← All writing

TRUTH or TRUTH

Fiction5 min read2023-05-23 · Hasibul Islam

TRUTH or TRUTH

[পুরো গল্পই কল্পনা থেকে, বাস্তবতার সাথে কোনো মিল নেই।]

ছোটবেলায় আমি এক অদ্ভুত মানুষের দেখা পেয়েছিলাম। সে অনেকদিন আমার পিছু নিয়েছিল। সবখানেই আমি তার দেখা পেতাম। পরে যখন আমার মা কে জানালাম, এক লোক প্রতিদিন আমার সাথে কথা বলতে চায়! আমার মা এ কথা শুনে রীতিমতো ভয় পেয়ে যায়। আমাকে তার কাছ থেকে সাবধান থাকতে বলে, কিছু খেতে দিলে যেনো না খাই, তার সাথে একলা একলা কোথাও না যাই। ঐ কয়েকদিন আমার সাথে আমার বাবা অথবা মা থাকতো স্কুলে আসা যাওয়ার সময়! যেনো ঐ লোক আর বিরক্ত করতে না পারে, অথবা ঐ লোক কে দেখে চিনে রাখতে পারে। কিন্তু ঐ লোকের কথা বার্তা ছিল মুরুব্বি দের মতো। অনেকটা আমার বাবা মা এর মতো, সুযোগ পেলেই উপদেশ দেয়, এমন!

অনেক বছর পর নিজের মধ্যে একটা অনন্য বিষয় খেয়াল করলাম আমি। স্বাধারণত আমরা মানুষরা চার মাত্রিক পৃথিবীতে বসবাস করি, এবং আমরা সর্বোচ্চ তিন মাত্রা পর্যন্ত চোখে দেখে অনুভব করতে পারি। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমরা দেখতে পেলেও সময় নামক মাত্রা আমরা দেখতে পাই না। মানুষের আসলে খুব কম ক্ষমতাই দেয়া হয়েছে! মানুষের জ্ঞানের পরিধি, দৃষ্টিসীমার পরিধি, শ্রবণশক্তির পরিধি, পেশিশক্তির পরিধি, সবই কম! প্রায় সকল ধর্মগ্রন্থেই জ্বিন দের কথা বলা হয়েছে। কিন্তু আমরা মানুষরা তাদের দেখতে পাই না।

ছোটবেলায় আমি মাঝে মাঝেই অনেক অস্বাভাবিক মানুষের মতো অনেককেই দেখতে পেতাম। আমি ভাবতাম সবাই বোধহয় এমনটাই দেখে। কিন্তু আস্তে আস্তে বুঝতে পারি, আমি অনেকিছুই দেখতে পারি, যেটা অন্যরা দেখতে পায় না। শেক্সপিয়র বলেছিলো - There are more things in heaven and Earth! মানে পৃথিবী ও স্বর্গের মাঝেও এমন অনেক কিছুই আছে, যা আমাদের জ্ঞানের পরিসীমার বাইরে। মানুষকে সৃষ্টিকর্তা ছোট এক বাউন্ডারির মাঝে আটকে দিয়েছেন, এর বাইরে সে চাইলেও যেতে পারবে না। আমার ক্ষেত্রে সে বাউন্ডারিটা সম্ভবত একটু বড়, তাই আমি বাকিদের চেয়েও বেশি কিছু অনুভব করতে পারি।

এমনও হয়েছে আমি অস্বাভাবিক মানুষের মতো দেখতে প্রাণিদের সাথে অনেকসময় কথাও বলেছি। তাদের অনেকের বয়স নাকি ২০০ বছরেরও বেশি। আমরা যে পথ দিয়ে হাটি, তারা ভিন্ন পথ দিয়ে হাটে। তাদের রাস্তা আর আমাদের রাস্তা আলাদা। এমনকি অনেকসময় তাদের চলার পথ মাটি ভেদ করে আকাশের দিকে চলে যায়।

একদিন বাসায় এসে আমার মা কে জিজ্ঞেস করলাম, জানো , মা! অনেক মানুষ হাটতে হাটতে মাটি থেকে বের হয়, আবার হাটতে হাটতে শূন্যে চলতে থাকে। আমরা কেনো পারি না এমন? তারা কেনো পারে? এ কথা শুনে আমার মা রীতিমতো ভয় পেয়ে যায়। ঐ রাতে আমাকে প্রায় হাজার বার জিজ্ঞেস করেছে, আমি কি কিছু দেখে ভয় পেয়েছি কিনা? কোনো ভূতের ছবি দেখেছি কীনা! মানে আমার কথা তাদের কাছে অদ্ভুতই লাগলো।

কিন্তু এখন আসলে আমি বুঝতে পারি, স্বাভাবিক মানুষ চার মাত্রার বেশি অনুধাবন করতে না পারলেও, আমি অনেক বেশি মাত্রা দেখতে পাই। তারা সবাই ছিল অন্য মাত্রার প্রাণি। আমাদের দৈর্য্য,প্রস্থ, উচ্চতা- এর মাত্রা তাদের মতো নয়, তাদের মাত্রা তাদের মতো। তাই সময় মাত্রাও ভিন্ন। আমাদের গড় আয়ু ৬০ বছর, তাদের গড় আয়ু কয়েক শত বছর।

কোনো প্রানী যে মাত্রায় থাকে, সে সর্বোচ্চ তার চেয়ে এক কম মাত্রা পর্যন্ত দেখতে পায়। যেমন – মানুষ তিন মাত্রা দেখতে পায়, সময় দেখতে পায় না। কিন্তু আমি আরো বেশি মাত্রা দেখতে পাই। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, আমি সময় মাত্রা কেও দেখতে পাই। কারো অতীতে কি হয়েছে, ভবিষ্যতে কি হবে, তাও চোখের সামনে বাস্তবের মতো দেখতে পাই। কিন্তু কিছুই পাল্টাতে পারি না, কারণ পাল্টানোর ক্ষমতা আমার নেই। অতীত ভবিষ্যৎ জেনে যাওয়া টাও বোধহয় এক ধরনের অভিশাপ।

আমার মা-খালা রা অনেকেই ছোটবেলায় তাদের ফুফার কাছে হ্যারাজমেন্ট এর স্বীকার হয়েছিল। কিন্তু কখনো মুখ খুলেনি। অনেক বছর পর আমি আমার মা কে জিজ্ঞেস করলাম, হতভম্ব হয়ে কিছুক্ষণ চুপ ছিল, পরক্ষণে অস্বীকার করলো। অথচ আমি জানি, এটাই সত্য যে তারা নির্যাতিত হয়েছিল।

আমার বোনের স্বামী তার ব্যবসায়িক পার্টনার হবার জন্যে আমার বোন কে পাঠিয়েছে আমাকে রাজি করানোর জন্যে, কিন্তু আমি জানি আমি কয়েক বছর পরই তার দ্বারা প্রতারিত হয়ে অনেক অর্থ হারাবো। তাও আমাকে রাজি হতে হচ্ছে বোনের কথা চিন্তা করে। কারণ, এই মুহুর্তে না করার মতো কোনো উপযুক্ত কারণ দেখাতে আমি ব্যর্থ।

আমার বাবা ছোট খাটো একটা চাকরি করে আমাদের পড়াশুনা করিয়েছে। যে কারণে আমরা ছোটবেলায় অনেক কিছুই পাইনি অথবা প্রয়োজনের অতিরিক্ত পাইনি। নিজের চেষ্টার বলে আমি এখন একটা ভালো চাকরি করছি, সে সুবিধা টা পাচ্ছে আমার ছেলে মেয়ে রা। পৃথিবীটা অনেক অদ্ভুত, তাই না? পরিশ্রমের প্রতিদান পায় পরের জেনারেশন। আমি যদি ভালো কিছু না করতে পারতাম, তবে আমার ছেলে মেয়েরা এতো ভালো জীবন পেতো না। আমার মৃত্যুর পর আমার ছেলে মেয়ে রা সেসব সম্পত্তি অপব্যবহার করে হারাবে, তা জেনেও আমার স্বাভাবিক জীবনযাপন করতে হচ্ছে।

এই কারণেই মাঝে মাঝে মনে হয়, ভবিষ্যৎ জানতে পারাটা একটা অভিশাপ। আমি জানি, সামনে আমার জন্যে কি অপেক্ষা করছে, কিন্তু আমার কিছুই করার নেই।

একদিন রাতে ঘুম থেকে হুট করে উঠে ছোটবেলার ঐ লোকের কথা মনে পড়ে গেলো, যে অনেকদিন আমার পিছু নিয়েছিল। সবখানে আমাকে উপদেশ দিতো। তার চেহারা মনে করার চেষ্টা করলাম, মনে হচ্ছিল একে আমি তখন চিনতাম না। কিন্তু এখন চিনি। কোথাও যেনো দেখেছি। কিন্তুক্ষণ পরেই মনে হলো, সে হলো আমারই ৬০ বছর বয়সী রূপ।

তার মানে ৬০ বছরের আমি ১০ বছরের আমি-র কাছে গিয়েছিলাম? নিজের জীবন শোধরানোর জন্যে অথবা আরো ভালো কিছু করার জন্যে? কিন্তু আমি তো কেবল ভবিষ্যৎ এবং অতীত দেখতে পাই, কিন্তু পরিবর্তন করতে পারি না। কিন্তু এটাও তো সত্য, ছোটবেলায় আমি আমার সাথেই দেখা করেছিলাম। তাহলে হয়তো ৬০ বছর সময় কালে আমি অতীত এবং ভবিষ্যতে যাওয়ারও উপায় পেয়ে যাবো?

আমি মাঝে মাঝে যখন বাসায় এসব কথা বলি, সবাই আমার সাথে অদ্ভুত আচরণ করে। একবার পরিবারের সবাই চাপাচাপি করে আমাকে এক মানসিক ডাক্তার এর কাছে নিয়ে যায়। ডাক্তার আমার সাথে অনেকক্ষণ কথা বলার পর, আমার পরিবারকে বললো, আমার ছোটবেলা থেকেই ডিলিউশনাল ডিসওর্ডার রয়েছে। আমি নাকি বাস্তব এবং কল্পনা কে আলাদা করতে পারি না।

হয়তো আমি তাদের কাছে মানসিক রোগী, কিন্তু নিজের কাছে আমিই সত্য। পৃথিবীটাই তো এক একটা পারস্পেক্টিভ। আমার কাছে যেমন, আরেকজনের কাছে না ভিন্ন।