← All writing

০৮ আগস্ট, সকাল ০৮ টা ০৮ মিনিট

Fiction10 min read2022-11-01 · Hasibul Islam

০৮ আগস্ট, সকাল ০৮ টা ০৮ মিনিট

ইশতিয়াক সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে অপেক্ষায় আছে, আজকে একটা বিশেষ ঘটনা ঘটতে যাচ্ছে। প্রায় ২০ মিনিট অপেক্ষার পর আকাঙ্খিত মানুষকে দূর থেকে দেখতে পেলো। জুঁই ও তার বান্ধবীরা আড্ডা দিচ্ছে। তখনই অনধিকার প্রবেশ ঘটে ইশতিয়াকের। সে জুঁই কে গিয়ে বললো:

> একটু এদিকে আসবে? তোমার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল।

জুঁই সামান্য সরে আরেক পাশে এসে দাড়ালো, বলে ঊঠলো –

> আমি কি আপনাকে চিনি?

ইশতিয়াক উত্তর দিলো:

> না চেনারই কথা। কিন্তু আমি চিনি।

এই কথা বলে, হাতে একটা লাল খাম দিয়ে দ্রুতই চলে গেলো। জুঁই কিছু বুঝে ওঠার আগেই সে উধাও। যাই হোক, সে লাল খাম খুললো, সেখানে দুই পাতার একটা চিঠি লিখা। কিন্তু লিখা পড়া যাচ্ছে না। মনে হচ্ছে অন্য ভাষায় কি সব লিখা। একদম প্রথম লাইনে লিখাঃ

> এই চিঠি উলটা করে লিখা। এই চিঠি পড়ার উপায় দুটি। হয় আয়নার সামনে ধরতে হবে, নাহয় সূর্যের আলোতে উলটা পৃষ্ঠা থেকে পড়তে হবে।

এতো নাটকীয়তার মানে কি, কিছুই বুঝলো না জুঁই। তাও কিঞ্চিৎ রহস্য কাজ করলো তার। যাকে সে চেনেই না, সে এমন একটা অদ্ভুত চিঠি এসে দিয়ে গেলো।

সে ব্যাগে খামটি রেখে দিলো, হলে গিয়ে ঠান্ডা মাথায় আয়নার সামনে ধরে পড়তে হবে। প্রায় আড়াই ঘণ্টা পর সকল কাজ শেষে সে হলে পৌছালো। সকল খাওয়া দাওয়া শেষে ফেসবুক স্ক্রল করতে করতেই হঠাৎ তার ঐ চিঠি টির কথা মনে পড়লো। খাম খুলে আয়নার সামনে ধরলো। হ্যাঁ! এবার সে সত্যি সত্যিই পড়তে পারছে লিখা। লিখা দেখে তার বুঝতে বাকি রইলো না, বেচারা কে উলটা করে লিখার জন্যে ভালোই শক্তি ক্ষয় করতে হয়েছে। হাতের লিখাই তা প্রমাণ করে।

চিঠি পড়তে শুরু করলো জুঁই। চিঠি তে লিখাঃ

> “তোমার কাছে আমি হয়তো একদমই অচেনা, কিন্তু আমার কাছে তুমি ভালো ভাবে চেনা। মনে মনে নিশ্চয়ই ভাবছো – চেনা বললেই কি চেনা হয়ে গেলো নাকি? ঠিক আছে, আমি প্রমাণ দিতে বাধ্য যেহেতু, প্রমাণ আমি দেবো। তোমার পুরো নাম – জারিন তাসনিম জুঁই। বাবার নাম – সৈয়দ আশরাফ হোসেন, মায়ের নাম – জাহানারা আক্তার। প্রকৃত জন্মদিন ১৭ এপ্রিল ২০০০ ইং। আর সার্টিফিকেটে জন্ম তারিখ ২৯ নভেম্বর ২০০০ ইং। ডিপার্টমেন্ট – এপ্লাইড ক্যামিস্ট্রি। হল – শামসুন নাহার হল, রুম নং – ৩১৭ । ঠিকানা – রায়পুরা, নরসিংদী। মোবাইল – ০১৭১৮১৯১১০১। ব্যক্তিগত ইমেইল – Jarin.tj@gmail.com, আর ইন্সটিটিউশনাল মেইল – s2019120124@acce.du.ac.bd। আশা করি প্রমাণ করতে পেরেছি আমার দাবি সত্য। আমি তোমাকে খুব ভালোভাবেই জানি। এমনকি প্রিয় খাবার, ফুল, সেসবও জানি। সেটা প্রমাণ হয়তো পরে কখনো দেবো। তোমার মাথায় এখন নিশ্চয় ঘুরছে, তোমাকে এতো কিছু বলার মানে কি? আর তোমার এতো কিছু আমি জানলাম কিভাবে? বা কেনোই বা জানার চেষ্টা করলাম?

> এবার মূল কথায় আসি। আমি প্রায় দেড় বছর থেকেই তোমাকে কোনো এক ভাবে চিনি। তখন থেকেই তোমার টুকটাক তথ্য সংগ্রহ করতে থাকি। এতোদিন পর গিয়ে আমার কাছে মনে হলো, তোমাকে প্রেম প্রস্তাব দেয়ার জন্যে যতোটুকু জানার দরকার, আমি জেনে গিয়েছি। তাই এখন সাহস করে বলছি। তুমি চাইলে আমরা একসাথে নতুন ভোর দেখতে পারি, নতুন স্বপ্ন বুনতে পারি, পাখির মতো ডানা মেলে উড়তে পারি, প্রজাপতির মতো রং ছড়াতে পারি, মৌমাছির মতো গুণগুণ করতে পারি, আর জীবনকে আরো প্রসারিত করতে পারি । তুমি কি আমাকে সে সুযোগ দেবে? হয়তো তোমার মাথায় একটা প্রশ্ন, যাকে চেনে না, জানো না, তাঁকে কিভাবে এতোটুকু বিশ্বাস করবে? তাই তো? আমার সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে, আমার নাম ইশতিয়াক মাহবুব, বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ পড়াশুনা করছি। তার চেয়ে বড় পরিচয় দীর্ঘদিন থেকে তোমার নেশায় আসক্ত এক যুবক। আর বিশ্বাসের প্রশ্ন যদি আসলে, তাহলে আমি বলবো, বিশ্বাস কখনো সময় দিয়ে বিবেচনা করা যায় না। যাকে তুমি ১০ বছর ধরে চেনো, তাদের সবাইকে তুমি বিশ্বাস করতে পারো? আবার এমন অনেক বন্ধু আছে, যার সাথে তোমার অল্প দিনের পরিচয়, কিন্তু তুমি তাঁকে অনেক বিশ্বাস করো। তাই আমি চাই, তুমি আমাকে কিছুটা হলেও বিশ্বাস করো। পাখি যেমন একটা একটা করে খড় জমাতে জমাতে এক সময় পুরো পাখির বাসা বানিয়ে ফেলে, আমিও তেমন তোমার সকল টুকরো টুকরো তথ্য একত্র করার একটা জুঁই-পিডিয়া বানিয়ে ফেলেছি। আমাকে একটা বার তোমার বিশ্বাস করাই উচিত।

> আরেকটা পাগলামি হয়তো তুমি খেয়াল করোনি, আজকের তারিখটা মনে আছে তোমার? ৮ই আগস্ট। অর্থাৎ ০৮-০৮-২০২৩। আর আমি যখন তোমাকে খামটি দিয়েছিলাম, তখন সকাল ৮টা বেজে ৮ মিনিট ছিল। আমি ইচ্ছে করেই এমন দিন পছন্দ করেছি। যেনো ঐদিন ভালোভাবেই স্মরণীয় হয়ে থাকে। তুমি রাজি না হলেও ঐ তারিখ আমার কাছে আলাদা মূল্যায়ন পাবে। আর আমার প্রস্তাবের উত্তর দেয়ার জন্যে তোমাকে ১২ ঘণ্টা সময় দিচ্ছি। আমি রাত ৮টা ৮ মিনিটে তোমার হলের নিচে অপেক্ষা করবো, যদি তোমার উত্তর “হ্যাঁ” হয়, তাহলে একটা বার নিচে এসে দেখা করে যেও। আর যদি উত্তর “না” হয়, তাহলে আর আসতে হবে না, আমি শূন্য হাতেই ফেরত চলে যাবো। তোমার উত্তরের অপেক্ষায় ব্যাকুল। ইতি ”।

চিঠি পড়া শেষে কিছুক্ষণ কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে রইলো জুঁই। এতোকাল বান্ধবীদের প্রেম দেখে একরকম নেতিবাচক ধারণা পোষণ করতো মনে মনে। কিন্তু এমন পরিস্থিতি তে সে নিজে এখন কি করবে, বুঝতে পারছে না।

রাত ৮টা ৮ মিনিটে ইশতিয়াক হলের নিচে আসবে বলেছিল। বার বার ঘড়িতে সময় দেখছে জুঁই। আজকে সময় টা কেনো যেনো কাটছে না, স্থির হয়ে আছে। সন্ধ্যা ৭টার পর থেকে হঠাৎ বৃষ্টি শুরু। ক্রমশ বৃষ্টি বাড়তেই থাকলো। আবহাওয়া পরিস্থিতি ভালো নয়, সমুদ্রে নিম্নচাপের কারনে আগামী দুইদিন হালকা ও ঝড়ো হাওয়া থাকবে। ৩ নং বিপদ সংকেত দেয়া হয়েছে ঢাকা তেও। জুঁই এবার উৎকন্ঠায় পড়ে গেলো, ঐ ছেলে আসবে তো? এবার তার ভালোবাসার প্রমাণ মিলবে। এই ঝড়ের মধ্যে আসে কিনা দেখা যাক। সেও মনে মনে চাচ্ছে যে, ইশতিয়াক আসুক। আবার একটু সংশয়ের মধ্যেও আছে। সে না আসলে তার খারাপ লাগবে।

৮টা বেজে গেছে। জুঁই এক মিনিট পর পর-ই বারান্দা থেকে উঁকি দিচ্ছে। এদিকে বৃষ্টি থামছেই না, বরং ক্রমশ বাড়ছে। ইশতিয়াক তো তার রুম নং জানে, সে যেনো এসে না বুঝে যায়, আমি বারান্দা থেকে বার বার বাইরে উঁকি দিচ্ছি। জুঁই মনে মনে ভাবতে থাকলো। ঘড়িতে ৮টা ৫ বাজে। বারান্দা থেকে দেখা যাচ্ছে, এক ছেলে বৃষ্টিতে ভিজছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেইটের সামনে। বৃষ্টিতে চেহারা বোঝা যাচ্ছে না। কিন্তু জুঁই এর বুঝতে বাকি রইলো না, এটাই ইশতিয়াক। আর আবেগ সংবরণ করতে না পেরে দৌড় দিলো নিচে।

নিচে এসে দেখলো ইশতিয়াক বৃষ্টিতে ভিজছে, তার ছাতা উলটে গেছে। ভাঙ্গা ছাতা হাতে দাঁড়িয়ে আছে, সকালে সে পোশাক পরে এসেছিল, সে পোশাকে এখনো। জুঁই এসেই ইশতিয়াক কে এক ঝাড়ি দিয়ে উঠলো:

> এসব পাগলামির কোনো মানে আছে? এতো ঝড় বৃষ্টি তে কে আসতে বলেছে তোমাকে? খুব রোমিও হয়ে গিয়েছো, তাই না? তাড়াতাড়ি হলে গিয়ে ড্রেস চেঞ্জ করে নাও, জ্বর হয়ে যাবে তো। আর ছাতার এ অবস্থা কেনো?

ইশতিয়াক কথা বলার সুযোগই পাচ্ছে না, বললো:

> আসার পথে ঝড়ে ছাতা উলটে গিয়েছিল। তাই এই অবস্থা। আমি তো দুর্ঘটনার স্বীকার হয়ে ভিজছি, কিন্তু তুমি ভিজছো কেনো? ছাতা ছাড়াই বের হয়ে চলে আসলে কেনো?”

জুঁই রাগান্বিত স্বরে বললো –

> তোমার এতো বুঝতে হবে না, নিজের চিন্তা করো”।

কন্ঠে রাগান্বিত ভাব থাকলেও কথায় অনেক ভালোবাসা ছিল, সেটা ইশতিয়াকের বুঝতে বাকি রইলো না। সে বললো –

> আচ্ছা চলে যাচ্ছি, কিন্তু তোমার উত্তর তো দিলে না!

জুঁই উত্তর দিলো –

> কালকে সকাল ১০টায় যদি ৫ রঙয়ের গোলাপ নিয়ে কলা ভবনের সেই কোণায় থাকবে। যদি আনতে পারো, তাহলেই রাজি। নাহলে রাজি না।

কথা শুনে ইশতিয়াক হেসে দিলো, বললো –

> তুমি বললে সারা রাত গিয়ে দাঁড়িয়ে থাকবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে কালকে সকালে দেখা হচ্ছে তাহলে।

জুঁই মৃদু হাসি দিয়ে আর কোনো কথা না বলেই উলটা ঘুরে চলে আসলো। সেও ভিজে একাকার।

এরপরের দিন ইশতিয়াক শাহবাগের যতো ভিন্ন ভিন্ন রকমের গোলাপ আছে, প্রায় ২০টি গোলাপ কিনে এনে জুঁই এর সামনে দাঁড়ায়। দুজনের সম্পর্কের সূচনা হয়।

এরপর এক বছর খুব দ্রুতই কেটে যায়। বিভিন্ন ভালো সময়, খারাপ সময়, টুকটাক কথা কাটাকাটি, খুনসুটি এসব নিয়েই সময় কেটে যায়। আগামীকাল তাদের এক বছর পূর্ণ হবে সম্পর্কের। ইশতিয়াক রাতে জুঁই কে ফোন দিলো, তাদের কথোপকথনঃ

- জুঁই, তোমার কি আগের বছরের কথা মনে আছে? আমি তোমার হাতে একটা খাম দিয়ে দ্রুতই চলে এসেছিলাম। কলাভবনের সামনে তুমি তোমার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিলো। সকাল বেলা না খেয়েই তোমার সাথে দেখা করার জন্যে চলে গিয়েছিলাম।

- হ্যাঁ! মনে আছে। তোমার পাগলামির কারনে আমার বান্ধবীরা আমাকে নিয়ে হাসাহাসি করেছিল।

- আমি চাই আগামীকাল আমরা একই ভাবে, একই জায়গায়, একই সময়ে দেখা করবো। আমি সাথে মোবাইল নিবো না, আমরা একসাথে সেখানেই দেখা করবো। এর আগে আর যোগাযোগ করবো না।

- ঠিক আছে, কিন্তু এই পরিকল্পনা কেনো?

- আগের বছরের মতো করেই দিনটা চাই। তাই।

পরেরদিন সকালে ঠিক গতবছরের মতোই, ইশতিয়াক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লাল খাম, আর গিফট পেপারে মোড়ানো একটা বক্স। জুঁই আসলো। ইশতিয়াক বললো – এই চিঠিটা তোমার জন্যে। আর এই গিফট টা তোমার জন্যে। আমি এখন সে দিনের মতোই চলে যাবো। আমি যাওয়ার পরেই তুমি চিঠি টি খুলবে। জুঁই কে কিছু বলতে না দিয়েই, সে খাম এবং গিফট বক্স দিয়ে চলে গেলো।

জুঁই হতবিহবল হয়ে দাঁড়িয়ে আছে। খাম টা খুললো। একটা চিঠি। চিঠি পড়তে শুরু করলো সেঃ

> “গতবছর তোমাকে দেয়া আমার চিঠিতে তোমার অনেক ব্যক্তিগত তথ্য আমি বলে দিয়েছিলাম। তুমি হয়তো ভেবেছো, এসব তথ্য আমি নিজে খুজে বের করেছি। আসলে প্রকৃত সত্য হচ্ছে, ঐ তথ্যগুলো আমি আমার রুমমেটের ডায়েরী থেকে পেয়েছি। সে অনেকদিন থেকেই তোমাকে সোশ্যাল মিডিয়া এবং বাস্তবে ফলো করতো এবং তোমাকে পছন্দ করতো। আমি সেখান থেকেই তোমার সকল তথ্য নিয়ে নিজের নাম দিয়ে চালিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে আমার রুমমেট পুরো বিষয়টা বুঝতে পেরে আমার উপর নিরব রাগ হিসেবে রুম পরিবর্তন করে ফেলে।

> গিফটের বক্সের মধ্যে দুইটা বই এবং একটি ডায়েরী আছে, একটা বই এ কিছু প্রেমের ছোটগল্প সমগ্র রয়েছে। আমি একটা ছোটগল্প সূচিপত্রে দাগিয়ে দিয়েছি। সে গল্পটা অবশ্যই পড়বে। কারণ ০৮-০৮-২০২৩ সকাল ৮টা ৮ মিনিট, সব কিছুই আইডিয়া সেই বই থেকে পেয়েছিলাম। আর আরেকটি হুমায়ুন আহমেদের বই। সে বইতে প্রেমিক ঝড়ের রাতে বৃষ্টিতে ভিজতে থাকে নায়িকার বাসার সামনে। পরবর্তীতে নায়িকা রাজি হয় প্রেম প্রস্তাবে। যেমনটা আমি নিজেও করেছিলাম। এই আইডিয়া এসেছিল ঐ বই থেকে। বরং সবকিছুই পরিকল্পনা মতোই হয়েছিল।

> আর ডায়েরী টা হলো আমার রুমমেট এর। তার ডায়েরীর কভারে সুন্দর করে লিখা রয়েছে, জুঁই-পিডিয়া। সেখানে তোমার সকল তথ্য। তোমার সোশ্যাল মিডিয়া এনালাইসিস করে তোমার পছন্দ অপছন্দ সব লিখা ছিল। সেসব জেনেই আমি আমার কাজে লাগিয়েছিলাম।

> এবার যদি সংক্ষেপে পুরো ঘটনা বলি, আমার তখন সেমিস্টার পরীক্ষা শেষ। প্রচুর অবসর সময় ছিল। রুমে বসে বই পড়তাম, আর মুভি-গেইম এসব নিয়েই ছিলাম। একদিন জামশেদ (যার ডায়েরী তোমাকে দিলাম) এর টেবিলে ডায়েরী দেখে তোমার ব্যাপারে জানলাম। ফেইসবুক – ইনস্টাগ্রাম থেকে তোমার ছবি দেখে চিনে নিয়েছিলাম। আমি তখন সম্প্রতি হুমায়ুন আহমেদের এই বইটা এবং প্রেমের ছোটগল্প সমগ্র পড়েছি। তখন ঐ বইয়ের আইডিয়া গুলা একসাথ করলাম। আবহাওয়া সংবাদে দেখলাম যে, ৭ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত ঝড়ের আশঙ্কা রয়েছে। এদিকে ৮ আগস্ট তারিখটা ০৮-০৮ মিলে যায়। তখনই এই দুঃসাহসিক পরিকল্পনা করে বসলাম । সকল প্ল্যান ভালোভাবেই কাজ করেছিল এবং আমি সফল হয়েছিলাম এই মিশনে।

> কিন্তু সত্যিকার অর্থেই আমি এখনো তোমাকে পছন্দ করি, ভালোবাসি। তোমাকে এসব সত্য আমার জানানো উচিত বলেই জানালাম। হয়তো আজীবন গোপন করে যেতে পারতাম, কিন্তু নিজের কাছে অপরাধী হয়ে থাকতাম। তাই আমি সকল কিছুর জন্যে ক্ষমাপ্রার্থী। তুমি আমাকে আগের মতোই নিজের করে নাও। ইতি”।

চিঠি পড়তে পড়তে চোখের পানি টপটপ করে পড়ছে জুঁই-এর। গত বছরের মতো এবারো তার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব এসে ঘিরে ফেলে। তার এখন কি করা উচিত? এতো বড় ধোঁকার পরেও কি তাঁকে ক্ষমা করা উচিত? কিন্তু সে তো আসলেই বৃষ্টিতে ভিজে কষ্ট করেই এসেছিল, মিথ্যা ভালোবাসা হলে তো নিশ্চয় এমন করতো না। আবার ভাবে, সে নিজে জেতার জন্যে সব কিছুই করতে পারে, হয়তো বৃষ্টিতে ভিজে ভালোবাসা প্রকাশ করা টাও তার জেতার চেষ্টারই অংশ। হাজারো প্রশ্ন এসে একে একে দগ্ধ করতে থাকলো জুঁই কে। এবারো তার মনে হচ্ছে, সত্যিই এক সমস্যার সম্মুখীন হয়েছে সে।