ADDICTION VS ADDICTION-DETOX

জীবনের বিভিন্ন পর্যায়ে যেসব এডিকশন ছিল এবং কিভাবে সেসব থেকে বেরিয়ে আসলাম, সেটা নিয়েই এই লিখাটা মূলত। এডিকশন বলতে এখানে বোঝানো হচ্ছে কোনো কিছুর উপর অতিরিক্ত মাত্রায় নির্ভরশীলতা। ভালো বিষয়ও যখন এডিকশন লেভেলে পৌছে যায়, সেটা আর ভালো থাকেনা।
জীবনের প্রথম এডিকশন বলতে গেলে, সেটা হবে “ক্রিকেট” খেলা দেখা। আমাদের বাসায় শুধু বিটিভি-ই চলেছে আমার সপ্তম শ্রেণী পর্যন্ত। এর কারণ হলো, আমার মায়ের ধারণা আমরা টেলিভিশনে বেশি সময় নষ্ট করে লেখাপড়া খারাপ করবো। শুধু বিটিভি হলে একটা চ্যানেলে সব সময় পছন্দমতো অনুষ্ঠান থাকবে না, তাছাড়া বিটিভি তে যেসব অনুষ্ঠান প্রচার করে তা অধিকাংশ মানুষেরই পছন্দ হবার কথা নয়। এরপরেও আমার অনেক পছন্দের অনুষ্ঠান ছিল। প্রতিদিন দুপুর অথবা বিকেল সময়টা তে একটা কার্টুন টাইপের অনুষ্ঠান থাকতোই। মিনা-রাজু, গর্জিলা, উডি উড পেকার, ইত্যাদি। সেসব অনুষ্ঠানই আমি দেখতাম। তাছাড়া বাংলাদেশের খেলা অথবা বিশ্বকাপে সকল দেশের খেলা। প্রত্যেক শনিবার সন্ধ্যায় রেসলিং দিতো ২০/২৫ মিনিট। সপ্তাহে একদিন রাতে “হাতিম” অথবা “আলিফ-লায়লা” টাইপের একটা সিরিজ দেখাতো। মাসখানেক পর পর ইত্যাদি দিতো। আবার কিছু ধারাবাহিক নাটক দিতো। মোটামুটি এসবই ছিল আমার দেখার মতো অনুষ্ঠান।
যখন কিছুটা হুশ জ্ঞান হওয়া শুরু হলো, ক্রিকেট খেলা দেখার প্রতি একটা আসক্তি শুরু হয়ে যায়। বিভিন্ন হসপিটালের রিসিপশন রুমে খেলা দেখাতো। জেঠাতো ভাইয়ের সাথে সেখানে গিয়ে খেলা দেখতাম। অনেক সময় রাতে খেলা দেখতে যেতে চাইলে আম্মুর প্রচুর বকাও খেতাম। ভারতের ভক্ত ছিলাম তখন, ধোনি শ্রীলঙ্কার সাথে এক ম্যাচে ১৮৩ রান করেছিল, ঐ ম্যাচ আমি “নোভা মেডিক্যাল” এর রিসিপশনে বসে দেখেছি। এক একটা চার ছয় এ আমি হাত তালি আর চিৎকার। বাকিরা খেলা দেখা বন্ধ করে উল্টা আমার দিকেই তাকিয়ে ছিল। সেখানের লোকজন আমাকে মোটামুটি চিনে গিয়েছিল, এক পিচ্চি খেলা দেখতে আসে, ভারতের অন্ধ ভক্ত। এমনকি আমার মা একবার ঐ হসপিটালে গিয়েছিল। তারা বলছিল, আপনার ছেলে কে তো আমরা চিনি, প্রায়ই খেলা দেখতে আসে।
ঢাকায় খালার বাসায় বেড়াতে আসলেও সবাই আমার উপর বিরক্ত থাকতো। সবার পছন্দ অন্য অনুষ্ঠান, আমার পছন্দ ক্রিকেট খেলা। সেটা হোক ওডিআই অথবা টেস্ট। এমনকি বহুবছর আগের খেলা হলেও চলবে। অনেক ম্যাচ ছিল, আমি বলে দিতে পারতাম কোন বলে কি হবে, কোন দিকে ছয় মারবে। যুবরাজ সিং ১২ বল-এ ৫০ রান করে রেকর্ড করেছিল, স্টুয়ার্ড ব্রডের ৬ বলে ৬টা ছয় মেরেছিল, আমার সব মুখস্ত ছিল। কোনদিকে কোন ছয় হয়েছিল। আরেকবার ভারত আর শ্রীলঙ্কার কোনো এক ফাইনাল ম্যাচ, সম্ভবত এশিয়া কাপ। শ্রীলঙ্কার ১ বলে ৫ রান দরকার। আমি ভারতের পক্ষে। আমার বাসার বাকি সবাই শ্রীলঙ্কার পক্ষে। শেষবলে ৬ মেরে শ্রীলঙ্কা জিতে যায়। নাফি এসে আমার কানের কাছে এসে চিৎকার করা শুরু করে। আমি রাগ করে এক থাপ্পড় বসিয়ে দিয়েছিলাম গালে। এতটাই অবসেশন ছিল ক্রিকেট নিয়ে।
এবার বর্তমানের কথা বলি, আমি বর্তমানে কোন দেশের স্কোয়াডে কে কে খেলে, তাও জানি না। আমার হল এ কমন রুমে সবাই খেলা দেখে, উইকেট গেলে অথবা চার-ছয় হলে সবাই চিৎকার দিয়ে ওঠে, আমি রুম থেকে শুনি। তাও নিচে গিয়ে খেলা দেখার আগ্রহ হয়ে ওঠে না। শেষ কবে টানা ৫ ওভার খেলা দেখেছি, নিজেও জানিনা। আর ভারতের প্রতি অন্ধ সাপোর্ট করা বন্ধ হয়ে গিয়েছিল আরেকটু বড় হয়ে যাওয়ার পরেই। ভারতের আইসিসি কে ম্যানিপুলেট করা, অনেক জায়গায় প্রভাব খাটানো, এসব দেখে। এরপর আস্তে আস্তে ক্রিকেট খেলা দেখা কমে যায়। কলেজে এসে শূন্যের কাতারে নেমে যায়।
এরপরের যে এডিকশন এসে ধরা দেয়, সেটা হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোনে আমার কোনো কাজ ছিলনা আসলে। স্কুলে মোবাইল হাতে নেয়া মানেই ফেসবুক ব্রাউজিং করা। অথবা কোনো প্রতিযোগিতা বা অনুষ্ঠানের জন্যে তথ্য নেয়ার দরকার হলে সেটা। মোবাইলের প্রতি অতিমাত্রায় নির্ভরশীলতা শুরু হয় নবম শ্রেনী তে থাকতে। বাসায় একা থাকতাম, আব্বু আম্মু ঢাকায় ছিল তখন। শাসন করার কেউ ছিলনা, সে সুযোগেই এই বদ-অভ্যাস ধরে বসে আমাকে। পরবর্তীতে একটা সময় পর বুঝতে পারি, আমি মোবাইল ফোনের কারনে পড়াশুনা, কো-কারিকুলার এক্টিভিটিজ-এ বাকিদের চেয়ে পিছিয়ে পড়ছি ক্রমশ। হুশ জ্ঞান আসার পর মোবাইল, ফেসবুক সব কিছু ফেলে নিজের জায়গায় ফেরত আসি। একই সমস্যার পুনরাবৃত্তি ঠেকাতে কলেজে ওঠার পর আমাকে আর স্মার্টফোনই দেয়া হয়নি। ক্যামেরা বিহীন ফোন চালিয়ে কোনো এডিকশন হবার কথা না। তাই হয়ও নি। আস্তে আস্তে মোবাইলের নেশা চলে যায়। এমনকি কলেজ জীবনে মাসের পর মাস ফেসবুক চালাইনি, এমনও হয়েছে। অনেকদিন পরে গিয়ে দেখি কয়েকশত নোটিফিকেশন। অনেকে বার্থডে উইশ করেছে জন্মদিনে, অথচ আমি ফেসবুকেই নেই।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শেষে মোটামুটি জীবন থেকে অনেক রেস্ট্রিকশন চলে গিয়েছে। মোবাইল নিয়ে আর কড়া কোনো বিধি নিষেধ নেই। ফেসবুকের আসক্তি আবার ক্রমশ পেয়ে বসেছে। বিষয়টা এমন নয় যে, অনেকের সাথে ফেসবুকে আমার কথা হচ্ছে। তবুও ফেসবুকে স্ক্রল করতেই থাকি। নিজেই একটা সময় পর নিজের উপর বিরক্ত হয়ে গিয়েছিলাম। যতক্ষণ আমি নিজের ফেসবুক পাসওয়ার্ড জানি, ততক্ষণ পর্যন্ত এখান থেকে নিস্তার পাবোনা, বুঝতে পেরেছিলাম। সেজন্যে যেটা করেছিলাম, ফেসবুকে “টু স্টেপ ভেরিফিকেশন” চালু করি। অর্থাৎ পাসওয়ার্ড দেয়ার পরেও মোবাইলে পাঠানো ভেরিফিকেশন কোড দিয়ে লগিন করতে হবে। অন্যথায় লগিন হবেনা। এরপর যে মোবাইলে আমার ফেসবুক একাউন্ট খোলা ছিল, সে সিম মোবাইল থেকে খুলে ফেলি। আর অনলাইন থেকে একটা ডামি পাসওয়ার্ড জেনেরেট করে সেটা ফেসবুক পাসওয়ার্ড দেই এবং একটা পৃষ্ঠায় লিখে রাখি। এরপর ঐ পাসওয়ার্ড যুক্ত পৃষ্ঠা আর সিম কে আম্মুর হাতে তুলে দেই, সাথে এটাও বলে দিয়েছিলাম – আমি চাইলেও যেনো এই দুইটা জিনিস আমাকে দেয়া না হয়। ফলাফলঃ পরবর্তী তিন মাসের বেশি আমি একবারের মতোও ফেসবুকে ঢুকিনি বা ঢুকতে পারিনি। এটা ছিল আমার ফেসবুক কে থামানোর কৌশল।
এছাড়া বাকি যেসব আসক্তি ছিল, তা সামান্য। সহজেই দূর হয়ে গিয়েছিল। লকডাউন সময়কালে অনেক মুভি-সিরিজ দেখার প্রতি আসক্তি শুরু হয়। পরবর্তীতে আবার ঠিকও হয়ে যায়। মাঝে একটা সময় বাইরে রেস্টুরেন্টে বেশি খাওয়ার বদঅভ্যাস শুরু হয়। ওজনও বেড়ে যায় দ্রুত। পরবর্তীতে বোধ করলাম যে, আমার ওজন কমাতে হবে। অযত্ন করে ওজন বাড়িয়েছি, এখন একটু বেশি কষ্ট করে সেটা কে আবার ঠিক জায়গায় আনতে হবে। প্রায় দুই মাসের মতো রাতে খাওয়া বন্ধ করে দেই। এমনকি ওজনও মাপিনি এতোদিনে। কারণ ওজন কিছুটা কমেছে শুনলেই আবার হাল ছেড়ে দিবো, তাই ওজন না জানাই ভালো। দেড় মাস পর ওজন মাপলাম, ওজন ১২ কেজি কমে গিয়েছে। মানে এবার আগের চেয়েও কমে নেগেটিভ দিকে চলে গিয়েছে।
সকালে ঘুম থেকে উঠতে উঠতে গড়িমসি হতো অনেক। বাসায় যেখানে ফজরের নামাজের জন্যে উঠতেই হতো, ঢাকায় জাগিয়ে দেয়ার মতো কেউ ছিলনা। তাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস টা চলে যাচ্ছিল। সেজন্যে একটা মাধ্যম খুজছিলাম, যেনো আমি বাধ্য হই ঘুম থেকে উঠতে। সে মাধ্যম হয়ে ধরা দেয় মার্শাল আর্ট। প্রতিদিন সকাল ৬ঃ৩০ এ ক্লাশ থাকে। তাই বাধ্য হয়েই তার আগে উঠতে হয়। অর্থাৎ আমার সমস্যা সমাধান হয়ে গেলো।
এছাড়া আর তেমন কোনো আসক্তি আমার আছে বলে মনে হয় না। চা,সিগারেট অথবা অন্যকিছু, কোনো কিছুরই আসক্তি কখনো ছিলও না, এখনো নেই। এমনকি জীবনে বলতে গেলে দুইবার সিগারেট হাতে নিয়েছি। হলের সিনিয়র ভাই কিনতে পাঠিয়েছিল তার জন্যে। আর কখনো ধরিনি। ক্যাম্পাসে কিংবা বাইরে বন্ধু দের সাথে আড্ডা দেয়ার আসক্তিও নেই। বরং আমার কখনো বড় বন্ধুদের সার্কেল ছিলো না। স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় সব ক্ষেত্রেই ২/৩ জন ঘনিষ্ঠ ছিল। আর রাজনীতি থেকে আমি বরাবরই একশ হাত দূরে ছিলাম। বাসা থেকেই কড়া ভাবে নিষেধ ছিল, রাজনীতি এবং মাদক, এই দুইটা থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে। আমিও সেই নীতিই অনুসরণ করে এসেছি।
কিন্তু একটা নেশা এখনো রয়ে গেছে, সেটা হলো যা চাই, ইন্সট্যান্টলি পেতে চাই। কোনো সিদ্ধান্ত কেই বেশিদিন ধরে পেন্ডিং রাখতে চাই না। যেটা করতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব এক্সেকিউট করার চেষ্টা করি। যেমন- হঠাৎ মাথায় আসলো, আমি অমুক জিনিস শিখতে চাই। আগে পরে কিছু না ভেবেই ২/১ দিনের মধ্যেই সেটা শুরু করে দেই। মাঝে মাঝে এটা দারুণভাবে কাজ করে, মাঝে মাঝে ফলাফল মারাত্মক হতাশ করে। পরে বুঝতে পারি, ভুল করে ফেলেছি। এই অভ্যাসের জন্যে কোনো রিগ্রেট নেই। বরং মাঝে মাঝে আরো এনার্জি লেভেল বুস্ট করে যখন দেখি প্ল্যানটা ভালোই কাজ করেছে। এই আসক্তিটাই শুধু রেখে দিতে চাই জীবনে। যেখানেই প্যাশন কাজ করবে, সমস্তটা দিয়েই লেগে যাবো সেখানে।
আমার বানানো একটা লিস্ট রয়েছে, “100 wishlists of my life”, সেটাই একটা রোডম্যাপ দিয়ে দিচ্ছে আমাকে। এবং উইশলিস্টের অনেক কিছুই আলহামদুলিল্লাহ পূর্ণ হয়ে গিয়েছে। বাকিগুলাও ইনশা-আল্লাহ পূর্ণ হয়ে যাবে। বাকিগুলো পূর্ণ করার জন্যে হলেও এই আসক্তি ধরে রাখতে হবে।