শেষ কয়েকটি সেকেন্ড!!

মাসখানেক ধরে বেশ ব্যস্ততা শেষে আজকের দিনটি ছুটি, তেমন কোনো কাজের চাপ নেই। ভাবতেই নিজেকে হালকা হালকা অনুভব হচ্ছে। গতকাল কলেজ বন্ধুদের সাথে যোগাযোগ করলাম, অনেকদিন দেখা হয়না কাজের চাপে। কালকে যেহেতু জাতীয় দিবসের ছুটি, সবাই মোটামুটি ফ্রি-ই বলা চলে৷ সবার সাথে একটা গেট টুগেদার করলে মন্দ হয় না। বন্ধুরাও বেশিরভাগই রাজি, দুই একজন তাদের ব্যক্তিগত সমস্যার কারনে আসতে পারবে না।
আজকে বিকেলে সবাই দেখা করার কথা, ঠিক চারটায় সবাই টি,এস,সি, এর সামনে থাকবো। বাঙালি বলে কথা। কেউই ঠিক সময়ে আসবে না জানি। জীবনে বহুবার এমন হয়েছে, ঠিক সময়ে গিয়ে পস্তাতে হয়েছে। পরে আফসোস করেছি, সবার মতো দেরি করে আসাই উচিত ছিল, এদেশে সময়ানুবর্তিতা-নিয়মানুবর্তিতা এসব রচনা লিখার মধ্যেই সীমাবদ্ধ। সে ধারনা থেকেই রওনা দিলাম একটু দেরি করে। মাত্র রওনা দিলাম, তখনই এক বন্ধুর কল। তারা সবাই চলে এসেছে, আমিই দেরি করেছি। আমিও তাড়াতাড়ি হাটছি। হেটে গেলে ১০ মিনিটের পথ।
দূরন্ত গতিতে হাটছি, তাড়াতাড়ি পৌছাতে হবে। মনের মধ্যে সেসব পুরানো দিনের এক এডভেঞ্চার কাজ করছে। এই বন্ধুরাই একসাথে কত ঘুরেছি, মজা করেছি। সেসব দিন আর না আসলেও সেসব দিনের মতো আজকের দিনটা ভালো কাটবে বলে মনে হচ্ছে।
মাথার মধ্যে সেসব কথাই ঘুরছে। অনেক মজার মজার স্মৃতি আছে আমাদের, সেসব ভেবে নিজে নিজেই হাসছি। বকশিবাজার থেকে সোজা রোডে টি,এস,সি। প্রায় দৌড়াতে দৌড়াতে শহীদ মিনারের কোণা পর্যন্ত এসে পৌছালাম। বন্ধের দিন বলে আজকে কিছুটা ব্যস্তও মনে হচ্ছে রাস্তাঘাট৷ কিন্তু আমার মাথায় এসব নেই, আমার মধ্যে এখন অন্য এক্সাইটমেন্ট কাজ করছে। বন্ধু গ্রুপে সবাইকে গেট টুগেদারের কথা বলে আমিই সবার শেষে, এটা তো মানা যায় না। তাড়াতাড়ি রাস্তা পার হতে হবে, আর মাত্র দুই তিন মিনিটের পথ। এখানে চারটা রাস্তা এসে মিলেছে। কলেজ জীবনে এই রাস্তাটাই আমার অন্যতম পছন্দের রাস্তা ছিল। এখানে এসে জীবন চারটি গন্তব্য তৈরি করে দেয়। যার দুই পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়, একপাশে বুয়েট, একপাশে ঢাকা মেডিক্যাল। যেটা তোমাকে বেশি টানে, সেটাকেই আপন করে নাও। এমনকি এখনো আমার সবচেয়ে পছন্দের রাস্তা এটি।
রাস্তা পার হতে পা বাড়ালাম, ঠিক তখনই যেন আচমকা কিছু একটা হয়ে গেলো। আমি মুখ থুবড়ে পড়ে গেলাম নিচে। কি হলো আমার সাথে, তাও বুঝে ওঠার সময় পেলাম না। স্কুল জীবনে পড়ে ছিলাম বিগ ব্যাং এর কথা। মাত্র ১ ন্যানো সেকেন্ডের আগেই পৃথিবীতে ব্যাপক পরিবর্তন ঘটে গিয়েছিল। তখন বিষয়টা মিলাতে পারছিলাম না৷ এতো সামান্য সময়ের ব্যবধানে এতো পরিবর্তন কিভাবে সম্ভব? পরে অবশ্য জানতে পারলাম, টাইম ফ্রেম টাই আসলে রহস্যজনক, সবার ক্ষেত্রে এক ভাবে কাজ করে না। ইসলাম ধর্মমতে প্রথম দিকের মানুষদের আয়ু ছিল হাজারের কাছাকাছি, তাদের শারীরিক গঠনও ছিল বর্তমানের চেয়ে বহুগুণ বড়। বরাবরই আমার মাথায় প্রশ্ন আসতো, তাহলে কি স্পেস টাইম কি ক্রমশ পরিবর্তনশীল? তখনকার স্থান সময় এবং বর্তমানের স্থান সময় কি ভিন্ন? নাহলে এতো ব্যবধান কেনো? এমনকি জ্বীনরাও শত বছর বাচে, তাদের টাইম ফ্রেম টাও আলাদা। তাহলে সবাই নিশ্চয় আলাদা আলাদা টাইম ফ্রেমে আবদ্ধ!! ক্ষুদ্র সময়ে বড় পরিবর্তন আসা সম্ভব, তাই টের পেলাম আজকে। আমি মাটিতে পড়ে আছি। কয়েক মূহুর্তের জন্যে মনে হলো পুরো পৃথিবী থমকে আছে!
আশে পাশে সবাই আমারদিকে এগিয়ে আসছে। চারদিক থেকে মানুষ জড় হচ্ছে। ছোট বেলায় স্কুলে মার্বেল দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। প্রতিযোগিতার নিয়ম ছিল, মাঝখানে কিছু মার্বেল থাকবে, চারপাশে প্রতিযোগিরা থাকবে। প্রতিযোগির চেয়ে মার্বেল এর সংখ্যা কম থাকবে। যখনই হুইসেল দেয়া হবে, সবাই মার্বেল কুড়ানোর চেষ্টা করবে, যারা যারা কোনো মার্বেল কুড়াতে পারবে না, তারা এলিমিনেট হয়ে যাবে। এভাবে এই গেম চলতে থাকবে। শেষ পর্যন্ত যারা টিকে থাকবে, তারাই প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে। আমিও সব পর্বে মার্বেল কুড়িয়ে সেরা চার এর মধ্যে আসলাম। এরপর প্রতিযোগি কমে গেলো, আর মাত্র চারজন টিকে টিকে আছে। মনে হচ্ছিল, সবাই আমার দিকে তাকিয়ে আছে। সবাই এমন এটেনশন সহ্য করতে পারে না। আমিও মানুষকে নিয়ে ভাবতে ভাবতে সে রাউন্ডেই বাদ হয়ে গেলাম। একই ঘটনা আরো অনেকবার হয়েছে। এক অনুষ্ঠানে কয়েকজন কে অনুষ্ঠান নিয়ে অনুভূতি জানতে চেয়েছিল। আমি মনে মনে সব গুছিয়ে রেখেছিলাম, আমাকে জিজ্ঞেস করা হলে আমি কি বলবো। কিন্তু যখন আমাকে মাইক দেয়া হলো, আমার মনে হচ্ছিল সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি ভুল বললে এখন লজ্জা পাবো। এসব ভাবতে ভাবতেই আসলে আরো বেশি ভুল করছিলাম, বলতে চাই এক, কিন্তু হয়ে যাচ্ছে আরেক। সেরকম অনুভূতি কাজ করছে এখনো, আমি নিচে পড়ে আছি, আমাকে কেন্দ্র সবাই ঘিরে আছে, যেনো আমিই মধ্যমণি হয়ে আছি। নড়াচড়া করতে পারছি না, কিন্তু সামনের মানুষগুলো কে দেখতে পাচ্ছিলাম, তাদের চোখে এক ধরনের আতঙ্ক। এতোক্ষণে বুঝতে পারছিলাম, আমার শরীরের ওপর দিয়ে কিছু একটা চলে গিয়েছে। কিন্তু আমার কোনো অনুভূতি কাজ করছে না কেনো? প্রায় সময়ে একটা কথা শুনতাম মানুষের মুখে, “অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর”। আমারও কি একই অবস্থা? অনুভূতিহীন ভাবে মাটিতে পড়ে থাকার মতো। কিছুক্ষণ পর পর চোখের পাতা মেলছি আর বন্ধ করছি, তাও মনে হচ্ছে চোখের পাতার নড়াচড়াও অনেক দীর্ঘ হয়ে গেছে। আমার এখন প্রতিটা সেকেন্ড কে-ই অনেক দীর্ঘ মনে হচ্ছে। চোখ ক্রমশ ঘোলা হয়ে আসছে, সামনের সবকিছু ক্রমশ আবছা হয়ে আসছে।
কারো মুখ দেখতে পারছি না এখন আর। অনেকটা আলো ছায়ার খেলার মতো দেখতে পাচ্ছি। আমার চোখ তখনো খোলা, কিন্তু আমি এখন সবকিছু সাদা দেখতে পাচ্ছি। আমার বড় মামা মারা যাওয়ার ঠিক আগের দিন আমি খেয়াল করেছিলাম, তাঁর চোখ গুলো স্বাভাবিক না। মনে হচ্ছিলো, এই দৃষ্টিতে সে আর বাহ্যিক কিছু দেখতে পাচ্ছে না। এই দৃষ্টি সে সীমা পেরিয়ে অন্য কোথাও চলে গিয়েছে। আমারও ঠিক তেমনই, চোখ খুলেও কিছু দেখতে পাচ্ছি না, সাদা এক আচ্ছাদন দেখতে পাচ্ছি সামনে।
ক্রমশ আমার চোখের ওপর ভেসে আসছে আমার ছোটবেলার দিনগুলো, বাবা মা সহ হাসিমাখা সেসব দিন। অথচ বাবা তো অনেক আগেই মারা গিয়েছিল। এতোদিনেও এসব স্মৃতি মনে পড়েনি, আজকে কেনো সেসব চোখের সামনে দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে? চতুর্থ মাত্রা বলে ধরে নেয়া হয় সময়কে। কিন্তু সময় হচ্ছে অদৃশ্য মাত্রা, যাকে দেখা যায় না। কিন্তু আমার মনে হচ্ছে, আমি এখন সেই চতুর্থ মাত্রার সামনে দাঁড়িয়ে আছি। আমার সামনে আমার অতীতের স্মৃতি ঘটছে। সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলাম। বাবা ও মা রং বেরং এর পোশাক কিনে দিয়ে সর্বদাই বড় ছেলে কে খুশি রাখতো। চোখের সামনে দেখতে পাচ্ছি, ছোট্ট আমি পাখির জন্যে কাদছি। আমার মা আমাকে বোঝাচ্ছে, পাখি ধরা যায় না। পাখি তো আকাশে উড়ে, ধরবো কিভাবে? তাও আমি না বোঝার পাত্র। কান্না করেই যাচ্ছি। পরে আম্মুর বন্ধু দুই তিনজন এসে আমাকে একটা পাখি দিয়ে গেলো। আমি খুশি হয়ে ধরেছি মাত্র, পাখি আমাকে এক ঠোকর দিয়েই উড়ে চলে গেলো। মুহুর্তেই আমার কান্নাও শেষ, পাখির প্রতি কৌতুহলও শেষ। সেসব ঘটনাই আয়নার মতো দেখতে পাচ্ছি। কিন্তু সেসব লোকরা কেউ তো এখন নেই, অনেকেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।
স্কুলে রেজাল্ট দিয়েছে, আমি রেজাল্ট কার্ড হাতে পেয়ে ভয়ে বাসায় আসার সাহস পাচ্ছি না। কাদতে কাদতে বাসায় আসছি। পথে মানুষজন তাকিয়ে ছিল আমার দিকে, আমার কিছু হয়েছে কিনা, সেটা ভেবে। আমার কান্না দেখে মাও শান্ত হয়ে যায়, আর কিছুই বলেনি। কী বোকাই না ছিলাম তখন। ছোটবেলার সেই চোখ দিয়ে যা যা দেখেছিলাম তখন, এখনো ঠিক তাই দেখছি। স্কুলের পাশের সেই পুকুর তো এখন অবশিষ্ট নেই। শেষ গিয়েছিলাম বহুবছর আগে। তখন দেখেছিলাম, অনেক দোকান হয়ে গিয়েছে সেখানে।
সাইফুল স্যারের ক্লাসে আমরা সবাই মন দিয়ে স্যারের গল্প শুনছি। স্যার এমন অনেক গল্প বলতো, যা আমরা বহুবার শুনেছি, তাও শুনতে বিরক্ত লাগতো না। কারন স্যারের উপস্থাপনা বরাবরই পুরানো গল্প কেই নতুনের মতো করে দিতো। পুরো ক্লাস হেসে একাকার। ছোট বেলার সেসব সহপাঠীদের দেখছি আবছা অবস্থায়, যাদের সাথে গত কয়েক বছরেও আমার দেখা হয়নি।
অনেকবার এমন হয়েছে যে, আমার সাথে কোনো ঘটনা ঘটছে, ঠিক তখনই আমার মনে পড়ে, এমন ঘটনা আমার সাথে এর আগেও ঘটেছে। এবং এরপর কি হবে,তাও আমি জানি। সব কিছু মিলে যাচ্ছে পুরানো স্মৃতির সাথে। বাস্তবজীবনে পুনঃপুনিক ঘটনা ঘটে কিনা জানি না, তবে এখন আমার সাথে ঠিক সেসব পুনঃপুনিক ঘটনাই ঘটছে। কলেজ কালীন সময়ে প্রায় দেড় কিলোমিটার পথ হেটে হেটে কলেজে যেতাম। অনেক দিনের ঘটনা আমার এখন মনেও নেই, কিন্তু সেসবও এখন দেখতে পাচ্ছি।
চাকরি পাওয়ার পর কাউকে না জানিয়ে সোজা চলে গিয়েছিলাম বাসায়। বাসায় গিয়েই মা কে জড়িয়ে ধরে সুসংবাদ জানিয়েছিলাম। মুহুর্তের মধ্যেই তাঁর মুখ হাসিতে পরিপূর্ণ হয়ে যায়। সেই হাসিতে ছিল সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। চোখের সামনে সেদিনের ঘটনা স্পষ্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার মা কি জানে, আমি এখানে এখন এই অবস্থায় পড়ে আছি? জানলে কি করতো এখন এই মুহুর্তে? নিশ্চয় জীবনের অন্যতম সেরা কষ্ট পেত। কেউই তাঁর সন্তানকে হারাতে চায়না নিশ্চয়। আমার বৃদ্ধ দাদীও বাবার মৃত্যু তে কাতর হয়ে পড়েছিল। আমার বন্ধুদের সাথে আমার দূরত্ব আর মাত্র কয়েকশত মিটার। অথচ আমি এখন এখানে এই অবস্থায় পড়ে আছি, তারা জানেও না। তারা অপেক্ষা করে যাচ্ছে। হয়তো ভাবছে, আমি তাদের কে ধোঁকা দিয়েছি কিনা, আসবো বলে আসছি না। তারা যখন পরে জানতে পারবে, তাদের অনুভূতি কেমন হবে? হয়তো তাদের সাথে আমার আর কোনোদিন দেখাও হবে না।
সামনে নিশ্চিত মৃত্যু, এই অনুভূতিটা কেমন, তা জানার প্রতি আমার অনেক রহস্য ছিল। কিন্তু এখন আর তা রহস্য মনে হচ্ছে না। আচ্ছা, আমি কী এখন জীবিত? স্বপ্ন নাকি বাস্তবের চেয়েও বহুগুণ দীর্ঘ হয়, আমিও মুহুর্তের মধ্যেই জীবনের সকল স্মৃতিই দেখছি, আমিও কি স্বপ্নের মধ্যে আছি? বৈজ্ঞানিকরা মৃত মানুষ পরীক্ষা করে বলেছে, মানুষের মস্তিষ্ক মৃত্যুর পরে কয়েক মিনিটের জন্যে সক্রিয় থাকে। এ সময় তাদের মস্তিষ্কের যে অংশ বেশি সক্রিয় থাকে, তা সাধারণত অতীতের স্মৃতি রোমন্থনে কাজ করে। আমার ক্ষেত্রেও কি এই পর্যায়-ই চলছে? আমার মস্তিষ্কও বার বার অতীতের দিনগুলো কে টেনে আনছে।
আশে পাশের মানুষ আমাকে ধরে নাড়াচাড়া করছে, আমি তা অনুভব করতে পারছি। কিন্তু এই অনুভূতি আগের মতো না, একেবারেই আলাদা। আমি কি এখনো জীবিত? না মৃত? আর যদি মৃত নাও হয়ে থাকি, তাহলে এরপরে কি অপেক্ষা করছে আমার জন্যে? ইসলাম ধর্ম মতে এরপর আমার কাছে ফেরেস্তারা আসবে। এই অসহায় মুহুর্ত একদিন সকল মৃতকে-ই পার করতে হয়েছে, আমাকেও পার করতে হবে। মৃত্যুর পরেও কি আমার চিন্তা-চেতনা, ভাবনা সব কি আগের মতো থাকবে? এ যেনো এক বড় রহস্য। এক সুদীর্ঘ কালো পর্দা। যারা একবার এক পর্দা পার করে চলে গিয়েছে, তারা আর কখনোই পেছনে ফিরে আসতে পারবে না। তাই এই অনুভূতি গুলো কোনো জীবন্ত মানুষের পক্ষে জানাও সম্ভব নয়। পর্দার ওপারে কি অপেক্ষা করছে, সেটাই এই জগতের বড় রহস্য। এবং আমিও এখন সেই পর্দা পার করার জন্যে সময় গুনছি, আর কিছু মুহুর্ত হয়তোবা। যে রহস্য জীবনে বহুবার তাড়িয়ে বেড়িয়েছে, সে রহস্যের উদঘাটন করতে পারবো, কিন্তু ছেড়ে যাবো তিল তিল করে গড়ে তোলা এই অস্থায়ী জগত কে। মুহুর্তের মধ্যেই সব কিছু ঠুনকো হয়ে যাবে।