← All writing

সূচনা পোস্ট

Personal3 min read2022-02-25 · Hasibul Islam

সূচনা পোস্ট

এই ওয়েবসাইট টি আসলে শখের বশেই খোলা। খোলার পেছনে অনেক কারনও রয়েছে। অনেক সময়ই মাথায় অনেক কথা আসে, কিন্তু ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া তে শেয়ার করার মতো অবস্থা থাকে না এবং ইচ্ছাও হয় না। কারন অনেক ধরনের মানুষই আছে, যেটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ন, সেটি অনেকের কাছে প্রদর্শনের বস্তু বলে মনে হবে। তাই আমি আমার মতো আলাদা মিডিয়া খুজে নিয়েছি নিজের কথা বলার। এখানে সবাই আমার কথা দেখবে না, কেবল ইচ্ছুক মানুষরাই দেখবে। যার পছন্দ হবে না, সে দেখবে না। তাছাড়া, নিজের অবসর সময়ে কিছু একটা করে নিজেকে ব্যস্ত রাখাও যাবে এর মাধ্যমে। আরেকটা বিষয় হলো, একটা সময় পরে গিয়ে নিজের সব কথাগুলো নিজেও কম্পাইলড আকারে খুজে পাবো। সময়ের সাথে নিজের চিন্তা চেতনা, ভাবনার পরিবর্তন গুলোও ধরতে পারবো। এই ওয়েবসাইট কে অনেক দিন টিকিয়ে রাখার ইচ্ছা। বাকিটা আল্লাহর ইচ্ছা।

এটা আমার ব্যক্তিগত উপলব্ধি যে, যারা মুখে বলে সব প্রকাশ করতে পারে না, তারা ভালো লিখতে জানে। নিজের বেলায়ও এটাই মনে হয় যে, আমি লিখে নিজেকে ভালো প্রকাশ করতে পারবো। আর ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি নির্দ্বিধায়। তাই মাধ্যম হিসেবে ওয়েবসাইট কে বেছে নিলাম। আরেকটা বিষয় পরিষ্কার করা দরকার যে, ওয়েব ডেভেলপমেন্ট আমি আমার ভালো লাগা থেকেই করি, এখানে কোন কমার্শিয়াল চিন্তা-ভাবনা নেই। আমি নিজেই অনেক সুযোগ ছেড়ে দিয়েছি।

কি কি ধরনের পোস্ট থাকবে? মূলত ৩ ভাগে পোস্ট থাকবে। যেমনঃ

**ব্যক্তিগত পোস্টঃ**

এ ধরনের পোস্ট গুলো ক্যাজুয়াল ভাষায় লিখা হবে। ব্যক্তিগত অনেক ঘটনা চলে আসবে এসব পোস্টে। তবে যথা সম্ভব চেষ্টা করা হবে, কাউকে ব্যক্তিগত ভাবে ছোট না করা। আর মানুষ হিসেবে আমরা কেউ ভুল ত্রুটির উর্ধ্বে নই। যদি প্রকাশভঙ্গি দৃষ্টিকটু বলে মনে হয়, অবশ্যই আমাকে মেইল করে জানানোর অনুরোধ থাকবে। আমি নিজেকে আরো নিখুত করার চেষ্টা করবো। আর এসব ঘটনায় আমি নিজের অভিজ্ঞতা তুলে ধরবো, কোন রকম ম্যানিপুলেশন, আধিক্যতা এবং আংশিক উপস্থাপনা ছাড়া।

**শিক্ষনীয় পোস্টঃ**

এসব পোস্টে এমন বিষয়াদি আসবে, যা আমি নিজে উৎসাহী ছিলাম ছোট বেলায়। যেমনঃ আমার কোড ও সাইফার অনেক পছন্দের ছিল। এনক্রিপ্টেড মেসেজ কে ডিকোড করে মজা পেতাম। এছাড়াও স্কাউট এবং অন্যান্য অনেক মাধ্যমে শেখা বিষয়াদি আমার মতো করে তুলে ধরবো। আপেক্ষিক তত্ত্ব, টাইম ডায়ালেশন, টুইন প্যারাডক্স, টাইম ট্রাভেল, প্যারালাল ইউনিভার্স, পারসোনালিটি টাইপ ও বৈশিষ্ট্য ইত্যাদি ব্যাপারে আমি নিজে অনেক আগ্রহী ছিলাম। সেসব নিয়ে লিখার ইচ্ছা রয়েছে।

এ ধরনের পোস্ট আমি ছাড়াও সবার জন্যে উন্মুক্ত রাখলাম। কেউ যদি কোন আর্টিকেল লিখতে চায়, আমি সাদরে গ্রহণ করবো। যদি প্রকাশ উপযোগী হয়, আমি পাবলিশ করবো এখান থেকে। পোস্ট লিখে পাঠানোর জন্যে ওয়েবসাইটের ফুটারে দেয়া মেইলে পোস্ট এবং সংশ্লিষ্ট ছবি (যদি থাকে) পাঠানোর জন্যে অনুরোধ করা গেলো।লিখার বিষয় যেকোন কিছুই হতে পারে, কিন্তু বিতর্ক সৃষ্টিকারী বিষয়াদি ছাড়া। লেখকের নাম উল্লেখপূর্বক পোস্ট করা হবে।

**ধর্মীয় পোস্টঃ**

রাসুল (সাঃ) এর সীরাহ এবং এর পরবর্তী অনেক ঘটনাবলি অনেক মুসলিমরাই জানে না। আমি নিজেও পুরোপুরি জ্ঞান রাখি না। তবে আমি আমার জানার মধ্যে অনেক বিষয়াদি তুলে ধরতে আগ্রহী। আমার কাছে যেমন ঘটনা অনেক তাৎপর্য্যময় বলে মনে হয় এবং আমার নিজের মোটামুটি জানা আছে, সেসব বিষয় নিয়েই লিখা হবে। আশাকরি বিতর্ক সৃষ্টি করে, এমন কিছু এখানে লিখা হবেনা।

যে কেউ চাইলে ধর্মীয় পোস্ট লিখেও পাঠাতে পারেন। যদি প্রকাশ উপযোগী হয়, তবে লেখকের নাম উল্লেখপূর্বক তা প্রকাশ করা হবে।