Failures of my life

অন্যান্য পোস্টে বেশিরভাগই সারসংক্ষেপ আকারে লিখেছিলাম নিজের জীবনের বিভিন্ন ঘটনা, যে কারনে হয়তো সফলতার কথাগুলোই একটু বেশি উঠে আসছে। ব্যার্থতার গল্প কতোটুকু উঠে আসছে জানি না। তাই ভাবলাম যে, শুধু ব্যার্থতা গুলো কে একসাথ করি। অনেক অনেক ব্যার্থতার মাঝে উল্লেখযোগ্য গুলো তুলে ধরা যায় কিনা, দেখা যাক।
মাধ্যমিক স্কুলে বিভিন্ন শ্রেণিতে ক্লাস ক্যাপ্টেন থাকার সুবাধে আমার কারনে বিভিন্ন সময়ে আমার সহপাঠীরা শাস্তির স্বীকার হয়েছে, আমারও কিছু করার ছিলো না, স্যারদের হুকুম পালন করার জন্যে তা করতে হয়েছে। কিন্তু সমস্যা হলো, এই কারনে অনেকের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হয়ে যায়, অথবা মৌন বিরক্তি চলে এসেছিল আমার প্রতি। তখন হয়তো ঐভাবে অনুভব করিনি, পরে বুঝতে পেরেছিলাম।
এমনকি প্রাথমিক স্কুলের এক ছেলে আমাকে অনেক দিন পর ফেসবুকে মেসেজ দিলো। খোজ খবর নিলো। পরে বললোঃ “তোর মনে আছে? বোর্ডে নাম লিখে আমাকে অনেকবার মার খাওয়াইছোস। তোর চেয়ে অমুক আরো বেশি মাইর খাওয়াইছে। কিন্তু তোদের আগেই এখন আমি আয় রোজগার করতেছি। আমি হয়তো পড়াশুনায় ভালো ছিলাম না, কিন্তু আমরাও জীবনে ভালো কিছু করতে পারি”। এসব শোনার পর আমার মুখ থেকে আর কোনো কথাই বের হচ্ছিল না। মাফ চাওয়া ছাড়া আর কিছুই বলার ছিল না আমার।
ছোট বেলা থেকে অনেক বেশি কম্পেটিটিভ মাইন্ড ছিল। সব কিছুতেই কারো পেছনে থাকতে চাই না, এমন একটা মনোভাব ছিল। এটার ভালো দিক আছে, কিন্তু একই সাথে খারাপ দিকও আছে। বাকি সবাই কে বন্ধুর চেয়ে প্রতিদ্বন্দ্বি হিসেবেই বেশি বিবেচনা করেছি। যে কারনে অনেকের সাথেই ততোটুকু ভালো সম্পর্ক তৈরি করতে পারিনি, যতটা চাইলে পারতাম।
বিভিন্ন সময় অনেকের সাথে ভালো বন্ধুত্ব তৈরি হয়েছিল। কিন্তু একটা সময় পর দেখা যেত, তাদের সাথে কিছু একটা ব্যাপার নিয়ে অনেক দুরত্ব তৈরি হয়ে যেত। ব্যাপার টা একবার কিংবা দুইবার নয়, বহুবার হয়েছে। এমনও হয়েছে রাগ করে দুই তিন বছরেও কথা বলিনি। হয়তো অনেকটা ইগোস্টিক ছিলাম। কিন্তু এই বিষয়টাই পরবর্তীতে অনেক আক্ষেপের কারণ হয়েছিলঃ কেনো এমন রূড ছিলাম? এমন ব্যবহারের কারনে হয়তো তারা আমাকে অহংকারী ভাবতো। কিন্তু আমি সত্যিই অহংকারী কখনোই হতে চাইনি। বরং উপলব্ধি হবার পর থেকে নিজেকে ছোট করে হলেও সবার সাথে মিশে যেতে চেয়েছি। জানিনা কতোটুকু পেরেছি। এমনকি পরিচিত কারো সাথে দেখা হলেও এখন আগে কথা বলার চেষ্টা করি।
একবার ক্রিকেট খেলার সময় এক ছেলে কে রাগ করে বলে ফেলেছিলামঃ খেলা পারিস না, কেনো খেলতে আসিস। অনেকদিন পর এই কথা মনে হবার পর মনে হচ্ছিল, এতোটা খারাপ ব্যবহার কেনো করলাম? বাকিরা কেউ নিশ্চয় ভালো ভাবে নেয়নি এই কথা! আরেকবার মজা করতে করতে এক ছেলে কে বলে ফেলেছিলামঃ তোর পেছনে নামাজ পড়লে তো নামাজই হবে না! পরে মনে হলো, এই কথায় আল্লাহ নারাজ হলো কিনা, কার ঈমান কেমন, তা তো আল্লাহই ভালো জানে। এই কথা দ্বারা আমি নিজেকেই নিজে ছোট করে ফেললাম।
ষষ্ঠ শ্রেণি থেকেই স্কাউট ক্যাম্পে অংশগ্রহণ করতাম এবং এসবে আমার বরাবরই ভালো আগ্রহ ছিল। অনেক মানুষের সাথে মেশা যায়, পরিচিত হওয়া যায়, শেখা যায়। উপজেলা আর জেলা পর্যায়ের ক্যাম্প গুলো তে আমরা জেলা স্কুলের ছাত্ররাই ডোমিনেট করতাম। কিন্তু যখন আঞ্চলিক,বিভাগীয়,জাতীয় পর্যায়ের ক্যাম্পে অংশগ্রহণ করলাম, নিজেকে একদমই শূন্য মনে হচ্ছিল। আমি তাদের কাছে কিছুই না। আমি তাদের সাথে মিশতেও কষ্ট হচ্ছিল। মনে মনে তখন আম্মুর একটা কথা মনে পড়ছিলঃ “কুয়োর ব্যাঙ ঐ কুয়ো কে-ই সাগর মনে করে, কিন্তু এর চেয়ে অনেক বড় যে একটা জগত আছে, তা-ই জানে না”। আমার তখন সত্যিই নিজেকে কুয়োর ব্যাঙ মনে হচ্ছিল। আঞ্চলিক পর্যায়ের একটা ক্যাম্পে আমি তিনদিন কারো সাথেই মিশতে পারছিলাম না। বাসায় এসে ঠিক করলাম, নিজেকে পরিবেশের সাথে দ্রুত মানিয়ে নেয়ার জন্য প্রস্তুত করতে হবে, নাহলে পিছিয়েই পড়তে হবে। SURVIVAL OF THE FITTEST, যোগ্যরা টিকে থাকবে, অযোগ্যরা ঝরে পড়বে। জাতীয় পর্যায়ে গিয়ে মনে হয়েছিল, হ্যাঁ! পারছি তো! আমিও তাদের চেয়ে কোনো অংশে কম না, যেটায় কম ছিলাম সেটা ছিল আত্মবিশ্বাসে। পরবর্তীতে দেখা গেল কুমিল্লা আঞ্চলিক পর্যায়ে যে ছেলে প্রচুর দাপটিয়ে বেড়িয়েছিল, সে জাতীয় পর্যায়ে সিলেক্টেড হয়নি, কিন্তু আমি সিলেক্টেড হয়ে গিয়েছি।
আব্বু যখন ক্যান্সার শেষ পর্যায়ে, তখন তাঁর জন্যে পরিবারের অন্তত মানসিক সাপোর্ট টা অনেক জরুরি ছিল। সময় ফুরিয়ে যাওয়ার পর সত্যি নিজেই নিজের উপরই বিরক্ত হয়েছি, আমি আমার জায়গা থেকে ততোটুকু সাপোর্ট দেইনি। হয়তো অকৃতজ্ঞের মতোই আচরণ ছিল সেটা । হয়তো বয়স কম ছিল, বুঝতে পারিনি। কিন্তু এখন এই আক্ষেপ দূর করারও কোনো সুযোগ নেই।
আমি আমার মাধ্যমিক স্কুলের প্রথম ছিলাম, এমনকি দিবা এবং প্রভাতি শিফট মিলিয়েও আমিই প্রথম হতাম। কিন্তু কলেজে ভর্তির সময় দেখা গেলো, আমি আমার পছন্দের কলেজে চান্স পাইনি। তখন মনে মনে হীনমণ্যতায় ভুগতাম। নিজেকে অন্যান্য বছরের ফার্স্ট বয় দের সাথে তুলনা করতাম, আর ভাবতাম – আমিই হয়তো সবচেয়ে অযোগ্য ফার্স্টবয় ছিলাম। ভালো কোনো জায়গায় না যেতে পারলে বাকি ফার্স্টবয়দের সাথে কোনোদিন দাড়াতেও পারবো না। এসব নিয়ে ডিপ্রেশনে কেটেছিল কলেজ জীবনের কিছুদিন।
কলেজে ওঠার পর মানসিক ভাবে প্রস্তুত ছিলাম যে, আমার এই সময়টা অনেক আত্মত্যাগের ওপর দিয়ে যাবে, এবং আমাকে এটা মেনে নিতে হবে। কলেজে এসে কেনো যেনো সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। এমনকি বন্ধু বলতে দুই তিনজনের নাম বলা যায়। দশম শ্রেণি পর্যন্ত আমি যেখানে অনেক কিছুতেই সক্রিয়, র্যালী থেকে শুরু করে যেকোনো প্রতিযোগিতায় আমি থাকতাম। কলেজে এসে দেখা গেলো, আমি একেবারেই শুণ্য লেখাপড়া ছাড়া। কোনো কিছু তেই নাই। এমনকি বন্ধু বান্ধবের সংখ্যাও অনেক কম। যে বাসায় থাকতাম, সেখানেও ভালো সম্পর্ক তৈরি করতে পারিনি। পুরোপুরি আত্মকেন্দ্রিক মানুষ বলতে যা বুঝায়। একটা সময় পর বুঝতে পারলাম, আমি অনেকটাই INTROVERT, SHY এবং OVERTHINKER হয়ে গেছি। চাইলেও মিশতে পারিনা অনেকের সাথে। আগে মনে হতো, আমি সবার থেকে আলাদা হতে চাই, তখন মনে হচ্ছে আমি সবার মধ্যে মিশে যেতে চাই।
EGOISTIC ভাবটা আগে থেকেই ছিল, যার কারণে আমি অনেক কিছু হারিয়েছি জীবনে, সত্য কথা এটা। এটা এতোটাই প্রকোট ছিলো যে, আমি যখনই কারো কাছে অবহেলার স্বীকার হয়েছি, আমি তার থেকে পুরোপুরি সরে এসেছি। সেটা আমার আত্মীয়-স্বজন দের বেলায়ও সত্য। যেখানে মনে হয়েছে আমাকে ভালোভাবে ট্রিট করছে না, সেসব জায়গা বরাবরই এড়িয়ে গিয়েছি। হয়তো মুখে কাউকে কিছু বলতে পারতাম না দেখেই সব মাথার মধ্যে থেকে যেত। অন্যভাবে চাইলেই সামাল দিতে পারতাম, কিন্তু মাত্রারিক্ত ইগোর কারনে পারিনি।
অনেকদিনের পর্যবেক্ষণ থেকে আমার বার বার-ই যেটা মনে হয়, আমার সাথে কারো বন্ধুত্ব একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আগায়। একটা পর্যায়ের পর আর আগায় না। মানে বন্ধু পর্যন্তই হয়, মানুষ যেটা কে বেস্ট ফ্রেন্ড বলে, আমার ক্ষেত্রে এমন কাউকে পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে এমন প্রশ্নের মুখে পড়েছিঃ তোমার/আপনার বেস্ট ফ্রেন্ড কে? আমি কিছুক্ষণ ভেবে উত্তর না পেয়ে মুচকি হেসে এটাই উত্তর দেই – আমার বেস্ট ফ্রেন্ড আমি নিজে। আমি নিজের সাথে নিজে কথা বলতে পারি, এটা অনেক পাওয়ারফুল একটা জিনিস।
বিশ্ববিদ্যালয়ের হলে ওঠার পরের একই সমস্যার সম্মুখীন হতে হয়। আমার ইগো একটু বেশিই ছিল। আমার মতো বাকিরাও র্যাগের স্বীকার হয়। তারা সহজভাবে মেনে নিয়েছিল, কিন্তু আমি মানতে পারিনি। আমার মাথায় এটাই কাজ করছিল, নিজের খেয়ে নিজের পরে ওদের কথা কেনো শুনতে যাবো। এই মনোভাবটাই আত্মঘাতী হয়ে দাঁড়ায়। এই সমস্যা অনেক দূর গিয়ে থামে। আমিও মনে মনে ঠিক করেছিলাম, দরকার হলে বিশ্ববিদ্যালয়ের হল ছেড়ে দেবো, তাও আমি তাদের কাছে হার মানবো না। শেষ পর্যন্ত আমার পক্ষেই আসে ফলাফল। সাথে আমাকেও অনেক ভুগতে হয়েছে। কিন্তু চাইলেই বিষয়টা অন্যভাবে বুদ্ধি দিয়ে সমাধান করতে পারতাম, তাদের সাথেও সম্পর্ক খারাপ হতো না।
অনেক সময় অনেকের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। এমনকি তাদের জন্যে আমি ছোট খাটো স্যাক্রিফাইস করতেও প্রস্তুত। কিন্তু পরে দেখা গেল, তারা তাদের জায়গা থেকে আমার জন্যে ঐভাবে স্যাক্রিফাইস করতে প্রস্তুত না, যতোটা আমি প্রস্তুত। তখন বুঝতাম যে, আমি তাদেরকে যতটা বন্ধু বা কাছের মানুষ ভাবি, তাদের কাছে আমি ঐভাবে বন্ধু হিসেবে হয়তো গ্রহণযোগ্যতা পাইনি। অনেকবারই এমন হয়েছে এবং এসব ভেবে বরাবরই হতাশ হতাম। আর মনে হতো, পৃথিবী জায়গাটাই আসলে অনেক কঠিন জায়গা। কেউ কারো জন্যে নয়। এখানে শুধু দেয়া আর নেয়া ছাড়া কিছুই নেই।
ভবিষ্যৎ জীবনের ব্যার্থতা নিয়ে এটার দ্বিতীয় পর্ব পরবর্তীতে, ইনশাল্লাহ!