Some Random Talks From Inner Mind

How time flies too fast. I can remember those days when I used to do bicycle races with friends. Gossiping random things and having unnecessary laughs with friends. After passing those days, finally I am near to university final year. My mother used to say – “I’m still feeling my son as a kid. I can clearly remember his every childhood incident.” But the reality is, I’ve already passed half of my lifespan, and my achievement lists are still not so mention worthy.
সবকিছুর মধ্যেই কি দ্বৈত ধর্ম থাকে? যেমন – সকল বস্তুই কণাধর্ম এবং তরঙ্গধর্ম প্রকাশ করে! এমন দ্বৈতধর্ম কি মানুষের ব্যবহারের মধ্যেও আছে? জানি না! কিন্তু আমার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে, যেটা আমি অনুভব করতে পারি। মজার ব্যাপার হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে র্যাগ খাওয়ার সময় কোনো এক জনৈক বড় ভাই আমাকে DOUBLE DIMENSIONAL বলে আখ্যা দিয়েছিল। আমার দুই ধরনের ব্যবহার আছে নাকি! তাদের সামনে খুব ভদ্রতা দেখাই, কিন্তু পেছনে তাদের কে পাত্তা দিতে চাই না! পরে আমি নিজেও ভাবলাম, আমার মধ্যে কি আসলেই দুই রকম ব্যবহার আছে নাকি? খুজে বের করার চেষ্টা করলাম।
তারপর কয়েকটা বিষয় খেয়াল করলাম! বিশ্ববিদ্যালয়ে কিছু ছেলে মেয়ে সারাদিন পড়াশুনা নিয়েই থাকে। তাদের কে আমার ভালোই লাগে, পরিশ্রমী এবং জীবন নিয়ে সিরিয়াস। আবার অনেকেই আছে, ঘুরাফিরা, আড্ডা, হ্যাং আউট, ফ্যান, চিলিং এসব নিয়েই ব্যস্ত। তাদের কেও আমার ভালোই লাগে। এতো চাপের মাঝেও নিজের ভালো থাকা কে গুরুত্ব দিচ্ছে। পরস্পর বিপরীত দুই বৈশিষ্ট্যের মানুষদেরকেই আমার ভালো লাগে। কিন্তু আমি দুইয়ের মাঝামাঝি অবস্থানে আছি। এই অবস্থান টাই আমার ভালো লাগে না।
আবার, অনেক ছেলে মেয়ে আছে, সবার সাথে মেশে। বন্ধু বান্ধব অনেক। এরা সহজেই মিশে যেতে পারে, তাই এদের কে আমার ভালো লাগে। এমনও অনেকে আছে, ক্লাসে আসে, এক কোণায় বসে, কারো দিকে কোনো কর্ণপাত নাই। ক্লাস পরে নিজের মতো আবার চলে যায়। এদেরকেও ভালো লাগে। এদের মধ্যে একটা রহস্যময় ভাব আছে। অথচ আমি মধ্যপন্থী, ক্ষেত্রবিশেষে মিশতে পারি, ক্ষেত্রবিশেষে মিশতে পারি না। কিন্তু নিজেকে নিয়ে আমি অখুশি, আমি কেনো তাদের মতো নয়!
যারা শহরে বড় হয়েছে এদের মধ্যে স্বভাবতই স্মার্টনেস বেশি। যারা গ্রাম থেকে উঠে আসছে, তাদের মধ্যে সকল পরিবেশে নিজেকে টিকিয়ে ফেলার একটা বৈশিষ্ট্য আছে। দুই টাইপের মানুষদের কেই আমার ভালো লাগে। আমি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছি মফস্বলে। দুই ফ্লেভারই আংশিক আংশিক করে পেয়েছি। তাও মাঝে মাঝে ভাবি, আমার চেয়ে তাদের লাইফে আনন্দ বেশি ছিল হয়তো।
এরকম আরো অনেক পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্য আছে আমার মধ্যে। আরো কিছু বৈশিষ্ট্যও আছে, অল্পেই মানুষের ভালো কোনো বৈশিষ্ট্য পছন্দ হয়ে যাওয়া। যেমন – কারো মধ্যে দশটা খারাপ অভ্যাসের মাঝে একটা ভালো অভ্যাস থাকলেও, আমি ভালোটার দিকেই খেয়াল করার চেষ্টা করি। নিজের মধ্যে একটা কম্পারিজন করে ফেলি। ঐদিক থেকে সে আমার চেয়ে ভালো কিনা? অধিকাংশ মানুষ হয়তো জাজমেন্টাল হয়ে তার খারাপ দিকগুলো নিয়েই সমালোচনা করবে, সেখানে আমি নিজেকে নিয়েই উদ্বিগ্ন, ঐ একই কারণে মানুষ আমাকে নিয়েও সমালোচনা করছে না তো?
নিজেকে নিয়ে বেশি উদ্বিগ্ন থাকার আরো এফেক্ট আছে। যেমন – আমি খুব কাছের কেউ না হলে পরামর্শ বা উপদেশ দিতে চাই না। কারণ আমার কাছে মনে হয়, আমি নিজেই তো পারফেক্ট না! আমার নিজের মধ্যেই অনেক খুতঁ আছে। আমি তাদের উপদেশ দেয়ার আগে নিজেকে আরো নিখুত করি। হয়তো, যাদের আমি উপদেশ দিচ্ছি, তারাই আমার পেছনে আমার খুত নিয়ে হাসাহাসি করে।
কিন্তু কেউ তো কখনোই ১০০ ভাগ নিখুত হয়না। বিশ্ববিদ্যালয়ে যখন নতুন ভর্তি হয়েছি, স্বপ্ন দেখতাম আশেপাশের পরিবেশ বদলে দিবো। অতঃপর চার বছর হতে যাচ্ছে, এখনো নিজেকে বদলাতে বদলাতেই সময় পার।
একসময় আত্মবিশ্বাসের মাত্রা এতোটাই প্রকোপ ছিল যে, মনে হতো জীবনে কোনো কিছুই বাধা না। সকল বাধা, সমস্যা, সীমাবদ্ধতা উতরে যাওয়ার ক্ষমতা আমার আছে। একটা সময় পর অনুধাবন করতে পারি, নাহ! সকল সমস্যা কে চাইলেই পাশ কাটিয়ে যাওয়া যায় না এবং সকল সমস্যা সমাধানযোগ্যও না।
মাঝে মাঝে আমার INTUITION এতো মারাত্মক ভাবে মিলে যায়, আমার নিজেরও ভাবতে কষ্ট হয়! হয়তো এমন কোনো ঘটনা হলো – সবাই বললো এরপর এটা হবে, আমি বললাম, নাহ! আমার মনে হয় এতো সহজে এটা শেষ হবে না! ঘটনা আরো সেখান পর্যন্ত গড়াবে। পরে দেখা গেলো, যেমনটা আমি ভাবলাম, ঠিক সেটাই হলো। আমার নিজের জীবনেও অনেক ঘটনা এমন আছে, আমি যেমন অনুমান করলাম, তেমনটাই হলো! এমনকি মাঝে মাঝে মাইন্ড রিড করতে পারাটা আরো ভয়ানক ব্যাপার। আমি বুঝি, যার সাথে আমি মিশছি, সে আমাকে বন্ধু হিসেবে ভাবে না, বরং শুভাকাঙ্গীও নয়। তবুও বন্ধুত্বের ট্যাগ লাগিয়েই চলতে হয় তার সাথে।
ঠিক এখন যেমন আমি অনুধাবন করছি, আমার সামনের দুই তিন বছর আমার জীবনের অন্যতম একটা চ্যালেঞ্জিং সময় যাবে, শিক্ষাজীবন এবং পারিবারিক জীবনের মধ্যে সামঞ্জস্য আনতে। এমন কিছু চ্যালেঞ্জ অতিক্রম করে যেতে হবে, যেটা থেকে নিস্তার নেই। দুই নৌকার মাঝে আমার অবস্থান। যদি দুইটাই সমান্তরালে চলতে থাকে, তাহলে সব কিছুই ঠিক চলবে। যখনই অসমান্তরাল হয়ে যাবে, আমি ছিটকে পড়বো।
সময় অনেক রহস্যময় একটা জিনিস। আমি এখন যেখানে বসে এই লিখাগুলা লিখছি, পাঁচ বছর আগে আমি এই জায়গা চিনতামও না। দুইবছর পর হয়তো যখন নিজেই নিজের পড়াটা আবার পড়বো, তখন হয়তো এসব আমার স্মৃতি হয়ে থাকবে। হয়তো আরো ভালো অবস্থানে থাকবো, নয়তো তখন অতীত নিয়ে আফসোস করবো, জানি না!
“BEFORE THE COFFEE GETS COLD” – বইতে অতীতের একটা ঘটনা পরিবর্তন করে ফেলার সুযোগ দেয়া হয়। আমি চিন্তা করলাম, এমন সুযোগ আমি পেলে, আমি কি পরিবর্তন করতাম? হয়তো, পিতৃবিয়োগ হবার ঘটনা পরিবর্তন করার চেষ্টা করতাম। কিন্তু সেই ঘটনা পরিবর্তন হলে আজকের আমি কখনোই শক্ত সামর্থ্য হতাম না এবং বাইরের দুনিয়া বুঝতে পারতাম না। তাই, আসলে সকল কিছুর পেছনেই কোনো না কোনো ইতিবাচক ব্যাপার থাকে।
ছোট বেলা থেকেই বয়সে আমার থেকেও বড়, এমন মানুষদের সাথে সখ্যতা বেশি ছিল। ছোটবেলায় বাসার আশে পাশে যাদের সাথে সময় কাটাতাম, তারা সবাই আমার চেয়ে বয়সে দশ বছরেরও বেশি বড় ছিল। অনেক স্কাউট ক্যাম্পে অংশগ্রহণের সৌভাগ্য হয়েছিল, সেখানেও বয়সে বড় দের সাথেই বন্ধুত্ব হয়েছিল। একটা কমপ্লিমেন্ট এখনো আমার মনে আছে – তিন দিনের ক্যাম্প শেষে যখন চলে আসবো, তখন এক ভাই আমাকে বলেছিল – আমার অনেক আফসোস হচ্ছে, তোর মতো একটা ছোট ভাই আমার নাই। নাহলে আমি কাধে করে রাখতাম!
নিজেকে কতোটুকু জানি? আমার বিশ্বাস, অনেক ভালোভাবেই জানি। নিজের Strong & Weak দুই সাইড সম্পর্কেই জানি। কোথায় গিয়ে নিজেকে কতোটুকু ফলাতে পারবো, সেটাও অনুমান করতে পারি। সামনে অনেক কঠিন সময় আসছে, বুঝতে পারছি। কিন্তু মনে হচ্ছে, অনেক ভালো কিছুই অপেক্ষা করছে জীবনে। দেখা যাক। আমি বরাবরই আশাবাদী মানুষ! অন্তত আমার মুখের দিকে যারা চেয়ে আছে, তাদের প্রতি যেনো অবমাননা না হয়! আল্লাহ সহায় হোক!