NO MERCY!!

শহর গুলো তে একটা অন্যরকম মোহ আছে, এখানে কেউ কারো না, তবুও কেউ শহর ছাড়তে চায় না। “Survival of the Fittest” কথাটা যদিও ডারউইন অন্য অর্থে বলেছে, কিন্তু এ কথাটা নগর জীবনের ক্ষেত্রে পুরোপুরি সত্য। বিশেষ করে ঢাকা শহরের ক্ষেত্রে।
আমি যখন জীবনের একটা পর্যায়ে এসে প্রথম ঢাকায় আসলাম, সব কিছু দেখে অল্পেই মুগ্ধ হয়ে যেতাম। কিন্তু সে মুগ্ধতা এখন আর নেই। বরং কোনো কিছুতেই এখন মুগ্ধতা কাজ করে না এখন আর। যান্ত্রিকতার ভিড়ে আন্তরিকতা এবং আবেগের সম্পর্ক খুবই ঠুনকো।
প্রথম প্রথম সবার ভিড়ে নিজেকে খুবই ক্ষুদ্র মনে হতে লাগলো। মনে হত যেনো আমিই সবার চেয়ে পিছিয়ে আছি। ভালোভাবে কথা বলতে পারি না, মানানসই জামা কাপড় নিয়েও এতো চিন্তা ভাবনা করি না। মানুষের অভিযোজন ক্ষমতা ভালো, তাই আমিও মানিয়ে নিতে পেরেছিলাম।
বিশ্ববিদ্যালয় জীবন পেরিয়ে একসময় চাকুরি জীবনে পদার্পণ করলাম। ভালো চাকরিও হলো। জীবনে বিশেষ কোনো আফসোস হতো না। শুধু মাঝে মাঝে ভাবতাম, মানুষের জীবনের উদ্দেশ্য আসলে কি? নিজেকে যোগ্য করা, অতঃপর ঐ যোগ্যতা বেচে কামাই করা, এবং কামাই পরে জীবনচক্র চালিয়ে যাওয়া! এটাই? উপার্জন করা আর খরচ করা, এর বাইরে আর কি আছে? মাঝে মাঝে যখন এমন সব চিন্তা আসতো, সব কিছুই অর্থহীন মনে হতো। কিসের পেছনে এতো ছুটে চলা! বাড়ি গাড়ি করা, এরপর? সন্তান লালন পালন করা, আর? নিজের জন্যে বাঁচা নয়? নিজের জন্যে বাঁচে কিভাবে মানুষ?
এই যে, দেশে দেশে এতো যুদ্ধ বিগ্রহ, ভাইয়ে ভাইয়ে হানাহানি, এসব কিছুই তো অনন্তকালের জন্যে না। মাত্র অল্প কিছু বছরের জন্যে কেনো এতো রেশারেশি? অর্থ-ক্ষমতা কিছুই তো চিরস্থায়ী নয়। এই পৃথিবী-ই তো অস্থায়ী। সব কিছুর যেহেতু শেষ আছে, জীবনের শেষ আছে, প্রাণের শেষ আছে, পৃথিবীরও শেষ আছে। গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি সব কিছু একদিন ভেঙে পড়বে।
পরিবেশ বিজ্ঞানীরা বলে, পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে, ওজোন স্তর ক্ষতির সম্মুখীন। সমুদ্রের পানির উচ্চতা এভাবে বাড়তে থাকলে একসময় পৃথিবী সমুদ্রের নিচে চলে যাবে। জ্যোতির্বিজ্ঞানী দের ধারণা সূর্যের জ্বালানি ক্রমশই ফুরিয়ে আসছে। একসময় জ্বালানি ফুরিয়ে গেলে সূর্যের মৃত্যু ঘটবে, সাথে সাথে এর গ্রহ উপগ্রহ গুলোও। সমাজবিজ্ঞানী দের মতে পৃথিবী ক্রমশ মানবিক সম্পর্ক হারাচ্ছে, পারিবারিক সম্পর্ক গুলো ভেঙ্গে যাচ্ছে। এবং পারিবারিক সম্পর্ক ভেঙে যাওয়া মানেই সভ্যতা ভঙ্গুর হয়ে যাওয়া, চির ধরে যাওয়া। পদার্থবিদ দের মতে জগতে এনট্রপির মান বাড়ছে। একসময় বাড়তে বাড়তে এমন অবস্থা দাঁড়াবে, তখন শক্তির রুপান্তর বন্ধ হয়ে যাবে, যাকে বলা হয় তাপীয় মৃত্যু। সব সমীকরণ কে একসাথ করলে এটাই দাঁড়ায় যে, কেয়ামত সুনিশ্চিত। সব সমীকরণ যে বিন্দুতে গিয়ে মিলে যাবে, সেদিনই হবে কেয়ামত।
মাঝে মাঝে দেখতে ইচ্ছা করে, পৃথিবীর শুরু থেকে শেষ, প্রতিটা মুহুর্ত। বিভিন্ন সময়ের পৃথিবীর প্লট পরিবর্তন যদি নিজের চোখে একবার দেখা যেতো। আচ্ছা, পৃথিবী তে নাকি মোট ১১ টি মাত্রা থাকা সম্ভব। আমরা অনুভব করতে পারি চারটা। দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতা-সময়। সম্ভবত অন্য কাউকেও আরো ৪ টি মাত্রা দেয়া হয়েছে, হয়তোবা জ্বীন বা অন্য কেউ। বাকি থাকে আরো ৩ টা মাত্রা। ১টা মাত্রা কিন্তু সেখানে অনুপস্থিত। তাহলে কি সেখানে সময় নামক মাত্রা নেই? এমন কি হতে পারে, ফেরেশতা দের জন্যে সময় নামক মাত্রা নেই। তারা সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত একই ভাবে রয়ে গেছে। তাহলে কি তারা পৃথিবীর সব কিছু নীরব ভাবে দেখে যাচ্ছে আর মানুষের বোকামি দেখে আফসোস করছে? মানুষও কি মৃত্যুর পর সে তিন মাত্রায় চলে যাবে? যেখানে সময় নামক মাত্রা থাকবে না। হাশরের মাঠে নিজেই নিজের জীবন প্রতিটি সেকেন্ড আয়নার মতো দেখতে থাকবে। সম্ভবত সেদিন সময় মাত্রাকেও দৃশ্যমাণ করে দেয়া হবে। মানুষ চোখের সামনে তার জীবনের সময় গুলো কে দেখতে পাবে, কিন্তু পরিবর্তন করার আর সুযোগ পাবে না।
সব কিছু জেনে বুঝেও আমরা ঠিক পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করি। ভুলেই যাই, এটাই শেষ নয়। বরং অসীম কালের মধ্যে একটা ক্ষুদ্র সময় এটা। মাঝে মাঝে মনে হয়, কেউ ইচ্ছে করেই সব মানুষ গুলো কে, পরিবেশ কে, সমাজ ব্যবস্থা কে, সভ্যতা কে এমন ভাবে প্রোগ্রামড করে রেখেছে যে, মানুষ যেনো এই ইহকালীন চক্রের বাইরে না চিন্তা করতে পারে। সব কিছুতেই তাঁকে বাধ্য করে রাখা হয় এই চক্রে, যেনো এটাই সত্য এবং আর কিছুই নেই এর বাইরে। ধর্মীয় দৃষ্টিতে বললে, এমন মাস্টারমাইন্ড কিন্তু একজন আছে। সে মাস্টার মাইন্ড আর কেউ না, সেটা হলো ‘ইবলিশ’। যার পরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত পরিনতি দিতে আসবে, মাসীহ আদ-দাজ্জাল অথবা এন্টি-ক্রাইস্ট।
মজার ব্যাপার হলো মগজ ধোলাই কিন্তু হাজার বছর ধরেই চলে আসছে। কিন্তু মানুষ গুলো আসলে বুঝতেই পারছে না, তাদের কে কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সব ধর্মেই দাজ্জালের ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে, তাও মানুষ বিষয়টা কে রূপকথা কিংবা মজা হিসেবেই নেয়। ভাবে যে, হাজার লক্ষ বছর পর পৃথিবীর সভ্যতা ধ্বংস হবে। কিন্তু এখনো পৃথিবী তে হাজারটা প্রমাণ দৃশ্যমান, দাজ্জালের ফিতনা অতি নিকটে আমাদের। কিন্তু আমরা অনুভব করতে পারি না। কারণ, আমাদের অন্তর তালাবদ্ধ। এটা কোরআন এর কথা।
প্রথমবার যখন চাকরির ইন্টারভিউ দিতে এসেছিলাম, ভয়ে গলা শুকিয়ে আসছিল। ভাইভা ভীতি সে অনেক আগে থেকেই। পরে ভাবলাম, আমার সাথে সর্বোচ্চ খারাপ কি হবে পারে? চাকরি হবে না, এই তো? আচ্ছা, না হোক, সমস্যা নেই, প্রথমবার-ই তো। পরে দেখলাম, ভাইভা ভালোই হয়েছে এবং চাকরি টা আমি পেয়েও যাই। জীবনের প্রথম চাকরির ইন্টারভিউ তেই চাকরি। সে এক অন্যরকম অনুভূতি। সবার সাথে গর্ব করেই বলতাম, আমার অফিস ১৭ তলায়। পুরো ঢাকার শহর কে পাখির চোখ দিয়ে দেখা যায়। এই চাকরির সাথে এমন ভাবে জড়িয়ে গিয়েছিলাম যে, আর ছাড়তে পারিনি। এমন নয় যে, ভালো সুযোগ আর পাইনি। পেয়েছিলাম, কিন্তু যেতে আর ইচ্ছা হয়নি।
বছর আট আগে, শখের বশে একটা দামি বাইক কিনেছিলাম। বিশ্ববিদ্যালয় জীবনে বাকিদের বাইক দেখেই গিয়েছি, নিজের কেনার সামর্থ্য ছিলো না, তাদের বাইক ধার নেয়ারও সুযোগ ছিল না। চাকরি জীবনে কয়েক লাখ টাকা জমিয়ে বাইক কিনলাম। বাইক কেনার পাঁচ কিংবা ছয় দিনের মাথায় বাড়ি যাবার উদ্দেশ্যে বাইক নিয়ে বের হলাম। ঢাকা চিটাগং হাইওয়ে তে বড় মালবাহী ট্রাকের ধাক্কায় বড় ধরনের আঘাত পাই। আমার বাইক শেষ হয়ে গিয়েছে, সে শোক নাহয় কাটিয়ে ওঠা যেতো। কিন্তু আমার বাম পা টা কেটে ফেলতে হয়েছে, সে শোক কাটিয়ে উঠতে আমার আরো অনেক বছর লেগেছে।
প্রিয় বস্তুটাই জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডির কারণ হয়ে গেলো। আর জীবনে বাইক চালানোর সৌভাগ্য হবে না। ভেবেছিলাম, শুধু বাইক-ই নয়, আরো অনেক কিছু হারানোর অপেক্ষা করছে আমার জীবনে। আমার চাকরিটাও হয়তো থাকবে না আর। কিন্তু অদ্ভুত ভাবে আমার চাকরিটা রয়ে গেলো। বরং অফিসের কর্মকর্তা-কর্মচারী দের এতো এতো আন্তরিকতা আমার কল্পনারও বাইরে ছিলো। ইঞ্জুরির কারণে আমার প্রায় ৮ মাস চাকরি করতে পারিনি। সে টাকাও দিয়েছিলো, নাহলে চিকিৎসার খরচ চালানো আমার পক্ষে অনেক কষ্টকর হয়ে যেতো।
প্রতিদিন হুইল চেয়ারে করে লিফটে ১৭ তলায় ওঠা টা আমার জন্যে বোঝার মতো হয়ে গেলো। তাও অনেক দিনের চেষ্টায় অভ্যস্ত হয়ে গেলাম। নিজে নিজে মনে হতো, যেসব বিষয় নিয়ে আমার মধ্যে কিছুটা অহম বোধ ছিলো, সেগুলোই আমার কাছে খারাপ পরিনতি হিসেবে ফেরত আসছে। দামী বাইক কিনেছিলাম, সে বাইক-ই আমার সারা জীবন কে বোঝা বানিয়ে দিলো। ১৭ তলার উপরে অফিস, সে-ই আনন্দটাই এখন অভিশাপ মনে হচ্ছে। আমি নিজেকে নিয়ে গর্ব করতাম, আমার ঔষধ খাওয়া লাগে না, কারণ আমার রোগ প্রতিরোধ ক্ষমতা আগে থেকেই ভালো। কিন্তু এখন আমি একটা দিনও ঔষধ ছাড়া চিন্তা করতে পারিনা।
একবার অফিস ট্যুরে সবাই গাজীপুর একটা রিসোর্টে গিয়েছিলাম। সবাই ঘোরাঘুরি, হাসাহাসি করছে। আর আমি বাকিদের দেখে অতীতের দিনের স্মৃতি রোমন্থনের চেষ্টা করছি। নতুন বছরে বাসার সবাই মিলে ছাদে আতশবাজি ফোটানো উদযাপন করছে, অথচ আমি বাসাতেই বসে আছি। কারণ হুইল চেয়ার নিয়ে ছাদে যাওয়া সম্ভব না। নিজেকে নিজে মানিয়ে নিলাম এই বলে, আমার জীবনের ভালো সময় সম্ভবত আমি আগেই সব কাটিয়ে ফেলেছি।
আজ ২২ ডিসেম্বর। বছরের দীর্ঘতম রাত। ছাত্রজীবনে প্রায়ই বন্ধুদের সাথে মজা করে বলতাম, বিয়ে করলে ২২ ডিসেম্বর-ই করবো। বউ-এর সাথে বেশি সময় কাটানো যাবে। প্রতিদিনের মতো সন্ধ্যা ৭টায় অফিস থেকে বের হবো বলে প্রস্তুতি নিচ্ছি। ঠিক তখন-ই আশে পাশে শোরগোল শুনতে পেলাম। কর্মচারী কয়েকজন কে ডাকলাম, তারাও ব্যস্ত। দৌড়া-দৌড়ি করছে, আমি তখনো বুঝতে পারছি না, কি হয়েছে। কিছুক্ষণ পর মানুষের চেচামেচি তে বুঝতে পারলাম, ১৩ তলায় আগুন লেগেছে। তখন বুঝতে পারলাম, সংকটময় মুহুর্তে কর্মকর্তা আর কর্মচারী, কোনো কিছু-ই তখন ম্যাটার করে না। যারা এতোদিন আমাকে স্যার বলতে বলতে ক্লান্ত হয়ে যেতো, তারা এখন আমার কথায় কোনো ভ্রুক্ষেপ-ই করছে না। বরং তারা এখন নিজের জীবন বাচানো নিয়েই ব্যস্ত।
আশে পাশের সবাই নিজে বাচার জন্যে দৌড়ে বেড়াচ্ছে। অথচ আমার কথা কারো মনেই নেই। হুইল চেয়ার নিয়ে লিফট পর্যন্ত যাওয়ার কোনো সুযোগই নেই এখন। এমনি তেই মানুষের ভিড়, তার উপর আমার হুইল চেয়ার নিয়ে চলা। তেরো তলায় আগুন লাগা মানে, ক্রমশই উপরে নিচে ছড়িয়ে পড়বে। নিচের তলার মানুষজন নিচে নেমে উদ্ধার হবার সুযোগ আছে। কিন্তু উপরের তলায় যারা আছে, তারা একরকম বন্দ্বী হয়ে গেছে। এমনকি যদি ফায়ার সার্ভিস আসেও, ১৬ তলা থেকে নিচে নামানোর ব্যবস্থা করাটাও কঠিন। বুঝতে পারছিলাম, এ বছরের দীর্ঘতম রাত-ই হবে আমার জীবনের শেষ রাত। দীর্ঘশ্বাস ছাড়া আপাতত কিছুই করার নেই আমার। সবাই ছোটাছোটি তে ব্যস্ত। আর আমি করুণ দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছি। পৃথিবী বহমান। আমার জীবন অন্তিম সময় ঘনিয়ে আসছে। অথচ পৃথিবী তার মতো চলমান। বাইরে রিক্সা, গাড়ি, পথচারী, সবাই চলছে। বিশাল পৃথিবীর ছোট একটা রুমে আমি আবদ্ধ হয়ে আছি, যেখান থেকে বেচে ফেরার সম্ভাবনা খুব-ই ক্ষীণ। নিচের মানুষ গুলো কি উপলব্ধী করতে পারছে, আমি এখন কতোটা অসহায় বোধ করছি?
এই মুহূর্তে আমার কি করা উচিত? বাসায় ফোন দিবো? অন্তত মা-র সাথে শেষবারের মতো কথা বলতে পারলে ভালো লাগতো। না! ফোন দিবো না। ছোট বেলা থেকে কতই না কষ্ট করে এতো বড় করে তুলেছে। আমি এই অবস্থায় আছি জানলে অনেক কষ্ট পাবে। পরেই নাহয় জানুক। আর কাকে ফোন দেয়া যায়? আমার জীবনের মূল্য কার কাছে আছে? একজনের জীবনের মূল্য কি আসলে অন্য মানুষের কাছে থাকে? এই যে, আজকে আমি চলে গেলে, পৃথিবী কি থেমে থাকবে? কারো জীবন কি থেমে থাকবে? সব কিছুই এখন যেমন চলমান, ঠিক তেমন-ই থাকবে। আমার কাছের দুই একজন ছাড়া আমার জীবনের মূল্য কারো কাছেই নেই। আমার মৃত্যুর পরেও পৃথিবী এক ফোটাও পরিবর্তন হবে না।
আচ্ছা, আমি যে এখানে আটকে আছি, এটা কি আমার সাথে ন্যায়? আমি কি কারো ক্ষতি করেছিলাম কোনো? কেনো আমাকেই এখানে আটকে পড়তে হলো। এমন কি হতে পারতো না যে, আমি ঢাকায় পড়াশুনা করতেই আসি নি। মফস্বল শহরেই পড়াশুনা করে ছোট চাকরি করে জীবন পার করে দিচ্ছি। অথবা আমি এখানে চাকরির ইন্টারভিউ-ই দেয়নি কিংবা আমার চাকরি এখানে হয়নি। তাহলেই তো আজ আমি এখানে পড়ে থাকতাম না। অথবা, আমি বাইক-ই কিনিনি, আমার দুর্ঘটনাও ঘটেনি, আমিও বাকিদের মতো বাচার চেষ্টা করতাম। কিংবা বাইক দুর্ঘটনার পর আমার চাকরি চলে গিয়েছে। একটা সামান্য পরিবর্তন আসলেই তো আমার জীবনটা অন্যরকম হতে পারতো। এটার একটা সুন্দর নাম আছে – ‘বাটারফ্লাই ইফেক্ট’। একটা ছোট পরিবর্তনও বড় একটা পরিবর্তন নিয়ে আসতে পারে। যেমন – যেদিন আমি বাইক দুর্ঘটনার স্বীকার হই, সেদিন আমি বাইক নিয়ে না বের হয়ে ট্রেন দিয়ে গেলে হয়তো বাকি ঘটনাপ্রবাহ পরিবর্তন হয়ে যেতো। অথবা আজকে আমার বাসায় মেহমান। আমি অফিসে ছুটি নিতে চেয়েও পরে নেইনি। যদি ছুটি নিতাম, তাহলে আজকে আমি এখানে থাকতাম না। কিন্তু এখন তো আমার হাতে কোনো পরিবর্তনের ক্ষমতা নেই। সব কিছুই হয়তো পূর্ব-পরিকল্পিত। চাইলেও মানুষ এড়াতে পারবে না।
আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। হ্যালুসিনেশন হচ্ছে। মনে হচ্ছে, আমি বিশাল উঁচু পর্বতের সামনে দাঁড়িয়ে আছি। হাটছি, ঘুরছি, ছুটে বেড়াচ্ছি। আশে পাশে কেউ নেই। হাত দিয়ে মেঘ ধরছি। এতো উচুতে যে, আমার বুক ধড়ফড় করছে। প্রচন্ড বাতাস বয়ে যাচ্ছে। যে বাতাসের সামনে দাঁড়িয়ে থাকা কষ্টকর। আমার চুল উড়ছে বাতাসে, আমি হাত মেলে আছি। পাখির মতো উড়ার অনুভূতি পাচ্ছি।
হ্যালুসিনেশন কেনো হচ্ছে? সম্ভবত কার্বন মনোক্সাইড গ্যাসের কারণে। কার্বন মনোক্সাইড বেশি মাত্রায় শরীরে ঢুকলে প্রাথমিক পর্যায়ে হ্যালুসিনেশন হয়। এরপর আস্তে আস্তে রক্তে মিশে গিয়ে কার্বোঅক্সি-হিমোগ্লোবিন তৈরি করে এবং রক্ত চলাচল বন্ধ করে দেয়। তার মানে আমার হাতেও আর বেশি সময় নেই। কোন টা বেশি কষ্টের? শ্বাস রোধ হয়ে মৃত্যু, নাকি আগুনে পুড়ে মৃত্যু? যেটিই হোক, চূড়ান্ত পরিণতি তো একই। এখন হয়তো পৃথিবীর অন্য প্রান্তে কেউ অন্যভাবে মৃত্যুকে আলিঙ্গন করছে। সবাইকেই একদিন এই ট্রানজিশনের মধ্যে দিয়ে যেতেই হবে, আজ হোক কিংবা কাল। গন্তব্য একটাই, যেখান থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই।