← All writing

সংখ্যার রহস্য

Blog12 min read2022-10-31 · Hasibul Islam

সংখ্যার রহস্য

আল্লাহ কুরআনে বলেছেন- তোমরা আল্লাহর নিয়ামত এবং সৃষ্টি নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করো। দিনশেষে এই উপসংহারে পৌছাবে যে, আল্লাহর সৃষ্টি অত্যন্ত নিখুত। ছোটবেলা থেকেই আমরা সংখ্যার সাথে পরিচিত, কিন্তু এই সংখ্যা গুলো কে একটু গভীরভাবে দেখে আসলে কেমন হয়?

**১ম অংশঃ**

আমাদের দেহের যখন কোষ বিভাজন হয়, আমরা সবাই জানি মাইটোসিস বিভাজনের মাধ্যমে হয়ে থাকে। একটা কোষ থেকে শুরু হয়ে বিভাজিত হতে হতে পর্যায়ক্রমে- দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, আটটি থেকে ষোলো টি। এদের কে যদি একটা প্যাটার্ণ হিসেবে সাজাই, তাহলে দাড়াবেঃ

> ১, ২, ৪, ৮, ১৬, ৩২, ৬৪, ১২৮, ২৫৬, ৫১২, ১০২৪, ২০৪৮ ইত্যাদি।

ব্যাকটেরিয়া এবং অন্যান্য অনুজীব এর বিভাজনও এভাবেই বৃদ্ধি পেতে থাকে। যাদের বাইনারি সংখ্যা নিয়ে ধারণা আছে, তারা প্যাটার্ন টা দেখলে ইতোমধ্যে বুঝে যাওয়ার কথা এদেরকে আমরা বার বারই দেখি বিট সংখ্যা হিসেব করার সময়। এমনকি যারা জানে না বিট কি, তারাও দেখে এসেছে মোবাইল কিংবা হার্ড ড্রাইভের স্টোরেজ গুলো সাধারণত:

> ২জিবি, ৪ জিবি, ৮জিবি, ১৬ জিবি, ৩২ জিবি, ৬৪ জিবি, ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি

এমন হয়ে থাকে। এখন এই সংখ্যা গুলো কে আমরা একটু অন্যভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি। আমরা এই সংখ্যা গুলোর অঙ্কগুলোর যোগফল দেখার চেষ্টা করবো। যাদের ক্ষেত্রে অঙ্কগুলোর যোগফল দুই অঙ্ক বিশিষ্ট, সেক্ষেত্রে প্রাপ্ত যোগফলের অঙ্ক গুলোকে কে পুনরায় যোগ করে এক অঙ্কে প্রকাশ করবো। যেমনঃ

১ → ১

২ → ২

৪ → ৪

৮ → ৮

১৬ → ১ + ৬ = ৭

৩২ → ৩ + ২ = ৫

৬৪ → ৬ + ৪ = ১০ → ১ + ০ = ১

১২৮ → ১ + ২ + ৮ = ১১ → ১ + ১ = ২

২৫৬ → ২ + ৫ + ৬ = ১৩ → ১ + ৩ = ৪

৫১২ → ৫ + ১ + ২ = ৮ , ইত্যাদি।

যোগফল গুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে একটা মজার বিষয় দেখবো। যোগফল গুলো প্রতিবারই ১,২,৪,৫,৭,৮ , এই সংখ্যা গুলোর মধ্যে সীমাবদ্ধ। কখনো ৩ বা ৬ বা ৯ আসবে না। এই প্যাটার্ণের যে সংখ্যাই নিই না কেনো, কখনোই তাদের যোগফল ৩,৬ বা ৯ পাওয়া যাবে না। একই ভাবে এই প্যাটার্ণ কে যদি আনুপাতিক হারে অর্ধেক করতে থাকি, তাহলেও একি ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এক থেকে শুরু করে ক্রমান্বয়ে অর্ধেক করতে থাকলে যে প্যাটার্ন পাওয়া যাবে, তা হলোঃ

> ১, (১/২), (১/৪), (১/৮), (১/১৬), (১/৩২), (১/৬৪), (১/১২৮)

দশমিকে প্রকাশ করে লিখলে যা দাঁড়াবেঃ

> ১, ০.৫, ০.২৫, ০.১২৫, ০.০৬২৫, ০.০৩১২৫, ০.০১৫৬২৫, ০.০০৭৮১২৫ ইত্যাদি।

এবার আগের মতো এদের অঙ্ক গুলোর যোগফল নির্ণয় করিঃ

১ → ১

০.৫ → ০ + ৫ = ৫

০.২৫ → ০ + ২ + ৫ = ৭

০.১২৫ → ০ + ১ + ২ + ৫ = ৮

০.০৬২৫ → ০ + ৬ + ২ + ৫ = ১৩ → ১ + ৩ → ৪, ইত্যাদি।

এবারো অদ্ভুত ভাবে ১, ২, ৪, ৫, ৭, ৮ , এই সংখ্যা গুলোই বার বার আসছে। কখনোই ৩,৬, বা ৯ আসছে না। এবার এই প্যাটার্ণ থেকে বেরিয়ে এসে অন্য একটা প্যাটার্ণ নিয়ে বিশ্লেষণ করে দেখা যাক।

**২য় অংশঃ**

আমরা যদি আগের প্যাটার্ন কেই ১ দিয়ে শুরু না করে ৩ দিয়ে শুরু করি, এবং প্রতিবারে দ্বিগুণ করে বাড়বে, তাহলে যে প্যাটার্ণ টি পাওয়া যাবে, তা হলোঃ

> ৩, ৬, ১২, ২৪, ৪৮, ৯৬, ১৯২, ৩৮৪ ইত্যাদি।

এই সংখ্যা গুলোর অঙ্ক গুলো কে যোগ করে দেখি, কি পাওয়া যায়ঃ

৩ → ৩

৬ → ৬

১২ → ১ + ২ = ৩

২৪ → ২ + ৪ = ৬

৪৮ → ৪ + ৮ = ১২ → ১ + ২ = ৩

৯৬ → ৯ + ৬ = ১৫ → ১ + ৫ = ৬, ইত্যাদি।

মজার বিষয় হলো, এবার প্রতিক্ষেত্রেই ৩ অথবা ৬ পরপর পাওয়া যাচ্ছে। কোনবারেই ৩ অথবা ৬ ছাড়া অন্য সংখ্যা আসছে না। একই ভাবে ৩ থেকে দ্বিগুণ করে না বাড়িয়ে, দ্বিগুণ করে যদি কমাই, তাহলে যে প্যাটার্ণ দাঁড়াবে, তা হলোঃ

> ৩, (৩/২), (৩/৪), (৩/৮), (৩/১৬), (৩/৩২), (৩/৬৪) ইত্যাদি।

দশমিকে প্রকাশ করলে দাঁড়াবেঃ

> ৩, ১.৫, ০.৭৫, ০.৩৭৫, ০.১৮৭৫, ০.০৯৩৭৫, ০.০৪৬৮৭৫ ইত্যাদি।

অনুরূপভাবে এই অঙ্কগুলোর যোগফল নির্ণয়ের চেষ্টা করিঃ

৩ → ৩

১.৫ → ১ + ৫ = ৬

০.৭৫ → ০ + ৭ + ৫ = ১২ → ১ + ২ = ৩

০.৩৭৫ → ০ + ৩ + ৭ + ৫ = ১৫ → ১ + ৫ = ৬

০.১৮৭৫ → ১ + ৮ + ৭ + ৫ = ২১ → ২ + ১ = ৩ , ইত্যাদি।

এক্ষেত্রেও দেখা যাচ্ছে পর্যায়ক্রমিক ৩ এবং ৬ এর পুনরাবৃত্তি ঘটছে। এই দুটি সংখ্যা ছাড়া অন্যা সংখ্যা কখনোই আসছে না। একই পরিক্ষা আমরা ৬ দিয়েও করে দেখতে চাই। ৬ কে দ্বিগুণ করে বাড়ালে যে প্যাটার্ণ পাওয়া যাবে, তা হলোঃ ৬, ১২, ২৪, ৪৮, ৯৬, ১৯২ ইত্যাদি। এ সংখ্যা গুলোর অঙ্কগুলোর যোগফলঃ

৬ → ৬

১২ → ১ + ২ = ৩

২৪ → ২ + ৪ = ৬

৪৮ → ৪ + ৮ = ১২ → ১ + ২ = ৩

৯৬ → ৯ + ৬ = ১৫ → ১ + ৫ = ৬, ইত্যাদি।

একই ঘটনার পুনরাবৃত্তি, ৬ এবং ৩ পর্যায়ক্রমে আসছে। ৬ কে দ্বিগুণ করে কমাতে থাকলে যে প্যাটার্ণ পাওয়া যাবে, তা হলোঃ

> ৬, (৬/২) , (৬/৪), (৬/৮), (৬/১৬), (৬/৩২) ইত্যাদি।

দশমিকে প্রকাশ করলে দাঁড়াবেঃ

> ৬, ৩, ১.৫, ০.৭৫, ০.৩৭৫, ০.১৮৭৫ ইত্যাদি।

এদের অঙ্কগুলোর যোগফল নির্ণয় করিঃ

৬ → ৬

৩ → ৩

১.৫ → ১ + ৫ = ৬

০.৭৫ → ০ + ৭ + ৫ = ১২ → ১ + ২ = ৩

০.৩৭৫ → ০ + ৩ + ৭ + ৫ = ১৫ → ১ + ৫ = ৬ ,ইত্যাদি।

এক্ষেত্রেও প্রতিবার ৬ এবং ৩ পাওয়া যাচ্ছে পর্যায়ক্রমে। পুরো বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করলে একটা মজার বিষয় লক্ষ্ করা যাবে যে, ১, ২, ৪, ৫, ৭ ও ৮ বার বার ঐ সংখ্যা গুলোর মধ্যেই ফিরে আসছে। একইভাবে ৩ ও ৬ প্রতিবারই ৩ ও ৬ এর মধ্যেই ফিরে আসছে। এরা পরস্পর মিশে যাচ্ছে না। একটা সংখ্যা কিন্তু এখনো বাদ আছে। সেই সংখ্যাটি হচ্ছেঃ ৯। এবং এটিই হচ্ছে সব থেকে রহস্যময় একটি সংখ্যা। এবার ৯ নিয়ে বিশ্লেষণ করা যাক।

**৩য় অংশঃ**

৯ কে দিয়েও আমরা একই পরীক্ষা করে দেখতে চাই। দ্বিগুণ করে বাড়াতে থাকলে যে প্যাটার্ণ পাওয়া যাবে, তাদের অঙ্ক গুলোর যোগফলঃ

৯ → ৯

১৮ → ১ + ৮ = ৯

৩৬ → ৩ + ৬ = ৯

৭২ → ৭ + ২ = ৯

১৪৪ → ১ + ৪ + ৪ = ৯

২৮৮ → ২ + ৮ + ৮ = ১৮ → ১ + ৮ = ৯

৫৭৬ → ৫ + ৭ + ৬ = ১৮ → ১ + ৮ = ৯, ইত্যাদি।

এক্ষেত্রে প্রতিবারই যোগফল ৯ আসছে। এমনকি ৯ এর যেকোনো গুনিতক নিলেও যোগফল ৯ পাওয়া যাবে। আমরা বড় একটা যদি উদাহরণ হিসেবে নেই। যেমনঃ

> ৯ × ১৭৬ = ১৫৮৪। ১৫৮৪ → ১ + ৫ + ৮+ ৪ = ১৮ → ১ + ৮ = ৯।

একই ভাবে যদি ৯ কে দ্বিগুণ করে কমাতে থাকি, যে প্যাটার্ণেও একই ফলাফল দেখা যাবেঃ

৯ → ৯

৪.৫ → ৪ + ৫ = ৯

২.২৫ → ২ + ২ + ৫ = ৯

১.১২৫ → ১ + ১ + ২ + ৫ = ৯

০.৫৬২৫ → ৫ + ৬ + ২ + ৫ = ১৮ → ১ + ৮ = ৯

০.২৮১২৫ → ২ + ৮ + ১ + ২ + ৫ = ১৮ → ১ + ৮ = ৯ ,ইত্যাদি

৯ এর রহস্য এখানেই শেষ নয়। আরো অনেক রহস্য এখনো বাকি আছে।

▶ ১ থেকে শুরু করে ৮ পর্যন্ত সব গুলো সংখ্যা যদি যোগ করি, যোগফল হবে ৩৬। ৩৬ → ৩ + ৬ = ৯।

▶ এবার বহুভুজ নিয়ে একটু চিন্তা করা যাকঃ

**i) ত্রিভুজের (Triangle) তিন কোণের সমষ্টি ১৮০°। এখন, ১৮০ → ১ + ৮ + ০ = ৯।**

**ii) চতুর্ভূজের (Rectangle) চার কোনের সমষ্টি ৩৬০°। ৩৬০ → ৩ + ৬ + ০ = ৯।**

**iii) পঞ্চভূজের (Pentagon) পাঁচ কোনের সমষ্টি ৫৪০°। ৫৪০ → ৫ + ৪ + ০ = ৯।**

**iv) ষড়ভূজের (Hexagon) ছয় কোনের সমষ্টি ৭২০°। ৭২০ → ৭ + ২ + ০ = ৯।**

**v) সপ্তভূজের (Heptagon) সাত কোনের সমষ্টি ৯০০°। ৯০০ → ৯ + ০ + ০ = ৯।**

**vi) অষ্টভূজের (Octagon) আট কোনের সমষ্টি ১০৮০°। ১০৮০ → ১ + ০ + ৮ + ০ = ৯।**

**vii) নবভূজের (Nonagon) নয় কোনের সমষ্টি ১২৬০°। ১২৬০ → ১ + ২ + ৬ + ০ = ৯।**

**viii) দশভূজের (Decagon) দশ কোনের সমষ্টি ১৪৪০°। ১৪৪০ → ১ + ৪ + ৪ + ০ = ৯। এমনকি যেকোনো বহুভুজের ক্ষেত্রেও এটি কার্যকর। প্রতিক্ষেত্রেই ৯ পাওয়া যাবে।**

▶ ত্রিকোণমিতির জ্ঞান হতে আমরা জানি, একটি পূর্ণচক্র হয় ৩৬০° তে। এবার এদেরকে ক্রমান্বয়ে দুইভাগ করতে থাকলে যা পাওয়া যাবেঃ

> ▶ i) *৩৬০° / ২ = ১৮০°; ১৮০ → ১ + ৮ + ০ = ৯।

ii) ১৮০° / ২ = ৯০°; ৯০ → ৯ + ০ = ৯।

iii) ৯০° / ২ = ৪৫°; ৪৫ → ৪ + ৫ = ৯।

iv) ৪৫° / ২ = ২২.৫°; ২২.৫ → ২ + ২ + ৫ = ৯।

v) ২২.৫° / ২ = ১১.২৫°; ১১.২৫ → ১ + ১ + ২ + ৫ = ৯।

vi) ১১.২৫° / ২ = ৫.৬২৫°; ৫.৬২৫ → ৫ + ৬ + ২ + ৫ = ১৮ → ১ + ৮ = ৯।

vii) ৫.৬২৫° / ২ = ২.৮১২৫°; ২.৮১২৫ → ২ + ৮ + ১ + ২ + ৫ = ১৮ → ১ + ৮ = ৯। *

এভাবে যত ছোট করা হোক না কেনো, প্রতিক্ষেত্রে যোগফল আসবে ৯।

> ▶ এবার বছর, মাস, সপ্তাহ , দিন এর হিসেব নিকেশে আসিঃ

*i) ১ দিন = ৮৬৪০০ সেকেন্ড। ৮৬৪০০ → ৯।

ii) ১ দিন = ১৪৪০ মিনিট। ১৪৪০ → ৯।

iii) ১ সপ্তাহ = ১০০৮০ মিনিট। ১০০৮০ → ৯।

iv) ১ মাস = ৪৩২০০ মিনিট। ৪৩২০০ → ৯।

v) ১ বছর = ৫২৫৬০০ মিনিট। ৫২৫৬০০ → ৯।*

> ▶ ৯ এর যেকোন ঘাত নিলে তার যোগফলও নয় হবে।

*i) ৯^১ = ৯ ।

ii) ৯^২ = ৮১ → ৯ ।

iii) ৯^৩ = ৭২৯ → ৯ ।

iv) ৯^৪ = ৬৫৬১ → ৯ ।

v) ৯^৫ = ৫৯০৪৯ → ৯ , ইত্যাদি।*

▶ এবার একটু জটিল হিসেবে আসা যাক। গণিতের একটি মজার এবং রহস্যময় প্যাটার্ণ হচ্ছে – ফিবোনাচ্চি সিকুয়েন্স। এটি হলো – ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ৫৫ ইত্যাদি। অর্থাৎ কোন পদ গঠন হবে এর পূর্ববর্তী দুটি পদের যোগফল হিসেবে। যেমন, ৫ ও ৮ এর পরের পদ হবে, (৫ + 8) =১৩। আবার, ৮ ও ১৩ এর পরের পদ হবে (৮+১৩) = ২১। বাস্তব জীবনে এই সিকুয়েন্সের উদাহরণ ব্যাপক। আবার এদের দ্বারা গোল্ডেন রেশিও পাওয়া যায়, যার উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। এই ফিবোনাচ্চি সিকুয়েন্স কে এবার অন্যভাবে দেখা যাক। প্রথম ১২ টি ফিবোনাচ্চি সংখ্যাঃ ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ৫৫, ৮৯, ১৪৪। প্রাপ্ত সংখ্যার অঙ্ক গুলোর যোগফল যদি নির্ণয় করি, তাহলে যে সংখ্যাগুলো পাবো, তা “A” চলকে প্রকাশ করে পর্যায়ক্রমে লিখা হলোঃ

> A = ১, ১, ২, ৩, ৫, ৮, ৪, ৩,৭, ১, ৮, ৯

একই ভাবে পরবর্তী ১২টি ফিবোনাচ্চি সংখ্যার কথা বিবেচনা করিঃ

> ২৩৩, ৩৭৭, ৬১০, ৯৮৭, ১৫৯৭, ২৫৮৪, ৪১৮১, ৬৭৬৫, ১০৯৪৬, ১৭৭১১, ২৮৬৫৭, ৪৬৩৬৮

একইভাবে এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল “B” চলকে প্রকাশ করে পর্যায়ক্রমে লিখা হলোঃ

> B = ৮, ৮, ৭, ৬, ৪, ১, ৫, ৬, ২, ৮, ১, ৯ ।

প্রতিবারেই যেটা লক্ষ্য করা যায়, ১২ তম পদের ক্ষেত্রে ৯ পাওয়া যায়। এবং চতুর্থ ও অষ্টম ঘরে ৩ বা ৬ পাওয়া যায়। এখানে একটি মজার বিষয় আছে, এবার A চলকের প্রথম পদের সাথে যদি B চলকের প্রথম পদ এবং পর্যায়ক্রমে বাকি পদ গুলো যোগ করি, তাহলে যা পাওয়া যাবে, তা হলোঃ

> ৯, ৯, ৯, ৯, ৯, ৯, ৯, ৯, ৯, ৯, ৯, ৯

পরবর্তী ফিবোনাচ্চি ১২ পদের সাথে এর পরবর্তী ১২ পদের এমন যোগফল নির্নয় করলে, সেখানেও একই ফলাফল দেখা যাবে।

**উপসংহারঃ**

মোটামুটিভাবে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যা গুলো কে ৩ ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে, ১,২,৪,৫,৭ ও ৮। দ্বিতীয়ভাগে, ৩ ও ৬। তৃতীয়ভাগে, শুধু ৯। প্রাচীণকাল থেকেই এই সংখ্যাগুলো একটা বিশেষ প্রভাব রয়েছে, বিভিন্ন ধর্ম এবং সমাজ ব্যবস্থায়। উদাহরনস্বরুপঃ মায়ের পেটে সন্তান ৯ মাস ধরে থাকার পরেই পরিপক্বতা পায়। ইসলাম ধর্মে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে রামাদান, যেটি আরবি নবম মাস। হিন্দুধর্মে নয় এর তাৎপর্য আরো অনেক লক্ষ করা যায়। হিন্দুধর্ম মতে নয় হচ্ছে ব্রহ্মার সংখ্যা। অনেকের মতেই ৯ হচ্ছে সৃষ্টিকর্তার নাম্বার, এর মধ্যে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। আবার অনেকের মতে, ৩ ও ৬ হচ্ছে শয়তানের সংখ্যা কিংবা Satanic Number. বাইবেল মতে, ৬৬৬ হচ্ছে ডেভিল’স নাম্বার। প্রাচীণ মিশরের গিজায় ৩টি বড় পিরামিড এবং ৩টি ছোট পিরামিড রয়েছে। মোট ছয়টি। অনেক গুপ্ত সংগঠন কিংবা Secret Society কে ৩ অথবা ৬ সংখ্যা দুটিকে বেশি ব্যবহার করতে দেখা যায়। আবার, অনেকের মতে তিন এর এক আলাদা তাৎপর্য রয়েছে। খ্রিস্টানরা Trinity বা ত্রিতত্ত্ব -এ বিশ্বাসী। মাত্রা কে দৈর্ঘ্য,প্রস্থ,উচ্চতা – এই তিনভাগে ভাগ করা যায়। আবার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ , এই তিনটি কাল রয়েছে। পদার্থের অবস্থা তিনটি – কঠিন, তরল, বায়বীয়। রাসুল (সাঃ) ও সাহাবীদের কোনো কথা বলার ক্ষেত্রে তিনবার করে বলতেন, যেনো কথায় অস্পষ্টতা না থাকে।