মনে হচ্ছে যেনো, আগের দিনগুলো তে ফিরে গিয়েছে সে।

সকাল বেলা তাহের ঘুম থেকে উঠে ফারিহার একটা দীর্ঘ চিঠি পেলো, সে চেনাজানা উপায়ে, টিস্যু তে লিখা পত্র। পড়তে শুরু করলো তাহেরঃ “আগের দিন পর্যন্ত আমার মনে হচ্ছিলো, তোমার মতো কেয়ারলেস একজন মানুষের সাথে আর একদিনও থাকা যায়না। কিন্তু এখন মনে হচ্ছে, এমন মানুষটার সাথে হাজার বছর একসাথে থাকা যায়। কিন্তু আমার মনে হচ্ছে আমি নিজেকে হারিয়ে ফেলছি। আমি দিন দিন তোমার মতো হয়ে যাচ্ছি, আর তুমি দিন দিন আমার মতো হয়ে যাচ্ছো। I WANT MYSELF BACK!” – তাহের পড়ছে আর হাসছে। “আচ্ছা, চিঠি তো ৬/৭ টা মিসিং, তুমি নিশ্চয়ই আমাকে এখন আর আগের মতো পছন্দ করোনা, তাই না? অন্য কাউকে পছন্দ হয়েছে নাকি?” – মেয়েটার বাচ্চামি আর গেলো না, ভাবছে তাহের। মনে হচ্ছিলো যেনো সে-ই আগের ফারিহা কে ফেরত পাওয়া যাচ্ছে, স্পষ্টবাদী ও চঞ্চলতায় মুখর সে মেয়েটা আবার ফেরত এসেছে, যার দিকে তাকিয়ে সারা জীবন পার করে দেয়া যায়।