← All writing

লাইফস্ক্রিপ্ট – ২০২২

Personal11 min read2023-01-13 · Hasibul Islam

লাইফস্ক্রিপ্ট – ২০২২

যদি ক্রম করি, এখন পর্যন্ত ২০২২ সাল আমার জীবনের দ্বিতীয় সেরা বছর ছিল। তাই চিন্তা করলাম, ২০২২ সালের কিছু দিনের স্মৃতি এখানেও স্টোর করে রাখি। ব্যক্তিগত ডায়েরি থেকে দৈবভাবে কিছুদিন পছন্দ করলামঃ

১৫ জানুয়ারি, ২০২২

শনিবার

> সকাল ৯টায় “L” পড়তে আসলো। মোটামুটি সাড়ে ১০ টা পর্যন্ত পড়ালাম। এরপর ১১টায় ল্যাব ছিল অনলাইনে। এক ঘন্টায় ল্যাব শেষ। যা তা আরকি। অযথা অনেক্ষণ ল্যাপটপে নষ্ট করলাম। ১টা ৩০ এর দিকে নামাজ, খাওয়া, গোসল শেষ করে রেডি হলাম। ৩টায় টিউশন। দুইটা টিউশন শেষ হলো সন্ধ্যায়। এরপর ঢাকা মেডিক্যাল গেলাম। “M” স্ট্রোক করলো। আম্মু দেখতে যেতে বললো। চার তলায় ইমারজেন্সি তে। ভিতরে যেতে পারি নি, ওনার ভাইয়ের ছেলের সাথে কথা বলে চলে আসলাম। এতো টুকু তেই আমার দম বন্ধ অবস্থা। রাতে খেয়ে রুমে আসলাম। এরপর ফোকাস মোড গিয়ে এক ঘন্টা পড়াশুনা করলাম। “Z” এর সাথে কিছুক্ষণ কথা হলো অনলাইনে। ভুলেই গেছিলাম, আজকে ১৫ তারিখ। TRASH PROJECT এর এক বছর, হিহিহিহি! ১১ টা বাজে, ঘুম দিবো এখন! টাটা!!

২৭ জানুয়ারি, ২০২২

বৃহস্পতিবার

> বছরের ব্যস্ততম দিন মনে হয় আজকেই। সকাল ৮টা ৩০ মিনিটে বের হলাম, রুমে ফেরত আসলাম ১০টা ৩০ মিনিটে। সকালে “ক” কে পড়াতে গেলাম। পড়ানো শেষে দু’টা সিংগারা খেয়ে হাটতে হাটতে হলের সামনে আসছিলাম। পলাশীর সামনে পারভেজ এর সাথে দেখা। নিয়ে গেলো মহাখালী। তাঁর করোনা-র ২য় ডোজ ভ্যাক্সিন। সেখানে কাজ সেরে দুপুরে খেয়ে আড়ং এর সামনে এসে নামলাম ২ঃ৩০ টার দিকে। ধানমন্ডি ৩২ এর মসজিদে যোহরের নামাজ পড়ে “খ” কে পড়াতে গেলাম। বিরক্তি ধরে গেছে পড়াতে পড়াতে, মন চায় টিউশন সব বাদ দিয়ে দেই। পড়ানো শেষে ধানমন্ডি ৯/এ ইবনে সিনার সামনে সুদীপ্তের সাথে দেখা করলাম। সেখান থেকে টিএসসি, কার্জন, শহীদুল্লাহ হল। অনেক্ষণ বেদরকারি আড্ডা শেষে রাত ১০টায় হলের ক্যান্টিনে এসে রাতের খাবার খেলাম। খাওয়া শেষে এরপর রুমে। কালকে সকাল সাড়ে ৮ টায় আবার ছুটতে হবে। এদিকে পড়াশুনার কথা নাহয় বাদই দিলাম। এতো রাজ্যের কাজকর্ম করে পড়াশুনার সময় কই?

১০ ফেব্রুয়ারি, ২০২২

বৃহস্পতিবার

> কখনো কখনো মনে হয় সময় অনেক দ্রুতই চলে যাচ্ছে, কখনো মনে হচ্ছে একদমই যাচ্ছে না সময়। সকাল সাড়ে ৮টায় গিয়ে টিউশন শেষ করে আসলাম। ১০টার পর যথরীতি নীলক্ষেত থেকে ২০ টাকার জিলাপি কিনে খেতে খেতে, হাটতে হাটতে হলে ফেরত। এরপর ল্যাব রিপোর্ট লিখে জমা দিলাম। খাওয়া, নামাজ, গোসল সব শেষ করে দুপুরে আবার আরেকটা টিউশন। বাসে এক লোকের সাথে পরিচয়। রায়পুর একটা মাদ্রাসার প্রিন্সিপাল। ঢাকা এসে পকেটমার গেছে। ৬ হাজার টাকার মতো টাকা হারিয়েছে, সাথে মোবাইল টাও। আমি আমার পকেট খুলে দেখি ৩২০ টাকা আছে, ওনাকে ২০০ টাকা দিয়ে আসলাম। বললো, বিকাশে টাকা দিয়ে দিবে, মোবাইল নাম্বার নিলো আমার। টিউশনে আজকে প্রচুর খাওয়া দাওয়া হলো। রাজহাঁস, পুরি,ডিম,শসা হুলুস্থুল অবস্থা। সন্ধ্যায় রুমে এসে মাগরিবের নামাজ পড়লাম। সারাদিন ঢাকায় কুয়াশা ঢাকা ছিল। রুমে এসে ভাবলাম পড়বো। কিন্তু ২টা বাংলা সিনেমা দেখতে দেখতেই সময় শেষ। “স্বরলিপি” আর “ময়নামতি”। এদিকে এই সপ্তাহে ৪টা ল্যাব কুইজ আর ক্লাস টেস্ট। আমি এখন ভাবতেছি, আরেকটা সিনেমা দেখা যায় কিনা। কি যে হবে আমার, আল্লাহ!! উদ্ধার করো আমাকে!!

৩ মার্চ, ২০২২

বুধবার

> গতকাল রাতে শিয়া মাওলানাদের অনেক কথা শুনলাম ইউটিউবে। তাদের কথাগুলোও যৌক্তিক মনে হচ্ছে। বরং সুন্নিদের চেয়ে শিয়াদের মধ্যেই একতা বেশি। সামান্য কিছু মতবিরোধের কারনে এক পক্ষ আরেক পক্ষকে কাফির উপাধি দেয়। খুবই জঘন্য লাগে। প্রায় রাত ৪টার দিকে ঘুমালাম। সকালে উঠলাম ৯টার পর। ওঠার পর কি করবো, বুঝতে পারছিলাম না। অবশেষে এক হিন্দি মুভি দেখলাম। বিকেলে নিউ মার্কেট-এ গেলাম কেনাকাটার জন্যে। একটা শার্ট আর দুইটা প্যান্ট, ১৬০০ টাকা খসায়ে আসলাম। প্যান্ট প্রথমে কিনে মনে হলো ঠিক আছে, রুমে এসে পরে দেখি যে – কিছুটা টাইট। পরে আবার গিয়ে চেঞ্জ করে আনলাম প্যান্ট। সন্ধ্যায় ২০ টাকার ফালতু ভাজা পোড়া খাবার খেলাম কিছু। এসব খেয়ে রাতের খাওয়ার রুচি শেষ। কারাতে ক্লাবের টিচার কে কল দিলাম, কালকে সাড়ে ৬ টায় যেতে বললো। ইউনিফর্ম পরে যাবো , নাকি সিভিল ড্রেসে যাবো, কনফিউজড আমি। আজকে থেকে ম্যাথ প্রিপারেশন শুরু করলাম। এক সপ্তাহ পর টার্ম ফাইনাল।

১ এপ্রিল, ২০২২

শুক্রবার

> সকালে উঠে ৭টা ২০ এর দিকে জিমনেশিয়ামে গেলাম। রেজিস্ট্রেশন নং নিলাম। বেতন বই দিলো। বেল্ট টেস্ট দিলাম আজকে। প্রথমে যা তা হলো, পরের গুলো ভালো ছিল মোটামুটি। যাই হোক, সবার সাথে অনেক ভালো সময় কেটেছে। মেডিক্যালের ভর্তি পরীক্ষা ছিল আজকে। রাস্তায় হাটা যায় না মানুষের ভিড়ে। রুমে এসে কিছুক্ষন রেস্ট নিয়ে গোসল করে নামাজে। এরপর সেজে গুজে “এবিসি” -তে গেলাম। শুধু আমার ভিডিও টাই রেকর্ড হলো, বাকিদের টা হয়নি। ঐ লোক আজকে খালি নিজের সেলফ ব্র্যান্ডিং-ই করলো। “গ” এর সাথে টুকটাক অনেক্ষণ কথা হলো। সেখান থেকে পরে “ঘ” ভাইয়ের সাথে কথা বলতে বলতে আর্কি বিল্ডিং এ এনে ওনাকে পৌছে দিলাম। এরপর আমার রাস্তায় আমি চলে আসলাম। কালকে থেকে আবার টিউশন শুরু করতে হবে। ঝঞ্জাট শুরু। কোনটা রেখে কোনটা করবো, জানিনা। যাই হোক, ৬ তারিখ পরীক্ষা, এখন পড়তে বসো! GO!!

২০ মে, ২০২২

শুক্রবার

> সকাল ৫টায় উঠে নামাজ পড়লাম। আম্মুর কল-এর অত্যাচারে না টিকতে পেরে বাধ্য হয়ে উঠতে হলো। নাস্তা করে বেরিয়ে পড়লাম। ৭টা ১৫ এর দিকে সেইন্ট জোসেফে পৌছে গেলাম। এরপর নাফি কে রেখে আমি হলে চলে আসি। হলে এসে কিছুক্ষণ ঘুম দিলাম। নামাজের পর খেয়ে টিউশনে গেলাম। একসাথে নাফির জামা কাপড় নিয়ে বের হলাম। নাফির জন্যে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর কিনলাম নিউ মার্কেট থেকে। টিউশন শেষ করে সেইন্ট জোসেফে গেলাম। গিয়ে শুনি নাফি কয়েকবার বমি করে অবস্থা খারাপ। দুপুরেও খায়নি। ফিজিক্স অলিম্পিয়াডের প্রোগ্রাম শেষে বাসে ঊঠলাম, শেওড়াপাড়ায় আজিমের কাছে পৌছে দিবো, কালকে আবার এস্ট্রোনমি অলিম্পিয়াড। আমার ক্লাস-ল্যাব, সময় নাই। তাই আজিম কে বললাম একে পৌছে দিতে, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি তে অনুষ্ঠান। বাসে ঊঠে নাফির অবস্থা আরো খারাপ দেখে পরে বিজয় স্মরনি থেকে রিক্সা নিয়ে যেতে হলো। আজিমের কাছে পৌছে দেয়ার পর আমি কিছুদূর চলে আসলাম। পরে মনে পড়লো, সাজিদের প্র্যাকটিকাল খাতা দেয়া হয়নি, আবার গিয়ে দিয়ে আসলাম। হলে পৌছাতে পৌছাতে রায় ৯টা। রুমে এসে খাওয়া নামাজ শেষে এখন একটু শান্তি শান্তি অনুভব করছি।

৮ জুন, ২০২২

বুধবার

> সকালে উঠে সবকিছু গোছগাছ করে ৮টার ক্লাস ধরতে হইছে। অন্যান্যদিন ৮টার ক্লাসে গিয়ে ঘুমাই। আজকে তাও পুরোপুরি মনোযোগী ছাত্রের মতো ক্লাস করলাম। মামুন স্যারের ক্লাস হয়নি। মাঝে ১ ঘন্টা গ্যাপ ছিল। রেজিস্টার অফিসে গিয়ে যোগাযোগ করলাম। দুইবছরে একবারও বৃত্তির টাকা আসে নাই। এরপর ক্যান্টিনে ১৫ টাকার চমুচা কিনে খেতে খেতে হলে চলে আসলাম। ২০ মিনিট রেস্ট নিয়ে আবার আইপিই ল্যাব এ। ১১টায় আইপিই, দুপুরে হিট ল্যাব শেষ করে ৫টায় টিউশনের জন্যে বের হলাম। গিয়ে পৌছালাম ৬টায়। ৭টা ১৫ পর্যন্ত পড়ায়ে হেটে হেটে হলে আসলাম। সারা রাত নষ্ট করে পাইথনে গ্রাফ প্লট করলাম। মোটামুটি একটা গ্রাফের কোড রেডি করে হিট এর ডাটা শিট আর গ্রাফ প্রিন্ট করলাম। এখন খালি ক্যালকুলেশন আর ডিসকাশনের ঝামেলা। আইপিইও লিখা বাকি এখনো। শনিবার ME-350 এর ল্যাব। আবার ক্লাস টেস্টও আছে। পাগল হয়ে যাবো মনে হচ্ছে। চার দিক থেকে সব জড়িয়ে ধরতেছে। ফেসবুক স্টোরি তে দুইটা লেইম ছবি দিলাম। WHATEVER, WHO CARES!!

২৪ জুলাই, ২০২২

রবিবার

> সকালে ক্লাসে যেতে গড়িমসি করতে করতে ৯টা ১০ এ গিয়ে ক্লাসে পৌছালাম। এরপর একটা ক্লাস করে চলে আসলাম। আইপিই দুইটা ক্লাস হয়নি। রুমে এসে বাকি সময় ইউটিউবে কিছু লেকচার দেখলাম। ঘুমালাম। ঘুম থেকে উঠে ২টার দিকে গিয়ে খেয়ে আসলাম। ৩টার দিকে “Y” তে গেলাম। সন্ধ্যায় রুমে ফেরত আসলাম। নন-টেক্সুয়াল বই পড়ে পড়েই রাত পার। একাডেমিক পড়া আর হয়নি। রাতে ডাইনিং এ চুইঝাল দিলো অনেকদিন পর। দাতের ব্যাথায় শান্তিমতো খেতেও পারলাম না। এ সপ্তাহ জুড়ে ডাইনিং এ ইম্প্রুভমেন্ট চলবে। কিছুক্ষণ ফেসবুকে, কিছুক্ষণ অন্য বই, কিছুক্ষন ইউটিউবে, এভাবেই রাত শেষ। অথচ পরের দুইদিন স্ট্রিমরোলার চলবে। দুইটা ক্লাস টেস্ট, একটা ল্যাব রিপোর্ট, একটা প্রবলেম ক্লাস, “Y” এর পরীক্ষা। অন্য পড়াশুনাও হচ্ছে না। আল্লাহ!! একটা মোমেন্টাম দাও, যেনো আর না থামি। নন-স্টপ চলতে থাকি।

০৯ আগস্ট, ২০২২

মঙ্গলবার

> সকালে উঠে পড়াশুনা শুরু করলাম। HEAT RADIATION এর ক্লাস টেস্ট কালকে। দেড় ঘন্টা করে ৮টা লেকচার ইউটিউবে। সব দেখে শেষ করতে হবে। “A” ভাইয়ার আব্বা মারা গেছে, আম্মু ফোন দিয়ে বললো যেতে। কিন্তু আমি বাসা চিনি না,তার উপর সব অপিরিচিত মানুষ। AWKWARD লাগছিল যেতে। আর যাওয়া হলো না। কিছু ড্রেস লন্ড্রি তে গিয়ে আসলাম। BUT MY POCKET IS GOING LOW GRADUALLY. দুপুরে টিউশন শেষে রুমে এসে আবার কিছু লেকচার দেখলাম। ডাইনিং এ কালাভুনা ছিল। সাড়ে ৮টায় গিয়ে ধাক্কাধাক্কির মাঝে গিয়ে খেয়ে আসলাম। খাওয়ার পর ফেসবুকে কিছু সময় নষ্ট। এরপর কিছুসময় পড়াশুনা। এভাবেই গেলো। আজকের প্রিপারেশন মনে হয় ভালোই। দেখা যাক। পরে দেখা যাবে, পরীক্ষা দিয়ে গিয়ে প্রশ্ন দেখে কাইত হয়ে পড়ে আছি।

২১ আগস্ট, ২০২২

রবিবার

> সকাল ৯টায় গিয়ে আকন্দ স্যারের ক্লাস ধরলাম। এরপর বাকি ক্লাস আর করি নাই। অলসতা এসে ঘিরে ধরেছে। কপালে যে কি দুঃখ আছে, আল্লাহ-ই ভালো জানে। ধার স্যারের কুইজ ছিল ১টায়। রুমে এসে কিছুটা পড়লাম। ৩টায় “Y” এর ক্লাস ছিল। গিয়ে ক্লাস করলাম। ক্লাস শেষে সন্ধ্যায় মামার সাথে দেখা করতে ঢাকা মেডিক্যালের উলটা পাশে অথেনটিক মেডিক্যালে গেলাম। ওনার পায়ের হাড়ের সমস্যার জন্যে ডাক্তার দেখাতে আসলো। মশিউর মামা আর সায়েমও ছিল। চলে আসার আগে চুপচাপ আমার পকেটে এক হাজার টাকার একটা নোট দিয়ে দিলো। নিচে নেমে মশিউর মামার সাথে কিছুক্ষণ কথাবার্তা হলো। পরে মামা আর সায়েম খালার বাসায়, মশিউর মামা সাভারে, আর আমি হলে চলে আসলাম। হলে এসে রাতের খাবার খেয়ে এরপর রুমে আসলাম। পরের দিনের জঞ্ঝাট নিয়ে কাজ শুরু করতে হবে।

১৩ সেপ্টেম্বর, ২০২২

মঙ্গলবার

> বায়োলজিক্যাল ক্লক উল্টায় পালটায় গেছে। কখন উঠি, কখন ঘুমাই কিছুই ঠিক নাই। সকালে এখন আর নাস্তা করা লাগে না। উঠে একেবারে দুপুরের খাবার খেলেই চলে। ইউটিউবে মেকানিক্স অব মেশিনারিজ এর কয়েকটা ইউটিউব রিভিশন ভিডিও দেখলাম। ৫টার দিকে কোয়ান্টাম এর প্রোগ্রাম এ যাওয়ার জন্যে বের হলাম। ভেবেছিলাম IDEB Building আগারগাও। বাসে উঠে মেসেজ চেক করে দেখি যে, স্থানঃ কাকরাইল। তাড়াতাড়ি বাস থেকে নেমে এবার কাকরাইলের উদ্দেশ্যে যাত্রা। সার্টিফিকেট,আইডি আর একটা স্মারক দিলো। সেখান থেকে রাত ৮টায় হলে ফেরত আসলাম। আম্মুর সাথে কথা হলো। ২/৩ তারিখে “B” ভাইয়ার বিয়ে। আজকে দুপুরে “C” এর টাকা আসলো। আজকেই ৭ হাজার টাকা দিয়ে “P” তে ভর্তি হয়ে গেলাম। আরো ৭ হাজার টাকা এখনো বাকি। “Q” এর কোর্স টাও ভালো লাগলো। সব কেনো এতো ভালো লাগে, সমস্যা! বড় ধরনের সমস্যা! কিন্তু সামনে আবার পরীক্ষা। দ্বিধাদ্বন্দ্বে আছি। পকেট খালি! আল্লাহ! TK WHERE?

৮ অক্টোবর, ২০২২

শনিবার

> সকালে ওঠার পর সিদ্ধান্ত নিলাম, আজকে সব জামা কাপড় ধুবো। হলের নিচ থেকে সার্ফ এক্সেল কিনে নিয়ে আসলাম। মোট ১২/১৩ টা ড্রেস ধুয়ে আমার অবস্থা নাজেহাল। চোখে মুখে দিনের বেলাতেই তারা দেখতে পাচ্ছি। দুপুরে খেয়ে কিছুক্ষন ইউটিউবে, কিছুক্ষণ ঘুমে, এভাবেই কাটলো। সন্ধ্যায় নিচ থেকে নাস্তা কিনে নিয়ে আসলাম। পড়াশুনার মুড পাচ্ছি না। “J” ব্যাপারে কৌতুহল সীমা পার করে সেটা এখন গবেষণা পর্যায়ে চলে গেছে। এসব আজাইরা বিষয়ে ব্যক্তিগত গবেষণা থামায়ে, আসল কাজে মনোযোগ দাও!! BACK TO THE REAL WORLD! FIGHT & EXIST! ঐসব আজাইরা ব্যক্তিগত গবেষণা কাজে আসবে না ভবিষ্যৎ জীবনে। নিজেকে নিজেকে মোটিভেশন দিলাম। আজকে “Q” এর টাকা জমা দিয়ে আসবো ইনশাল্লাহ!!!

২ নভেম্বর, ২০২২

বুধবার

> রাত ৪টা পর্যন্ত “V” এর সাথে আজাইরা প্যাচাল পাড়লাম। সকাল ১১টার দিকে উঠলাম। মনে পড়লো, “X” এর একটা ক্লাস এখনো বাকি। সেটা দেখে শেষ করলাম। প্রায় একদিনের মতো উপাস। ব্যাপক ক্ষুদার্ত আমি। দুপুরে গিয়ে খেয়ে আসলাম। নিজেকে নিয়ে হতাশ! কি কি যে করি! বিকেলে কারাতে প্র্যাক্টিসে গেলাম। প্র্যাক্টিস শেষে সন্ধ্যায় হলে ফেরত আসলাম। সময় কাটছিল না। পলাশী থেকে পেয়ারা, কদবেল কিনে আনলাম। সেসব খাওয়া শেষে আরেক দফা কেইক, বাটার বন খেলাম। মানে ভাত খাওয়ার টাকা বাচাতে গিয়ে তাঁর চেয়ে দ্বিগুণ খরচ করে বসে থাকি। হতাশ! হতাশ! এক DEPRESSED SOUL এর সাথে কিছুক্ষণ কথা হলো। কখনো ইতিবাচক, কখনো নেতিবাচক। যাক গে, যার মাথা, তাঁর ব্যাথা। আমার কিছুই যায় আসে না!!

১৬ ডিসেম্বর, ২০২২

শুক্রবার

> সকালে উঠলাম ১১টার পর। গতকাল রাতে একটা গল্প লিখেছিলাম বসে বসে। কোয়ালিটি চেক করার জন্যে একজন পাঠক সমালোচক দরকার। “K” কে গল্পটা পাঠিয়ে জিজ্ঞেস করেছিলাম, গল্পটা কেমন। সকালে উঠে দেখি রিপ্লাই দিলো, তাঁর ভালো লেগেছে গল্প। শুনে আমিও খুশি। গোসল শেষে ১২ঃ৩০ এ দুপুরে খেয়ে আসলাম। জুম্মার নামাজের পর সব ঠিকঠাক করে পোস্ট করলাম ওয়েবসাইটে। কিছু CSS কাস্টোমাইজেশনও করলাম। বিকেলে রুমে একলা ভালো লাগছিল না। ভাবলাম টিএসসি থেকে একটা চক্কর দিয়ে আসি। বুয়েট ক্যাফের সামনে স্বরূপ আর জালাল এর সাথে দেখা। ছবি টবি তুলে আমি চলে আসলাম। টিএসসি, ভিসি চত্বর হয়ে আবার হলে ফেরত। “W” এর ক্লাস ছিল সন্ধ্যায়। ২টা এসাইনমেন্ট সাবমিট করে চাপ হালকা করলাম। নোয়াখালী অফিসার্স সমিতি থেকে কল আসলো। MISSION SUCCESSFUL, I’M IN. কিন্তু ঐদিন একটা ক্লাস টেস্ট আছে, আবার ঢাবি জুডো-কারাতে হল গেমসও আছে। সব কেনো একদিনেই পড়তে হলো। হতাশ আমি! তাঁর চেয়ে বড় কথা হলো, কালকে আবার ৮টায় ক্লাস। আবারো হতাশ!!